বৃষ্টি কমলে শৈত্যপ্রবাহ! (ভিডিও)
বৃষ্টি ও ঘনকুয়াশা কেটে গেলে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় শীত জেঁকে বসবে। আগামী দুই-তিন দিনের মাথায় নামতে পারে শৈত্যপ্রবাহ। মাসের বাকি সময়জুড়ে থেমে থেমে শৈত্যপ্রবাহ থেকে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।আজ সোমবার পশ্চিমা ও পুবালি লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দুপুরে একচিলতে রোদের ঝিলিক দেখা গেলেও দিনের বেশির ভাগ সময়জুড়ে আকাশ ছিল মেঘলা। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া রাজধানীবাসীর কষ্ট ও ভোগান্তি বাড়িয়ে দেয়।আবহাওয়া বিভাগ জানিয়েছে, কাল মঙ্গলবারও দেশের উত্তরাঞ্চলসহ দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী বুধবার থেকে বৃষ্টি কমে গিয়ে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা কমতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ এ ব্যাপারে প্রথম আলো অনলাইনকে বলেন, কাল দেশের উত্তরাঞ্চল ছাড়া বেশির ভাগ এলাকায় রোদের দেখা মিলতে পারে। জলীয়বাষ্প না থাকায় হিমেল হাওয়া বাংলাদেশে প্রবেশ করে শীত বাড়িয়ে দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বাংলাদেশে শীতের প্রধান কারণ সাইবেরিয়া থেকে ভেসে আসা হিমেল হাওয়া বা উপমহাদেশীয় উচ্চচাপ বলয়। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এটি বাংলাদেশের ওপর অবস্থান করায় শৈত্যপ্রবাহ হয়েছিল। বর্তমানে এটি ভারতের উত্তর-প্রদেশ ও দিল্লির ওপর অবস্থান করছে। জলীয়বাষ্প ও ঘনকুয়াশার কারণে এটি বাংলাদেশের আকাশসীমায় আসতে পারছে না।চলতি মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ এবং অন্যান্য স্থানে দুই-তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।আজ রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে খুলনায় ২২ মিলিমিটার।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের জন্য দেওয়া কৃষি পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশা থাকায় চলতি সপ্তাহে আলুর খেতে লেট ব্রাইট রোগের আশঙ্কা আছে। ফলে আলুর জমিতে ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।