বৃষ্টিতে ফের প্লাবিত চট্টগ্রামের নিচু এলাকা, তিন নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত থেকে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে প্রতিটি নিচু এলাকা অন্তত পাঁচ-ছয়বার প্লাবিত হলো। আবহাওয়া অফিস চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে চকবাজার, মুরাদপুর, মোহাম্মদপুর, হালিশহর, বহদ্দারহাট, চান্দগাঁও, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে জলাবদ্ধতা আরও প্রকট হয়। তবে সকালে ভাটার কারণে জলাবদ্ধতা স্থায়ী হয়নি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর এবং তদসংলগ্ন এলাকায় মৌসুমী বায়ু প্রবল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুই সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।