বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরে দেখা দেয় জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বৃষ্টি হলেই পুরো হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা দেখা দেয়। অভিযোগ রয়েছে, পয়োনিষ্কাশনব্যবস্থা না রেখেই বাসাবাড়ি, ব্যবসায়িক কেন্দ্র ও স্থাপনা নির্মাণই এ জলাবদ্ধতার প্রধান কারণ। অপরিকল্পিতভাবে এ স্থাপনা নির্মাণের ফলে শহরবাসীকে দুর্ভোগে পড়তে হয়।হবিগঞ্জ পৌরসভা এ সমস্যার দায় স্বীকার করে জানায়, শহরের নতুন (বাইপাস) সড়কে দুই পাশের অবৈধ দখলদারেরা শহরের প্রধান পয়োনিষ্কাশনের পথসহ এলোপাতাড়ি ভূমি দখলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরেজমিন দেখা গেছে, একটু বৃষ্টি হলেই শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে প্রধান রাস্তার সার্কিট হাউস সড়ক, জেলা প্রশাসকের বাসভবন, হবিগঞ্জ সদর মডেল থানা, সওদাগর মসজিদ সড়ক (বি. জামান রোড), শায়েস্তানগর আবাসিক এলাকা, শ্যামলী আবাসিক এলাকা, মাস্টার কোয়ার্টার্স ও মুসলিম কোয়ার্টার্সসহ বিভিন্ন এলাকা এক থেকে দুই ফুট পানিতে ডুবে যায়। এ জলাবদ্ধতা নিরসনে হবিগঞ্জ পৌরসভা অসহায়। কারণ উল্লিখিত এলাকায় একবার জলাবদ্ধতা দেখা দিলে এ পানি সহজে বের করা যায় না। এর কারণ চিহ্নিত করতে গিয়ে দেখা গেছে, শহরের পয়োনিষ্কাশনের প্রধান প্রবেশপথ নানাভাবে বেদখলে চলে গেছে। বিশেষ করে শহরের নতুন সড়কের (বাইপাস) দুই পাশের রেলওয়ে বিভাগের ভূমি জবরদখল, আবার কেউ কেউ পাঁচ শতক ভূমি ইজারা এনে দখলে নিয়েছে ১০ শতক, যে কারণে পুরো শহরের একমাত্র পয়োনিষ্কাশনের প্রবেশপথটি বন্ধ হয়ে পড়েছে। এ ছাড়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থায় একটির সঙ্গে অপর ড্রেনের সংযোগ নেই বললেই চলে। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার অধিবাসী নুর মিয়া বলেন, ‘বেশি নয়, ২০ মিনিট বৃষ্টি হলেই শায়েস্তানগর-ছিড়াখানা সড়কের প্রবেশদ্বার ডুবে যায়, দেখা দেয় জলাবদ্ধতা। তিনি বলেন, যে শহরে ডিসি (জেলা প্রশাসক), পৌর মেয়র পানি ভেঙে বাসায় যাতায়াত করেন, সেই শহরের সাধারণ মানুষের অবস্থা কী, তা সহজেই বুঝে নেওয়া উচিত।রাজনগর এলাকার অধিবাসী ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, শহর নিয়ে পৌরসভার কোনো মাস্টারপ্ল্যান নেই, যে কারণে অধিবাসীরা যে যেভাবে পারছে ড্রেনের জায়গাও দখল করে নিচ্ছে। আবার অনেকেই পৌরসভার বিধির বাইরে স্থাপনা নির্মাণ করে চলেছে, যে কারণে পয়োনিষ্কাশনের পথ এখন আর নেই।শহরের আইনজীবী এস এম সোহেল বলেন, পৌরসভার ড্রেনের জায়গা দখলমুক্ত না করা গেলে এ জলাবদ্ধতা দূর হবে না। এ জন্য টাস্কফোর্স গঠনের দাবি জানান তিনি। এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, শহরের ড্রেনেজব্যবস্থা ভেঙে যাওয়ার অন্যতম কারণ নতুন রাস্তার দুই পাশের দখলদারেরা। সরেজমিন গেলে দেখা যাবে এ রাস্তার শহর অংশের দুই পাশে ড্রেনেজব্যবস্থা না রেখেই ভূমি দখল হয়ে গেছে। রেলওয়ের এ জায়গা দখলমুক্ত না করা গেলে শহরের এ জলাবদ্ধতা স্থায়ী রূপ ধারণ করবে, যা সবার জন্য দুঃখজনক।