বৃষ্টিকে বাঁচতে দিল না বখাটেরা
ক্লাসের ফাঁকে স্কুলমাঠে বান্ধবীদের সঙ্গে খেলা করছিল মেয়েটি। এ সময় দুই বখাটে এসে মেয়েটিকে খুঁজতে শুরু করে। আতঙ্কে মেয়েটি স্কুলের একটি কক্ষে আশ্রয় নেয়। বখাটেরা সেখানে গিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। লজ্জা ও ক্ষোভে মেয়েটি বাড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পাবনার ঈশ্বরদী উপজেলার মশুড়িয়াপাড়ায় গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।এলাকাবাসী, স্কুলশিক্ষার্থী ও পারিবারিক সূত্রে জানা যায়, মশুড়িয়াপাড়ার বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বৃষ্টি খাতুন (১২)। বাড়ি উপজেলার মানিকনগর গ্রামে। বাবা কদম আলী পেশায় একজন রাজমিস্ত্রি। ছোটবেলা থেকেই বৃষ্টি তার মামা কোরবান আলীর মশুড়িয়াপাড়ার বাড়িতে থাকত। বৃষ্টির ছোট মামা আনোয়ার হোসেন ওরফে সবুজ অভিযোগ করেন, পার্শ্ববর্তী কামারপাড়ার দুখু (২২), মুসাসহ (২১) চার-পাঁচজন বখাটে স্কুলে যাওয়ার পথে প্রায় দিনই বৃষ্টিকে উত্ত্যক্ত করত। বৃষ্টিকে বিয়ে করার প্রস্তাব দিত। দুখু অপর বখাটে বন্ধুদের নিয়ে বাড়িতে এসে ও স্কুলে গিয়ে বৃষ্টিকে নানা ভয় দেখাত।বৃষ্টির পরিবারের সদস্য ও সহপাঠীদের অভিযোগ, গতকাল টিফিনের পর বখাটে দুখু ও মুসা কয়েকজন বখাটে সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে স্কুল ক্যাম্পাসে গিয়ে বৃষ্টিকে খুঁজতে শুরু করে। এ সময় বৃষ্টি স্কুলমাঠে খেলা করছিল। আতঙ্কে সে মাঠ থেকে এসে একটি শ্রেণীকক্ষে আশ্রয় নেয়। বৃষ্টিকে দেখে ফেলে দুখু ও মুসা গিয়ে ঢুকে পড়ে এই কক্ষে এবং সেখানে বৃষ্টির শ্লীলতাহানির চেষ্টা করে দুখু।নাম প্রকাশে অনিচ্ছুক বৃষ্টির এক বান্ধবী প্রথম আলোকে জানায়, তারা কয়েকজন বান্ধবী ওই কক্ষের জানালা দিয়ে তাকিয়ে দেখে, বৃষ্টি বখাটে দুখুর কবল থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। একপর্যায়ে বৃষ্টি চিত্কার দিয়ে স্কুল থেকে বের হয়ে যায়। এর ঘণ্টাখানেক পর তারা খবর পায়, বৃষ্টি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।বৃষ্টির মামা আনোয়ার হোসেন জানান, বখাটেরা উত্ত্যক্ত করার পর লজ্জা ও ক্ষোভে বৃষ্টি বাড়িতে ফিরে চিত্কার করে কাঁদতে থাকে। এ সময় তিনি (আনোয়ার) ঘটনাটি জানতে স্কুলে যান। কিছুক্ষণ পর ফিরে জানতে পারেন, বৃষ্টি গলায় ফাঁস লাগিয়েছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।বৃষ্টির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এবং স্কুলের কিছু শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করে। তারা দুখু, মুসাসহ বখাটে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায়। বখাটেদের অত্যাচারে স্কুলছাত্রীর আত্মহত্যার খবরে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী শাখার সদস্যরা ছুটে যান স্বাস্থ্য কমপ্লেক্সে।পুলিশ সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন গতকাল রাতে জানান, বৃষ্টির মামা কোরবান আলী বাদী হয়ে রাতে দুখু, মুসাসহ কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। আসামিরা পলাতক।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, বৃষ্টি কীভাবে মারা গেল, তা তাঁরা জানেন না। তিনি আরও জানান, টিফিনের পর অনেক ছাত্রছাত্রী স্কুলে থাকে না। ফলে তখন কী ঘটে, তা তাঁদের জানা থাকে না। এ কথা বলার পর আমজাদ হোসেন মোবাইল ফোনের সংযোগ কেটে দেন। পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি গতকাল রাতে মশুড়িয়াপাড়া এলাকায় আসেন এবং বখাটে দুখু ও মুসাকে ধরিয়ে দিতে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।