বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকা আবার প্লাবিত
চট্টগ্রামে গত সোমবার রাত থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চল আবার হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। এ নিয়ে গত এক সপ্তাহে প্রতিটি নিচু এলাকা অন্তত পাঁচ-ছয়বার প্লাবিত হলো।গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ১৭৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি রেকর্ড বৃষ্টিপাত বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।গতকাল সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিতে চকবাজার, মুরাদপুর, মোহাম্মদপুর, হালিশহর, বহদ্দারহাট, চান্দগাঁও, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাতে বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে জলাবদ্ধতা আরও প্রকট রূপ নেয়। তবে সকাল হতে হতে ভাটার কারণে জলাবদ্ধতা স্থায়ী হয়নি।তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত: আবহাওয়া দপ্তর সূত্র জানায়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় মৌসুমি বায়ু প্রবল রয়েছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, সতর্কসংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।