বৃষ্টি হলেই জলাবদ্ধতা, যেখানে-সেখানে আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বড়লেখা পৌর এলাকায় একটু বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতার। অন্যদিকে মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা-চান্দগ্রাম সড়কের বড়লেখা পৌর এলাকায় রাস্তার দুই পাশে বসছে কাঁচামালের অসংখ্য দোকান। শহরের একাধিক স্থানে ছোটবড় গাড়ির স্ট্যান্ড রয়েছে। এতে প্রায় প্রতিদিনই শহর এলাকায় তৈরি হচ্ছে যানজটের। শহরের বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। পৌরসভার অন্যতম হাজীগঞ্জ বাজারের অভ্যন্তরের রাস্তাসহ বিভিন্ন এলাকার রাস্তা জলাবদ্ধতার কারণে ভেঙেচুরে গেছে। কোনো রাস্তার পাশ খালের মধ্যে ধসে পড়ছে।অন্যদিকে পৌরসভা প্রতিষ্ঠার প্রায় নয় বছর চলছে। কিন্তু এখনো পৌরসভার একটি নিজস্ব ভবন তৈরি হয়নি। একটি পুরোনো ও পরিত্যক্ত মিলনায়তনকে মেরামত করে চলছে প্রতিদিনের কার্যক্রম। এ ছাড়া কোনো কোনো এলাকায় উন্নয়ন কম হয়েছে বলেও কারও কারও অভিযোগ রয়েছে। এ সমস্যার কথা যেমন এলাকাবাসী জানালেন, তেমনি জনপ্রতিনিধিরাও অনেক সমস্যার কথা স্বীকার করলেন।বৃষ্টি হলেই জলাবদ্ধতা: বড়লেখা পৌরবাসী জানালেন, বড়লেখা পৌরসভায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা। একটু বৃষ্টি হলেই শহরের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় পানি বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পানি যাওয়ার অনেক নালাই (ড্রেন) ভেঙেচুরে ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই নারা উপচে রাস্তার ওপর ও বাসাবাড়িতে নোংরা পানি ঢুকে পড়ছে। এলাকাবাসী জানিয়েছেন, জলাবদ্ধতার অন্যতম শিকার হচ্ছেন পৌরসভার পূর্বাঞ্চলের হাটবন্দ এলাকার বাসিন্দারা। এই এলাকা বৃষ্টি হলেই পানিতে সয়লাব হয়ে যায়। অন্যদিকে রেললাইনের পশ্চিম দিকে গাজীটেকা এলাকায়ও একই রকম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই পানি ফুলেফেঁপে উঠছে। এলাকাবাসী জানান, বৃহত্তর বারইগ্রাম ও গাজীটেকা এলাকায় পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য ও বৃহত্তর বারইগ্রাম-গাজীটেকা এলাকার বাসিন্দা জাবেদুল ইসলাম প্রথম আলোকে জানান, পৌরসভার নয় বছর হয়ে গেছে। কিন্তু বৃহত্তর বারইগ্রাম-গাজীটেকা এলাকায় কোনো উন্নয়নকাজ হয়নি। এই এলাকায় নালার ব্যবস্থা নেই। বৃষ্টি হলেই বাড়িঘরে পানি উঠে যায়। তিনি আরও জানান, বারইগ্রাম, আইলাপুর, বাঁশতলা, মুড়িরগুল, উত্তর চৌমোহনীসহ বারইগ্রাম-গাজীটেকা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। রেলওয়ে স্টেশন থেকে আল আমীন বিল্ডিং পর্যন্ত বৃষ্টি হলেই পানি জমে থাকে। এই এলাকায় নালা আছে, কিন্তু নানা কারণে এই নালা দিয়ে পানিনিষ্কাশন হয় না। একইভাবে বড়লেখা-চান্দগ্রাম রাস্তার চেয়ারম্যান বাড়ির সামনে বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পৌর শহরের হাজীগঞ্জ বাজারের প্রাণকেন্দ্র পুরাতন হাসপাতাল রাস্তায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সুষ্ঠু পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আরকে লাইসিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা আসা-যাওয়া করতে গিয়ে সমস্যায় পড়ে। এ ছাড়া উপজেলা ভূমি অফিস ও বড়লেখা সদর ইউনিয়ন তহশীল অফিস এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে রিকশাচালকেরা মাত্র ৫০ হাত রাস্তা পার করতে ১০ টাকা আদায় করে নেন। বিদ্যালয়গামী ছাত্রছাত্রীরাও এই বাড়তি উপদ্রবের শিকার হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পৌরসভার পানি বেরিয়ে যাওয়ার প্রধান দুটি খাল হচ্ছে উত্তরে ষাটমাছড়া ও দক্ষিণে নিখরিছড়া। দীর্ঘদিন ধরে এ দুটি খাল সংস্কার করা হয়নি। দুটি খালই পাথারিয়া পাহাড় থেকে বেরিয়ে এসে হাকালুকি হাওরের সঙ্গে গিয়ে মিশেছে। ষাটমাছড়া পৌর এলাকায় পড়েছে প্রায় আড়াই কিলোমিটার এবং নিখরিছড়ায় প্রায় দেড় কিলোমিটার। খাল দুটির অনেক স্থানই ভরাট হয়ে গেছে। কোনো কোনো স্থানে এলাকার লোকজন বাঁশ, গাছপালা লাগিয়ে দখল করে নিচ্ছে। বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পৌরসভার উদ্যোগে একবার খাল দুটির আগাছা পরিষ্কার করা হয়েছিল। এ ছাড়া আর কোনো সংস্কার হয়নি।ফুটপাত বেদখল, রাস্তায় স্ট্যান্ড: মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা-চান্দগ্রাম সড়কের বড়লেখা পৌর এলাকায় রাস্তার দুই পাশে প্রায় নিয়মিত বসছে কাঁচামালের দোকান। সরেজমিনে দেখা গেছে, মৌসুমি নানা সবজি ও ফল নিয়ে অসংখ্য দোকানি পসরা সাজিয়ে বসে আছেন। মানুষকে বাধ্য হয়ে ফুটপাতের অংশ ছেড়ে মূল রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে এ সড়কের পিসি স্কুল, গার্লস স্কুল ও ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় তৈরি হয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের স্ট্যান্ড। এসব স্ট্যান্ডে শত শত যানবাহন রয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস চলাচল করছে। বাজার এলাকায় এলেই তখন সৃষ্টি হচ্ছে যানজটের। এলাকাবাসী জানান, অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যান্ডের পাশ দিয়েই ছাত্রছাত্রীদের আসা-যাওয়া করতে হয়। এতে যেমন তাদের চলাচলের সমস্যা হয়ে থাকে, তেমনি ছাত্রীরা ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্ট্যান্ডের কাছে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।অন্যদিকে ফুটপাত বেদখল করে যাঁরা দোকান নিয়ে বসেন, তাঁদের বসার এখনো আর কোনো বিকল্প ব্যবস্থা গড়ে ওঠেনি। এঁদের উপার্জনের মাধ্যম এই ফুটপাতের ব্যবসা। এখান থেকে উচ্ছেদ হলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়বেন। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে পৌরসভার উদ্যোগে হাজীগঞ্জ বাজার এলাকায় একটি দ্বিতল মার্কেট গড়ে তোলা হচ্ছে। কিন্তু ছয় বছরেও এ মার্কেটের কাজ শেষ হচ্ছে না। এই মার্কেট ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন করা গেলে যানজটের সমস্যা কমে আসবে বলে অনেকেই জানিয়েছেন।যেখানে-সেখানে আবর্জনা: বড়লেখা পৌর এলাকায় আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান খুব বেশি নেই। পৌর কর্তৃপক্ষ একটি স্থান তৈরি করে দেওয়ার কথা বলেছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে, রাস্তার পাশে ও খালি জায়গায় লোকজন ইচ্ছামতো ময়লা-আবর্জনা ফেলছে। এতে সেসব স্থানের পরিবেশ দূষিত হচ্ছে। বড়লেখা রেলস্টেশন এলাকায় বন্ধ রেললাইনের ওপরেই বিশাল আবর্জনার ভাগাড় তৈরি হয়েছে। এই আবর্জনার স্তূপের পাশ দিয়েই লোকজনকে চলাচল করতে দেখা গেছে।রাস্তায় গর্ত, আড়ত গলির করুণ দশা: শহরের হাজীগঞ্জ বাজার এলাকার আড়ত গলির রাস্তা সম্পর্কে হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য মনজুর আহমদ প্রথম আলোকে জানান, পৌরসভা বাজারের ভেতরের রাস্তা করতে চায় না। বাজারের রস্তার করুণ অবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে হাঁটা যায় না। পৌরসভার শুরু থেকেই একই অবস্থা। বাজারে প্রায় পাঁচ হাজার ব্যবসায়ী। ব্যবসায়ীদের পক্ষ থেকে দরখাস্তও করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ বলে এটা রেলের জায়গা। সরেজমিনে দেখা গেছে, রাস্তায় গর্ত ও কাদার মধ্যে দাঁড়ানো গাড়িতে ব্যবসায়ীরা মাল ওঠানামা করছেন। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এ রাস্তাটির ধারণক্ষমতা মাত্র তিন টন। কিন্তু রাস্তায় প্রায়ই পণ্যবাহী পাঁচ থেকে সাত টন ওজনের গাড়ি ঢোকানো হচ্ছে। সরু রাস্তায় গাড়ি ঢোকাতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলা হচ্ছে।অন্যদিকে পৌর এলাকার অন্যান্য রাস্তার বিভিন্ন এলাকা জলাবদ্ধতা ও বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় অনেক স্থানে গর্ত হয়েছে। অনেক স্থান দেবেও গেছে। বারইগ্রামের সিরাজউদ্দিন প্রথম আলোকে জানান, রেল গুদাম থেকে তালিমপুর ইউনিয়নের হবিমপুর পর্যন্ত রাস্তার পাশ ভেঙে পড়ছে। অনেকে খালের জায়গা দখল করে নিয়েছে। একই গ্রামের শামসুল হোসেন জানান, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না। এ ছাড়া এলাকাবাসী জানান, নাজিরের চক-ষাইটহাল, গাজীটেকা-সিঅ্যান্ডবি, খাদ্যগুদাম-ফকির শাহ মোকাম—এসব সড়কে জলাবদ্ধতা ও বন্যার পানি ওঠায় অনেক স্থানেই গর্তের সৃষ্টি হয়েছে। ষাইটহাল এলাকার নিজাম উদ্দিন বলেন, ‘রিকশা যাই তো চায় না। রাস্তার অবস্থা খুব খারাপ।’নিজস্ব ভবন নেই: ২০০১ সালে বড়লেখা পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু এখন পর্যন্ত পৌরসভার একটি নিজস্ব ভবন হয়নি। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে টিনশেডের যে ভবনটিতে বসে তারা কাজ করছে, সে ভবনটি জিয়াউর রহমানের আমলে জেলা পরিষদের উদ্যোগে একটি জনমিলনকেন্দ্র হিসেবে নির্মাণ করা হয়েছিল। সে সময় ভবনটির ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে কর্তৃপক্ষ ভবনটি গ্রহণ করেনি।পৌর মেয়রের কথা: বড়লেখা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। পৌরসভার সম্পূর্ণ পানি যায় ষাটমা ও নিখরিছড়া দিয়ে। দীর্ঘদিন খাল দুটির সংস্কার হয়নি। এর মধ্যে খালের কিছুটা দখল হয়েছে। অনেক জায়গায় বাঁশ ও গাছপালা লাগিয়ে রাখা হয়েছে।’ মেয়র জানান, পৌর এলাকায় যানজট হচ্ছে, তবে এটা থাকবে না। পৌর মার্কেটে ফুটপাতের ব্যবসায়ীদের স্থানান্তর করা হলে এই যানজট কমে যাবে। এ ছাড়া বাজারের ভেতরের গলিতে সড়কের ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের গাড়ি ঢোকানোর কারণে রাস্তা ঠিক থাকে না। কিছু কিছু রাস্তায় পানি ওঠায় গর্তের সৃষ্টি হয়েছে। পৌর মেয়র আরও জানান, তাঁদের একটি নিজস্ব ভবন না থাকায় পৃথকভাবে কর্মকর্তা-কর্মচারীরা বসতে পারছেন না। যানবাহন রাখারও জায়গা নেই।