বৃষ্টিতে কাদা, রোদে ধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের যশোর শহর থেকে অভয়নগর উপজেলার রাজঘাট পর্যন্ত ২৯ কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে একাকার। আর রোদের সময় ধুলায় চলাচল বিঘ্নিত হয়।যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান সম্প্রতি মহাসড়কের এ অংশটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, মহাসড়কের যশোর-খুলনা অংশে নওয়াপাড়া, খালিশপুর, খুলনা ও মংলাসহ অনেক শিল্পাঞ্চল রয়েছে। প্রতিদিন এ সড়কের ওপর দিয়ে ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে। সড়কটির বিভিন্ন অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্তের কারণে প্রায়ই যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। সড়ক বিভাগ স্থানীয়ভাবে ব্যাটস, বালু ফিলিংয়ের মাধ্যমে মেরামত করে যোগাযোগ সচল রাখার চেষ্টা করছে। জরুরি ভিত্তিতে বড় ধরনের মেরামত কাজ করা না হলে সড়কটি অচল হয়ে যেতে পারে।সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা আঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, সড়ক ঠিক রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর পিচের কার্পেটিং করতে হয়। কিন্তু যথাসময়ে এ কাজটি করা হয়নি। সড়কটি চালু রাখতে ইতিমধ্যে অন্তত ৫০ লাখ টাকার মেরামতকাজ করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ অংশে পিচের কার্পেটিং ও নিচের ইটের খোয়া উঠে মাটি বেরিয়ে গেছে। যশোর সদর উপজেলার রূপদিয়া ও বসুন্দিয়া এবং অভয়নগর উপজেলার প্রেমবাগ ও নওয়াপাড়াসহ সাতটি স্থানের বিস্তৃত অংশে সৃষ্ট বড় বড় গর্ত ইটের টুকরা দিয়ে ভরাট করা হয়েছে। সেই মেরামত কোনো কাজে আসেনি। দুই দিন না যেতেই সড়কটি আবার পুরোনো চেহারায় ফিরে গেছে। দুটি যানবাহন পাশাপাশি অতিক্রম করতে পারছে না। এতে ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে দুই ঘণ্টার বেশি।নওয়াপাড়া জুট মিলের কর্মকর্তা মাজেদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন সকালে যশোর উপশহর এলাকার বাড়ি থেকে বাসে চড়ে নয়টার মধ্যে অফিসে পৌঁছতাম। সড়কের অবস্থা এতই খারাপ যে বাসে চড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে পৌঁছানো যাচ্ছে না।’ সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরের শেষ দিকে ঢাকা-খুলনা মহাসড়কের যশোর-রাজঘাট পর্যন্ত ২৯ কিলোমিটার সড়কের মেরামতকাজের জন্য ১৮ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ব্যাসিক-ইউআইএল নামের একটি জয়েন্ট ভেঞ্চার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রসংক্রান্ত অনিয়মের অভিযোগ তোলে। ওই অভিযোগের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মাস দেড়েক আগে তদন্ত কমিটির মূল্যায়ন প্রতিবেদন যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা আঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপসকুমার পাল প্রথম আলোকে বলেন, দরপত্রসংক্রান্ত সব কাজ শেষ পর্যায়ে। মন্ত্রণালয় থেকে শিগগিরই কাজের অনুমোদন পাওয়া যাবে।