কয়েক দিন আগে প্রথমবার মহাসড়ক পরিদর্শনে এসে কাদা-জলে না নেমে গাড়িতে বসেই কথাবার্তা সেরেছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তবে গতকাল সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসে পৌঁছে গাড়ি থেকে মাটিতে নামলেন। আশ্বাস দিলেন, ঈদের আগেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচলের উপযোগী হয়ে যাবে। তবে মন্ত্রীর পরের কথাতেই ছিল সংশয়—বলেন, ‘ভারী বৃষ্টি হলেই সব শেষ হয়ে যাবে।’আবহাওয়া বিভাগের সংবাদ হচ্ছে, ২৪ আগস্ট পর্যন্ত এই অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ২৪ আগস্টের পর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। সে ক্ষেত্রে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল পথে চলাচলকারী প্রায় ১২টি জেলার মানুষের ঈদে বাড়ি যাওয়া চরম দুর্ভোগে পরিণত হতে পারে। একই সঙ্গে সারা দেশের অন্য বেহাল সড়ক-মহাসড়কও চলাচলের আরও অনুপযোগী হয়ে পড়বে।গত কয়েক দিনের রোদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদা-জল শুকিয়েছে। তবে বড় বড় গর্ত এখনো রয়ে গেছে। কিছু কিছু স্থানে গর্তের গভীরতা ও আকার এত বেশি যে, গাড়ির গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটারে নেমে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।গতকাল যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে ভোগড়া বাইপাস মোড়ে বিধ্বস্ত সড়ক মেরামত চলছিল। এ সময় গাজীপুর চৌরাস্তা থেকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত সড়কের এক পাশে যানজট সৃষ্টি হয়। মন্ত্রী গাজীপুরের মাওনায় নেমেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।ভোগড়ায় সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঈদের আগে সড়ক যান চলাচলের মতো উপযোগী হয়ে পড়বে। তবে এর মধ্যে ভারী বৃষ্টি হলে মেরামত বাধাগ্রস্ত হবে এবং সড়কের অবস্থা আবারও খারাপ হয়ে যেতে পারে।’এত দিন মেরামত না করে বর্ষাকালে কেন মেরামতের তোড়জোড়—এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘বরাদ্দের ঘাটতি আছে। সে জন্য মেরামত সম্ভব হয়নি।’ অর্থমন্ত্রী বলছেন, বরাদ্দ সমস্যা নেই। আপনি বলছেন, বরাদ্দ নেই। আপনাদের দুজনের মধ্যে কে অসহায় বা কে কার কাছে জিম্মি—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা কেউ কারও কাছে জিম্মি বা অসহায় নই।’ সারা দেশের মহাসড়কের বেহাল অবস্থার দায় নিয়ে পদত্যাগ করবেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমার তো বরাদ্দ ছিল না। এ ধরনের প্রশ্ন করার আগে আপনাদের নিজে ভাবা উচিত।’জোড়াতালির মেরামত: মন্ত্রীর আগমন উপলক্ষে ভোগড়া বাইপাসে কিছু অংশের গর্ত খোয়া-বালু দিয়ে ভরাট করে পিচ ঢালা হয়েছে। তবে কয়েক শ গজ বাদ দিলে ভোগড়া থেকে মাওনা পর্যন্ত ৩০ কিলোমিটার পথের প্রায় পুরোটাতেই গভীর গর্ত দেখা যায়। মহাসড়কের বিভিন্ন স্থানে ইট ফেলে রাখা হয়েছে। তবে এখনো পুরোদমে মেরামত শুরু হয়নি।সরেজমিনে দেখা গেছে, ভোগড়া বাইপাস ছাড়াও গাজীপুর জাতীয় উদ্যানের ১ ও ৬ নম্বর গেট, রাজেন্দ্রপুর বাইপাস, বিমানবাহিনীর কার্যালয়ের সামনে, জ্যোৎস্না ফিলিং স্টেশন এবং মাওনার প্রায় ছয় কিলোমিটার পথে এক থেকে পাঁচ ফুট চওড়া ও গভীর গর্ত দেখা গেছে। এসব গর্তে জমে থাকা পানি শুকিয়ে গেছে। তবে এখনো যান চলে হেলেদুলে। গর্ত পেরোনোর সময় যানের চাকার ঘর্ষণে জোরে মড়মড় শব্দ হয়।জ্যোৎস্না ফিলিং স্টেশন থেকে মাওনা বাজার পর্যন্ত পাঁচ-ছয় কিলোমিটার পথ যেতে সাংবাদিকবাহী বাসের সময় লেগেছে পাক্কা দুই ঘণ্টা।মাওনা বাজারে যোগাযোগমন্ত্রী আরেক দফা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সড়কের দুরবস্থার জন্য মানুষের কাছে ক্ষমা চাইবেন কি না—মন্ত্রীকে সেখানে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এর জন্য প্রাকৃতিক দুর্যোগ (অধিক বৃষ্টিপাত) এবং রাস্তার পাশে বহুতল ভবন করে পানিনিষ্কাশন-ব্যবস্থা বন্ধ করে দেওয়াই দায়ী। এ জন্য আমি দায়ী নই। তবে যেহেতু আমি মন্ত্রী, তাই কিছুটা দায় তো নিতেই হবে। মানুষের কষ্টের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’সৈয়দ আবুল হোসেন জানান, মাওনা বাজারে সওজের জায়গায় গড়ে ওঠা কিছু অবৈধ স্থাপনা অপসারণে আজ রোববার থেকে অভিযান শুরু হবে।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাওনা বাজারে স্থানীয় বাসিন্দারা মন্ত্রীকে লক্ষ্য করে নানা তির্যক মন্তব্য করেন। একজন বলেন, ‘সরেন, একটু মন্ত্রীকে দেখে নিই।’ আরেকজন বলেন, ‘আমাদের এত দিন পানিতে রেখে মন্ত্রী কোনো উদ্যোগ নেননি। এখন শেষ সময়ে এসে তোড়জোড় শুরু করেছেন।’স্থানীয় দোকানি শামীম শেখ বলেন, ‘কয়েক দিন নিম্ন মানের ইট বিছানো হয়েছিল। সেগুলো যে কোথায় গেছে, এর কোনো ইয়ত্তা নেই। এখন ইট এনে রাখা হচ্ছে। দেখা যাক, কত দূর কী হয়।’যোগাযোগমন্ত্রী দুই দফা মহাসড়ক পরিদর্শনে গাজীপুর গেলেও ময়মনসিংহ অংশে যাননি।মাওনা বাজারে কথা হয় ট্রাকচালক রুস্তম আলীর সঙ্গে। তিনি বলেন, মাওনার পর ভালুকার সিডস্টোর, স্কয়ারের কারখানা, ভালুকা বাজারসহ অসংখ্য স্থানে বড় বড় গর্ত হয়ে গেছে। গতকালও ভালুকায় গর্তে পড়ে তাঁর ট্রাকের চাকা ফেটে যায়।এই পথে চলাচলকারী ড্রিমল্যান্ড পরিবহনের চালক হেলাল উদ্দিন বলেন, ‘গর্তের কারণে খুব কম গতিতে বাস চালাতে হয়। তাই ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে ৭ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।’ সড়ক ভালো থাকা অবস্থায় হেলাল এই পথ দুই থেকে তিন ঘণ্টায় পাড়ি দিতেন।বিআরটিসি বন্ধ: ৯ আগস্ট ঢাকা-ময়মনসিংহ পথে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর ১৫ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাস চালু করা হয়। কিন্তু চার দিন না যেতেই সেই বাস বন্ধ হয়ে গেছে। বিআরটিসির একটি সূত্র জানায়, কোরিয়া থেকে আনা ৩০টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস এ পথে চালানো হয়। কিন্তু বিধ্বস্ত সড়কে তিন দিন চালানোর পরই বাসে নানা সমস্যা দেখা দেয়। অনেক বাসের যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ থাকায় কয়েক দিন বিধ্বস্ত সড়কে বাস চালাতে হয়েছে।গতকাল এই বিষয়ে যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নষ্ট হয়ে যাবে বলে বিআরটিসির বাস বন্ধ করা হয়নি। বেসরকারি মালিকেরা বাস বন্ধ রেখেছিলেন বলে বিকল্প হিসেবে বিআরটিসির বাস নামান তাঁরা। এখন আর প্রয়োজন মনে করছেন না। পরে দরকার হলে আবারও নামানো হবে।সারা দেশের বেহাল সড়ক: গতকাল সওজের প্রধান প্রকৌশলী মহাসড়ক পরিদর্শনে গিয়ে জানান, সারা দেশে এক হাজার ৫০০ কিলোমিটার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তবে সওজ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হিসাবে বলা হয়, সারা দেশে সাড়ে ৩০০ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৫৩০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ও এক হাজার ৫০০ কিলোমিটার জেলা সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।সওজ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে হিসাব দেওয়া হয়েছে, তা সর্বশেষ চিত্র নয়। সারা দেশে সওজের সড়ক-মহাসড়ক আছে প্রায় ২১ হাজার কিলোমিটার। এর শতকরা ৬০-৭০ ভাগই এখন ভাঙাচোরা, গভীর গর্তে ভরা ও একেবারে বিধ্বস্ত।সওজ থেকে জানানো হয়, এবার রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ ৬৯০ কোটি টাকা। সেটাও শর্ত সাপেক্ষে ছাড় করা হয়েছে। বিশেষ রক্ষণাবেক্ষণ প্রকল্পে এক হাজার ৪১০ কোটি টাকার বদলে দুই বছরে ছাড় করা হয়েছে মাত্র ১০৭ কোটি টাকা। এ ছাড়া উন্নয়ন প্রকল্পে বরাদ্দ আছে এক হাজার ৮২৪ কোটি টাকা। অবশ্য এর বাইরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক হাজার ২০০ কোটি টাকার সড়ক রক্ষণাবেক্ষণ ও নির্মাণ প্রকল্প চলমান। এডিবিরই প্রায় সাড়ে ৬০০ কোটি টাকার একটি সড়ক মেরামত প্রকল্প শেষ হয়েছে।এত প্রকল্প ও বরাদ্দ থাকার পরও সড়কের এই অবস্থা কেন—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব সড়ক মেরামতে পাঁচ হাজার ১০০ কোটি টাকা দরকার। কিন্তু তা পাওয়া যাচ্ছে না। কেন—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সওজের লোকজনের ভাবমূর্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন টাকা চাইলেই পাওয়া যায় না।’ অর্থ মন্ত্রণালয়ের টাকা ছাড় করার বিষয়ে তিনি বলেন, ‘তারা বলুক, তোমাদের টাকা দেওয়া হবে না। নিজের টাকা নিজে জোগাড় করো। তখন আমরা মেরামতে বিদেশ থেকে অর্থ নিয়ে আসব। সেই টাকা ১০-১২ বছরে পরিশোধ করব।’