বৃষ্টিতে উত্তরা গণভবনের সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত
টানা বৃষ্টিতে নাটোরের উত্তরা গণভবনের সীমানাপ্রাচীরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাচীরের নিচে ১০ ফুট চওড়া ও ৮ ফুট গভীর একটি গর্তের তৈরি হয়েছে। এতে গণভবনের সীমানাপ্রাচীর যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।গণভবনের উত্তর সীমানাপ্রাচীর ও রাস্তার মাঝের অংশে গর্তটি হয়েছে। ফলে ওই রাস্তা দিয়ে উপজেলার দিঘাপতিয়া, পিপরুল ও খাজুরা ইউনিয়নের মধ্যে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃষ্টি চলতে থাকলে গণভবনের সীমানাপ্রাচীর যেকোনো সময় ধসে পড়তে পারে।নাটোরের স্থানীয় স্কুলশিক্ষক কামাল মৃধা বলেছেন, কয়েক দিন আগে ওই রাস্তায় প্রথমে ছোট আকারের গর্ত হয়। বৃষ্টির ফলে গর্তটি বড় হয়েছে। প্রশাসনের কেউ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।নাটোরের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘উত্তরা গণভবন দেখাশোনার দায়িত্ব গণপূর্ত বিভাগের। তারা কেউ এ ব্যাপারে আমাকে জানাননি।’নাটোর গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি।