প্রায় চার লাখ জনবসতিপূর্ণ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ চলছে পুরোনো জরাজীর্ণ ভবনে। জনবল সংকটের কারণে রোগীরা ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।২৮ আগস্ট সরেজমিনে হাসপাতালের বারান্দায় ঘোরাফেরা করা রোগী গাংনীর কসবা গ্রামের আমিরুন নেছা বলেন, ‘শরীলে রোগ বাসা বেঁধিছে। দম নিতি কষ্ট হয়। বুকে চিনচিন বেদনা করে। পড়ি গিয়ি হাত ভেঙিছে। তাই ভর্তি হতি হসপিটালে এইনু। কিন্তু ডাক্তাররা ভর্তি নিলু না, শুধু ওষুধ দিনু।’ হাসপাতালের অভ্যন্তরে ঢুকে দেখা গেল, কিছুসংখ্যক চিকিৎসক আছেন, যাঁরা সারা দিন বহির্বিভাগে রোগী দেখে শেষ করতে পারেন না। একজন ওয়ার্ডবয়কে দেখা গেল, জরুরি বিভাগে যাওয়া রোগীর কাটা-ছেঁড়াসহ ব্যান্ডেজ-সেলাইয়ের কাজ করছেন। তিনি বলেন, ‘৩০ বছর ধরে ডাক্তারদের কাজ দেখে সব কাজ শিখে ফেলেছি। তা ছাড়া ডাক্তারদের সময় কই, এসব কাজ করার।’ হাসপাতাল ভবনের চারদিকে দেখা গেল ময়লা-আবর্জনা। পানির লাইন আছে, কিন্তু লাইন দিয়ে পানি পড়ে না। বর্ষাকালে দোতলা ভবনের প্রায় সব স্থান দিয়েই পানি চুইয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ায় অধিকাংশ বাতি জ্বলে না। ভবনের চতুর্দিকের পলেস্তারা খসে পড়ছে। স্যুয়ারেজ লাইন বন্ধ। ফলে তীব্র দুর্গন্ধ ও অপরিছন্নতা হাসপাতালকে ভর করেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, ‘এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে প্রায় নয় শ রোগী ভিড় করে। জরুরি বিভাগে আসে প্রায় ২০০ জন। ভর্তি করার মতো রোগী আসে প্রতিদিন প্রায় ১০০ জন। অথচ বহির্বিভাগে রোগীদের কোনো রকমে চিকিৎসাপত্র দেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। জরাজীর্ণ ভবনের কারণে আমরা রোগী ভর্তি করে নিতে পারি না। ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের পদ ২৯টি। আছেন মাত্র ১০ জন। শূন্য আছে ১৯টি চিকিৎসকের পদ। সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেস্থেসিয়া, শিশু, অর্থোপেডিক্স, চক্ষু, কার্ডিওলজিস্টসহ ৯টি বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ১৪ জন নার্সের স্থলে আছেন মাত্র তিনজন। ১০ জন স্বাস্থ্য সহকারী এবং দুজন সহস্বাস্থ্য সহকারীর পদ শূন্য আছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৮৪টি পদের মধ্যে ৩৪টিতে লোক নেই। ফলে কে কার হুকুম শোনে, এমন অবস্থা। সুইপার পদে নয়জনের স্থলে আছে মাত্র দুজন। হাসপাতালে নেই প্রয়োজনীয় আসবাবপত্র। চরম স্থান সংকুলানের মধ্যে কাজ করতে হয়। এখানে পর্যাপ্ত ওষুধের সরবরাহও নেই। দীর্ঘদিন কনডেমনেশন বোর্ড না হওয়ায় পুরোনো নষ্ট হওয়া অব্যবহূত মালামাল যত্রতত্র পড়ে আছে। এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে। বারবার মেরামত করেও সচল করা যায়নি মেশিনটি। নতুন এক্স-রে মেশিনের জরুরি প্রয়োজন উল্লেখ করে পত্র দেওয়া হলেও সাত বছরে একটিও এক্স-রে মেশিন আসেনি। এ ছাড়া বহির্বিভাগ, ওয়ার্ড, চিকিৎসকদের অফিস—সব স্থান দিয়েই পানি পড়ে। স্টোরে পানি পড়ে বলে প্রতিবছর অনেক ওষুধ নষ্ট হয়। হাসপাতালে নেই কোনো আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি। হাসপাতালের এসব সমস্যা সমাধানে অসংখ্য পত্র দিয়ে অনেক কাগজ খরচ হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি।’গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, দীর্ঘদিন চিকিৎসা না পেয়ে মানুষ ভুলেই গেছে, গাংনীতে সরকারি কোনো হাসপাতাল আছে। এমন অবস্থা চলতে থাকলে গাংনীবাসী হাসপাতাল নিয়ে গণ-আন্দোলন তৈরি করতে বাধ্য হবে।