বৃষ্টিতে প্রচারণায় পোস্টারের বিকল্প চিন্তা প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই লেগে আছে বৃষ্টি। তাই প্রার্থীরা পোস্টার লাগিয়ে কুলিয়ে উঠতে পারছেন না। বৃষ্টির কারণে পোস্টার বাঁশের চাটাইয়ে সেঁটেও রাখা যাচ্ছে না। কোনো কোনো এলাকায় পোস্টার ধুয়ে-মুছে ঝুলছে শুধু রশি। বৃষ্টি থেকে বাঁচাতে কেউ কেউ লেমিনেটিং করা পোস্টারও টানাচ্ছেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, হলফনামায় আটজন মেয়র ও ৩০৮ জন কাউন্সিলর পদপ্রার্থী ৩৭ লাখ পোস্টার ছাপানোর ঘোষণা দেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রথম তিন দিনের বৃষ্টির কারণে প্রার্থীদের অনেকেই এখন পোস্টারের বিকল্প প্রচারণার চিন্তা-ভাবনা শুরু করেছেন। পোস্টারের বদলে অনেকে লিফলেট, স্টিকার এবং প্রার্থীর নাম ও প্রতীক দেওয়া কার্ডই বেশি ছাপাতে শুরু করেছেন।জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ৮২ হাজার পোস্টার ছাপানোর ঘোষণা দেন হলফনামায়। গত শনিবার পর্যন্ত ৩০ হাজার পোস্টার ছাপানোর পর তাঁরা নতুন করে আর পোস্টার ছাপাচ্ছেন না।মহিউদ্দিনের অন্যতম নির্বাচন সমন্বয়কারী খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা ৪১ ওয়ার্ডের কর্মীদের হাতে ৩০ হাজার পোস্টার তুলে দিয়েছি। কিন্তু বৃষ্টির কারণে পোস্টার লাগানো যাচ্ছে না। তাই আমরা আর পোস্টার না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছি। এর বদলে প্রচারপত্র এবং প্রার্থীর নাম ও প্রতীক দেওয়া ছোট ছোট ভিজিটিং কার্ড বেশি ছাড়ব।’মহিউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলমের নির্বাচনী কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও একই ধরনের কথা বলেন। মনজুরের ছেলে সরোয়ার আলম বলেন, ‘বৃষ্টি নিয়ে আমরা সংকটে পড়েছি। দেড় লাখ পোস্টার ছাপিয়ে শনিবার পর্যন্ত লাগাতেই পারিনি। এ জন্য কিছু পোস্টার লেমিনেটিং করব ভাবছি।’উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এনামুল হক মুনিরী বলেন, ‘দুই হাজার পোস্টার ছেপেছি। সকালে লাগালে বিকেলের বৃষ্টিতে পড়ে যাচ্ছে। এ কারণে আর পোস্টার ছাপাব না ভাবছি।’আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ কারণে সপ্তাহজুড়ে চট্টগ্রাম এবং এর আশপাশের এলাকায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘হলফনামায় দেওয়া তথ্যের চেয়ে পোস্টার কম-বেশি ছাপানোর সুযোগ আছে। তবে তা অবশ্যই একজন প্রার্থীর ব্যয়সীমার মধ্যে থাকতে হবে। প্রার্থীদের নির্বাচনের ব্যয় নিয়ে সন্দেহ হলে সংশ্লিষ্ট ছাপাখানায় আমরা খোঁজ নেব।’