বৃষ্টি হলেই জলাবদ্ধতা চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা সদর বাজারের থানা রোডের ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় ১০০ গজ জায়গাজুড়ে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। ধরমপাশা বাজারের ব্যবসায়ী মো. আজিজুল হক জানান, সড়কের দুই ধারে ডেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসলেও সংশ্লিষ্ট প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। ধরমপাশা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসা কোমলমতি শিক্ষার্থীরা প্রায়ই ময়লা-আবর্জনা মিশ্রিত জমে থাকা পানিতে কাপড়-চোপড় বিনষ্ট করে ফেলে। পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের এ সমস্যা পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য বিষয়টি উপজেলা প্রকৌশলীকে মৌখিকভাবে জানানো হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী বলেন, ‘ডেনেজ ব্যবস্থা স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের এ সংক্রান্ত কোনো বরাদ্দ নেই। আমি শিগগিরই এ সড়কটিতে পয়োনিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’ উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম চৌধুরী বলেন, ‘আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা প্রথম আলোকে বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই এ সড়কে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।’