বৃষ্টি হলেই জলাবদ্ধতা, ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শেখপুর হাটে বর্তমানে ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, অপরিকল্পিতভাবে দোকানঘর তৈরি করা হয়েছে এবং পানি সরার জন্য নালার ব্যবস্থা নেই। হাটের মধ্যে কিছু স্থানে ইট বিছানো হলেও বেশির ভাগ জায়গায় কাঁচা মাটি। বাজারে রাস্তার ওপর ও হাট বসার স্থানে বৃষ্টির পানি জমে পুকুরের মতো হয়ে আছে। বিক্রেতারা তাঁদের কাঁচামাল বিক্রয় করতে বসার জায়গা পান না। অনেক বিক্রেতা তাঁদের সবজির ঝাঁকা মাথায় নিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে আছে। আবার কেউ রাস্তার পাশে কোনো রকম বসে বিকিকিনি করছেন। এ সময় সবজি বিক্রেতা সবোর আলী বলেন, ‘পুঁইশাক বেচতে আইছিলাম। কিন্তু বৃষ্টির পানির লাইগা আডে (হাটে) বহার কোনো জাগা পাইলাম না। খাড়াইয়া খাড়াইয়া মাত্র ৭৬ টাহা বেচছি। প্রত্যেক বছরেই বৃষ্টির দিন আইলে আমাগো ব্যবসা চাঙ্গে ওডে। কী করমু কন, সরকার থিকা তো আডের খাজনা ঠিকই নেয়। তাইলে আডটা একটু ঠিক কইরা দিতে পারে না।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফারুক বলেন, উপজেলার বাঁশকান্দি, বহেরাতলা, ভাণ্ডারীকান্দি, সিলারচর, উমেদপুর, ধুরাইলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা এই হাটে আসে। কিন্তু একটু বৃষ্টি নামলেই রাস্তার মধ্যে পানি জমে যায়। এ ছাড়া যেখানে হাট বসে, ওই জায়গাটা নিচু বলে বৃষ্টির পানি জমে পুকুরের মতো হয়ে যায়। ফলে ক্রেতা-বিক্রেতাদের সমস্যা হয়।শেখপুর হাট বণিক সমিতির সাবেক সভাপতি আবুল বাসার মুন্সী বলেন, একটু বৃষ্টি হলে হাটে পানি জমে থাকে। আর এ পানি প্রায় আট থেকে ১০ দিন পর্যন্ত থাকে। শিগগিরই নিচু এলাকায় মাটি না ফেলা হলে ভারী বর্ষণের সময় ব্যবসায়ীদের অনেক ক্ষতি হবে। এ ছাড়া হাটের টোল ঘরটির অবস্থা খুবই খারাপ।শেখপুর হাটের ইজারাদার রিপন মাদবর বলেন, ছয় লাখ ১৭ হাজার ৫০০ টাকা দিয়ে হাটের ডাক নেওয়া হয়েছে। কিন্তু হাটে ক্রেতা-বিক্রেতা দিন দিন কমে যাচ্ছে। তা ছাড়া জলাবদ্ধতার কারণে মাঝেমধ্যেই ব্যবসা খারাপ হওয়ায় ব্যবসায়ীরা খাজনা দিতে চান না। এতে খাজনা আদায় কম হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘শেখপুর হাটের জলাবদ্ধতার কথা আমি শুনেছি। খুব শিগগির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধান করার চেষ্টা করব।’