বৃষ্টি হলেই তারপাশা বাজারে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজার এলাকায়। তারাপাশা-শমশেরনগর এয়ারপোর্ট সড়কের তারাপাশা বাজার অংশে হাঁটুপানি জমে যায়। এতে শুধু যে হাটুরেরাই ভোগান্তিতে পড়েন তা নয়, বাজার এলাকায় অবস্থিত উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বছরের পর বছর তাঁরা এই ভোগান্তি পোহাচ্ছেন। পানি নিষ্কাশনের জন্য নালা এবং রাস্তা উঁচু করার দাবি জানিয়েছেন তাঁরা।এলাকাবাসী ও তারাপাশা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মনু নদীর দক্ষিণ পারে অবস্থিত তারাপাশা বাজারটি প্রায় শত বছরের পুরোনো। এ বাজারটি এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সামান্য বৃষ্টি হলেই বাজারের মধ্য দিয়ে চলে যাওয়া তারাপাশা-শমশেরনগর এয়ারপোর্ট সড়কের বাজারের অংশে হাঁটুপানি জমে যায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, একবার পানি জমলে সে পানি সহজে নামতে চায় না। পানি যাওয়ার কোনো নালা নেই। এদিকে পানিতে ডুবে থাকা রাস্তার ওপর দিয়ে যানবাহন চলাচলের কারণে রাস্তার অনেক স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, তারাপাশা উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল মিলে প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার খানেক ছাত্রছাত্রী আসা-যাওয়া করে। রাস্তার ওপর পানি থাকায় গর্তের মধ্যে পড়ে প্রায় প্রতিদিনই ছাত্রছাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। তাদের বইখাতা পানিতে ভিজে নষ্ট হচ্ছে। স্কুলের পোশাক-আশাক নষ্ট হচ্ছে।এলাকাবাসী জানিয়েছেন, আগে সপ্তাহে শুধু বুধ ও শনিবারে তারাপাশা বাজারে সাপ্তাহিক হাট বসত। এখন প্রতিদিনই বাজার বসছে। বাজার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, তারাপাশা বাজারে প্রায় ৫০০-র মতো ছোট-বড় দোকান রয়েছে। যখন সড়কে পানি থাকে, তখন তাদের আর বসার জায়গা থাকে না। কামারচাক ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রশীদ বলেন, ‘রাস্তা এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় আমরা বাজারের ভেতরের অংশে ইট বিছিয়ে দিয়েছি। ড্রেন করতে অনেক টাকার দরকার। এত টাকা খরচ করার ক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই।’তারাপাশা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশারত আলী বলেন, ‘বাজারের বয়স প্রায় ১০০ বছর। বাজারটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু কামারচাক নয়, কুলাউড়া উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এ বাজারে এসে কেনাকাটা করেন। রাস্তার পাশে পানি নিষ্কাশনের কোনো ড্রেন নেই। শেড না থাকায় অনেক ব্যবসায়ী রাস্তার পাশে পণ্য নিয়ে বসে। এতে বিকেলে যানজট লেগে যায়। রাস্তা উঁচু ও রাস্তার পাশে ড্রেন নির্মাণ জরুরি হয়ে পড়েছে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজনগর উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রাস্তার বাজারের এই অংশে আমরা কাজ করাব। রাস্তা উঁচু ও আরসিসি ঢালাইয়ের কাজ করা হবে যাতে ভেঙে না যায়। আর ড্রেনের কোনো ব্যবস্থা করা যায় কি না সেটা দেখব।’