বৃষ্টি হলেই জলাবদ্ধতা
২০০১ সালের এপ্রিল মাসে বিয়ানীবাজার উপজেলা সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। এ সময় তৎকালীন সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তফজ্জুল হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন পর্যন্ত নির্বাচন ছাড়াই অনির্বাচিত প্রশাসক দিয়ে চলছে পৌরসভার যাবতীয় কার্যক্রম। খানাখন্দে ভরা রাস্তা: ‘আমরার পৌরসভা বি-গ্রেডর আর রাস্তা এফ-গ্রেডর, কোনটা রাখিয়া কোনটার কথা কইতাম। হখল সড়করউ এক অবস্থা’ এভাবেই পৌরসভার ভাঙাচোরা সড়ক সম্পর্কে বলছিলেন জাকারিয়া আলম নামের এক তরুণ। শুধু এই তরুণ নয়, তাঁর মতো পৌরসভার বাসিন্দাদের নিয়মিত সড়ক-বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে। কসবা এলাকার বাসিন্দা প্রবাসী এনামুল হক বলেন, ‘বিদেশ তাকি আইয়া বিল্ডিং দেখিয়া মনে অইছিল আমরার বিয়ানীবাজারর বউত উন্নতি অইছে। এখন ভাঙা রাস্তা দেখিয়া মনে অর আমরা আরও পিছাইছি’। খাসা এলাকার বাসিন্দা এবাদ আহমদ বলেন, ‘দীর্ঘদিন থেকে সড়ক-বিড়ম্বনা চলে আসছে। প্রতিবছর একটু একটু করে কাজ হলেও আজ এমন ভোগান্তি থাকত না। অবস্থা দেখে মনে হচ্ছে, পৌর কর্তৃপক্ষের যেন কোনো সুষ্ঠু পরিকল্পনাই নেই।’ পৌর এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘মনে করছিলাম, পৌরসভা অইলে আমরার দুর্দশা লাঘব অইবো, রাস্তাঘাট উন্নত অইবো। কিন্তু অউনি তার নমুনা? এর চাইতে ইউনিয়ন পরিষদ-উ ভালা আছিলো।’ বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস শুকুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিয়ানীবাজারের মানুষ কারও কাছে ভাত-কাপড় চায় না। তাই বলে মৌলিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা চলবে না। যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি কীভাবে বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে সেটা ভাবতেও অবাক লাগে’।পৌরবাসী জানায়, কোনো কোনো সড়কের গর্ত আকারে ও গভীরতায় বড় হয়ে পড়ায় ইটের খোয়া বিছানো হয়েছে। এসব এলাকার জনগণকে শীত মৌসুমে সইতে হয় ঝাঁকুনি-হোঁচট-খোঁচা। আর বর্ষা মৌসুমে পৌর সদরে আসতে হয় কাদা-পানি সঙ্গী করে। বেশির ভাগ সড়কে গার্ড ওয়াল নেই। যেগুলোতে আছে সেগুলোর অবস্থাও ভালো নয়। নির্মাণের কয়েক মাসের মাথায় কিছু আবার ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারদের কাজের মান এতই খারাপ যে, নির্মাণের মাস কয়েক পরই তা ভাঙতে শুরু করে।তবে পৌর কর্তৃপক্ষের দাবি, গুরুত্বপূর্ণ সড়কগুলোর অধিকাংশই সড়ক ও জনপথ (এলজিইডি) বিভাগের আওতাধীন। তাই পৌরসভা এ সড়কগুলো সংস্কারকাজ করতে পারছে না। অন্যদিকে পৌরসভা সরকারি অনুদান না পাওয়ার কারণে পৌরসভার নিয়ন্ত্রণাধীন সড়কগুলোতেও কাজ করা যাচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।বিয়ানীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী আলী আকবর বলেন, পৌরসভায় বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে এডিবির অর্থায়নে কয়েকটি রাস্তা সংস্কারের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে। তিনি জানান, পৌরসভা কর্তৃপক্ষের রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি যেসব রাস্তা সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন, সেসব সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকার জানানো হলেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।গণশৌচাগার না থাকায়...: পৌর শহরে নেই কোনো গণশৌচাগার। তাই শহরের প্রতিটি গলির দুই পাশের ড্রেনগুলোতে ‘মুক্ত প্রস্রাবখানা’ হিসেবে ব্যবহার করা হয়। পৌরবাসীর ভাষ্যমতে, ‘গলি নয়, যেন মুক্ত প্রস্রাবখানা’। এসব প্রস্রাবখানা থেকে শুধু দুর্গন্ধই নয়, পাশাপাশি মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। নওয়াগ্রাম রোডের ব্যবসায়ী দেলোয়ার হেসেন রসিকতা করে বলেন, ‘ডেইলি আমরার সড়কঅ অনেক মানুষ প্রস্রাব করইন। ইকানো কিতা প্রস্রাব কম্পিটিশন চলেরনি?’যানজট প্রকট, নেই বাসস্ট্যান্ড: বাইপাস সড়ক ও গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান না থাকায় পৌর শহরে সব সময় যানজট লেগেই থাকে। পৌর শহরের মধ্যবাজার থেকে দক্ষিণবাজার পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে বেশ কয়েকটি কাঁচাবাজার ও মাছবাজার গড়ে উঠেছে। এসব বাজারে ক্রেতা-বিক্রেতাদের পদচারণে দিনভর যানজট তীব্র আকার ধারণ করছে। অস্বস্তির কারণ বস্তি!: অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বস্তিগুলো এখন পৌরবাসীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে পৌরশহরের বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক বস্তি গড়ে উঠেছে। এই বস্তির অধিকাংশ বাসিন্দার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক বিক্রিসহ নানা অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন বস্তিবাসীরা কোনো-না কোনো বচসায় লিপ্ত থাকে। ফলে বস্তির পার্শ্ববর্তী রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রায় দিন বিড়ম্বনায় পড়তে হয়। পরিবেশ বিনষ্ট ও অপরাধ বাড়ানোর পাশাপাশি এসব বস্তিতে অন্য এলাকা থেকে অপরাধীরা আশ্রয় নিচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। অসহায় সংস্কৃতিকর্মীরা: প্রাচীনকাল থেকে বিয়ানীবাজার শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিতে সমৃদ্ধ অঞ্চল হিসেবে সবার কাছে পরিচিত ছিল। কিন্তু দিন দিন ঐতিহ্য হারিয়ে বিয়ানীবাজার এখন অনেকটাই জৌলুসহীন। বিয়ানীবাজার সাংস্কৃিতক কমান্ডের সভাপতি আব্দুশ শুকুর বলেন, ‘উপযুক্ত হলের অভাবে কোনো মঞ্চ নাটকের প্রদর্শনী করতে পারি না। এ অঞ্চলের ঐতিহ্য ধরে রাখার স্বার্থে সংস্কৃতিকর্মীদের সরকারি কিংবা বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত। তা না হলে কিছুদিন পর সংস্কৃতিকর্মীদের পদচারণ একেবারেই থাকবে না।’পৌর প্রশাসক কী বলেন: বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার তহবিল সীমিত। তাই চাহিদামাফিক কাজ করানো সম্ভব হচ্ছে না। সরকারি অনুদান পেলে দ্রুত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। পৌরবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় এনে সাধ্যানুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।’ পৌরসভার বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি জানান, পৌরবাসীর দুর্ভোগ দূর করতে আমরা সব সময় আন্তরিক। তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় পৌরবাসীর সব সমস্যা সমাধান করা যাচ্ছে না। বৃষ্টি হলেই জলাবদ্ধতা: পৌরবাসীর প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। কসবা খাসা এলাকার বাসিন্দা বেলাল আহমদ বলেন, জলাবদ্ধতা সমস্যা আজকের নয়। দীর্ঘদিন থেকে এ সমস্যা চলছে। প্রতিবছর একটু একটু করে কাজ হলেও আজ পৌরবাসীর এত ভোগান্তি থাকত না। প্রতিবছর বাজেটে জলাবদ্ধতা নিরসনে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়। অথচ বাস্তবে সমাধান হচ্ছে না। কোনো সুষ্ঠু পরিকল্পনা না থাকার কারণেই এমনটি হচ্ছে।শহীদ টিলা এলাকার মোটর মেকানিক লিটন বলেন, সামান্য বৃষ্টি হলেই সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ থেকে মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত রাস্তায় কোমরপানি জমে যায়। শহীদ টিলা এলাকার মানুষজন জলাবদ্ধতার কারণে চলাচল পর্যন্ত করতে পারে না।পৌর প্রকৌশলী মো. আলী আকবর বলেন, ‘পৌরসভার বেশির ভাগ এলাকা টিলাভূমি হওয়ায় মাটির ভাঙনের প্রকোপ বেশি। এ মাটিতে বালুর পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেই মাটি গলে ড্রেনে গিয়ে পড়ে। পাশাপাশি অসচেতন মানুষজন ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছে। ফলে ড্রেনগুলো ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে।