বৃষ্টি হারিয়ে দিল ইংল্যান্ডকে, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে
ইংল্যান্ডের ভাগ্য খারাপই বলতে হবে। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯১ রান করার পরও বৃষ্টি-সংক্রান্ত নির্মম আইনের মারপ্যাঁচে পড়ে শেষ অবধি তাদের হারতে হলোর আট উইকেটের বড় ব্যবধানে। ইংল্যান্ডের ইনিংসের পর পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে বিতর্কিত বৃষ্টি আইনের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৬০ রান। ওয়েস্ট ইন্ডিজ এই ৬০ রান করতে হাতে পেয়েছে ছয় ওভার। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ওভারপ্রতি ১০ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ক্রিস গেইল ১২ বলে ২৫ রান করে ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় অবদান রাখেন। এ ছাড়া চন্দরপাল করেন ১৫। ফ্লেচার অপরাজিত থাকেন ১২ রানে। ইংল্যান্ডের শুরুটা হয়েছিল দারুণ। অধিনায়ক কলিংউড বাদে এদিন ইংল্যান্ডের মাঠে নামা সব ব্যাটসম্যানই বলা চলে সফল। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মরগান। ৪৫ রানে অপরাজিত থাকেন রাইট। সব মিলিয়ে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর করার পরও শেষ পর্যন্ত হতাশায় পুড়তে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের।ইংলিশ অধিনায়ক পল কলিংউড কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই হার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই তিনি একহাত নিয়েছেন এই বিতর্কিত বৃষ্টি আইনকে। একরাশ ক্ষোভ নিয়েই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এই আইনের প্রয়োগ বাতিল করার আহ্বান জানিয়েছেন। কলিংউড বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে যখন কোনো দল ১৯০ রানের বেশি করে, তখন সেই দলের জয় শতকরা নব্বই ভাগ নিশ্চিত হয়ে যায়। কিন্তু ডাকওয়ার্থ লুইস মেথড আজকের ম্যাচের সমীকরণ সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। একদিনের ম্যাচে এই নিয়ম নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এই আইন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।’দল জিতলেও এই জয়টা পুরোপুরি খুশি করতে পারছে না ক্যারিবীয় অধিনায়ক ক্রিস গেইলকে। কোনো ধরনের ভণিতা না করেই তিনি বলেছেন ইংল্যান্ডের হারটা দুঃখজনক। গেইল বৃষ্টি আইন নিয়ে ইংলিশ অধিনায়ক কলিংউডের মন্তব্যকে সমর্থন করে বলেন, ‘আমি তাঁর জায়গায় থাকলেও একই কথা বলতাম।’সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ১৯১/৫ (২০ ওভার)মরগান ৫৫, রাইট ৪৫ড্যারেন স্যামি ২/২২(ইংল্যান্ডের ইনিংসের পর পরই বৃষ্টির আইনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৬ ওভারে ৬০ রান)ওয়েস্ট ইন্ডিজ ৬০/২ (৫.৫ ওভার)গেইল ২৫, চন্দরপাল ১৫, ফ্লেচার ১২সওয়ান ২/২৪ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে আট উইকেটে জয়ী