বৃষ্টি হলেই উদ্বিগ্ন হয়ে পড়ি: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘সারা দেশের সব রাস্তা ভালো হয়ে গেছে বা কার্পেটিং করা হয়ে গেছে, এমনটা বলতে পারি না। তবে সার্বিকভাবে বলতে গেলে মনে হচ্ছে, রাস্তার অবস্থা অনেক ভালো। বৃষ্টি হলেই আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। গত দুই দিনের বৃষ্টিতে সড়কের অবস্থা কী হয়েছে, তা দেখার জন্যই আজ এখানে এসেছি।’সংস্কারকাজ হওয়ার পরও জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক আবারও নষ্ট হচ্ছে—এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে কার্পেটিং উঠে যাচ্ছে। তবে সংস্কারকাজ বন্ধ হয়নি। সংস্কারকাজ চলছে এবং সারা বছরই চলবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ব্যাপারে তিনি বলেন, ‘ওই সড়কের কোনাবাড়ী এলাকায় রাস্তার অবস্থা খারাপ। সে খবর আমাদের কাছে আছে। সেখানে কাজ চলছে, শিগগিরই মেরামতের কাজ শেষ হবে।’আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় সড়ক ও জনপথের পরিদর্শন বাংলোয় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমরা যেসব এলাকায় কাজ করেছি, সেগুলো দেখে মনে হচ্ছে না কিছুদিন আগে রাস্তাগুলো এত খারাপ ছিল। সংস্কারকাজ হওয়ার পর ওই সব রাস্তায় যানবাহন ভালোভাবে চলছে।’ সরেজমিনে দেখা গেছে, গাজীপুর সদর উপজেলার দীঘিরচালা, টেকনগর, ভোগরা বাইপাসসহ বিভিন্ন এলাকার সড়কগুলোয় কয়েক দিন আগে করা কার্পেটিং উঠে যাচ্ছে। এ ছাড়া বেশ কয়েকটি স্থানে কার্পেটিং ফুলে গিয়ে সরে যাচ্ছে।পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী আ. কুদ্দুস, ঢাকা বিভাগীয় প্রকৌশলী মো. সাহাবুদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান প্রমুখ