বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ শ্রাবণের টানা বৃষ্টিতে রাজধানীসহ সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দৈনন্দিন কাজে দুর্ভোগ বেড়েছে সব শ্রেণী-পেশার মানুষের। ব্যবসা-বাণিজ্য, যাতায়াত, পরিবহন সবকিছুতেই বিঘ্ন সৃষ্টি করেছে বৃষ্টি। তিন-চার দিনের এই বৃষ্টিতে সারা দেশের নদী-নালা এখন পানিতে পরিপূর্ণ। রাস্তাঘাট, ফসলের খেত জলমগ্ন। মাছের খামার প্লাবিত হওয়ার ঝুঁকিতে। শহর-নগরের নিচু এলাকা পানির নিচে। উত্তাল বঙ্গোপসাগর। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত উপকূল। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের স্বাভাবিক কার্যক্রমও কিছুটা ব্যাহত।বৃষ্টি আরও হবে: আবহাওয়া অফিস বলেছে, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে গতকাল বুধবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে। তবে আজ বৃহস্পতিবার দেশের সাতটি বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী দুই-তিন দিন দেশের অধিকাংশ স্থানে অব্যাহত থাকবে উল্লেখ করে আবহাওয়া অফিস জানাল, এরপর কয়েক দিন বিরতি দিয়ে আবার শুরু হতে পারে টানা বৃষ্টি।যে শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত, আবহাওয়া অফিসের কম্পিউটারে তার উপগ্রহ চিত্রে গতকাল দেখা গেছে, ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলের ওপর দিয়ে আবার তা ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই মৌসুমি অক্ষের একটি শাখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। বঙ্গোপসাগরের ওই অঞ্চলে মৌসুমি বায়ু গতকালও অত্যন্ত শক্তিশালী ছিল। আর রংপুর, দিনাজপুরের একাংশ ছাড়া সমগ্র বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু ছিল সক্রিয়, সঞ্চরণশীল। আবহাওয়াবিদেরা বলেছেন, এর অর্থ বৃষ্টি আরও হবে। অতিবৃষ্টি নয়: গত সোমবার সকাল ছয়টা থেকে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে গড় বৃষ্টি হয়েছে প্রায় ২৫০ মিলিমিটার। শ্রাবণের এই টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত করে দিলেও আবহাওয়াবিদেরা একে অতিবৃষ্টি বলতে নারাজ। এমনকি তাঁরা বলছেন, এ বছর বৃষ্টিপাত দৃশ্যত অস্বাভাবিক হলেও প্রকৃতপক্ষে তা নয়।আবহাওয়া অফিসের হিসাবে গত জুলাই মাসে দেশে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় ১৮ শতাংশ কম। অবশ্য গত জুন মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ১০ শতাংশ বেশি ছিল। জুন থেকে আগস্ট পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু এই সময়ে একটানা তিন দিন বা তার বেশি বৃষ্টি না হয়ে পরের তিন দিনে টানা বৃষ্টির রেকর্ড হওয়া স্বাভাবিক নয়। আর যেহেতু এতে স্বাভাবিকের চেয়ে মোট বৃষ্টিপাত বেশি হয়নি, সেহেতু একে অতিবৃষ্টিও বলা যায় না।পরিবেশবিদেরা বলে থাকেন, বিশ্বব্যাপী জলবায়ুর যে পরিবর্তন ঘটছে, বাংলাদেশে তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে বৃষ্টিপাতের ধরনে। গত কয়েক বছর এখানে স্বাভাবিক বৃষ্টি হয়নি। তবে কোনো কোনো মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ প্রায় স্বাভাবিকই ছিল। কিন্তু তা-ও সারা মাস জুড়ে হয়নি। হয়েছে মাত্র কয়েক দিনে।আবার কখনো দেখা গেছে, বর্ষাকালে একযোগে প্রায় সারা দেশে কম-বেশি বৃষ্টি হওয়ার কথা। কিন্তু তা না হয়ে বৃষ্টি হয়েছে কোনো কোনো অঞ্চলে। অন্য অঞ্চলে চলেছে অনাবৃষ্টি।বন্যার আশঙ্কা নেই: এবারের এই বৃষ্টিকে আবহাওয়াবিদেরা অতিবৃষ্টি যেমন বলছেন না, তেমনি এই বৃষ্টিতে তাঁরা বন্যার কোনো অশঙ্কাও দেখছেন না। আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (স্পারসো) সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তাঁরা অস্বাভাবিক বন্যার কোনো লক্ষণ দেখছেন না। এ ব্যাপারে স্পারসো একটি প্রতিবেদন তৈরি করছে। আগামী সপ্তাহে সেটি প্রকাশ করা হবে।কোনো কোনো গণমাধ্যমে ইতিমধ্যে বন্যার খবর বের হয়েছে, কোথাও কোথাও পানিবন্দী মানুষের কথাও গণমাধ্যমে এসেছে উল্লেখ করে ওই কর্মকর্তারা বলেন, সমগ্র বাংলাদেশই প্রকৃতপক্ষে একটি বন্যাপ্রবাহ অঞ্চল। প্রতিবছর বর্ষা মৌসুমের কয়েক মাসে এ দেশের ওপর দিয়ে যে পরিমাণ পানি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়, তা ধরে রাখলে পুরো দেশ প্রায় ১০ মিটার (তিন তলা ভবনের সমান) পানিতে ডুবে থাকবে।তাঁরা বলেন, বাংলাদেশে স্বাভাবিক বন্যার পরিস্থিতি রয়েছে। বর্ষাকালে এ দেশের একাংশ এই বন্যায় প্লাবিত হবে। এর মাধ্যমেই এ দেশের মাটি প্রতিবছর উর্বরতা পায়। অপরিকল্পিত রাস্তাঘাট, বাড়িঘর, শিল্প-কারখানা স্থাপন এবং নগরায়ন হওয়ায় ওই স্বাভাবিক বন্যাই অনেক মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। কিন্তু সে জন্য বন্যা দায়ী নয়।ঢাকায় এক ঘণ্টায় ২০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, উল্লেখ করে তাঁরা বলেন, এ জন্য দায়ী অপরিকল্পিত নগরায়ন, জলাশয় নষ্ট করে ফেলা, রাস্তাঘাট, নালা-নর্দমা পর্যন্ত দখল করে স্থাপনা তৈরি।ঢাকার রাস্তায় নৌকা: গতকাল দিনের বেলায় ঢাকায় বৃষ্টি হয়েছে ২০ মিলিমিটারের কম। কিন্তু গতকাল বিকেলে রোকেয়া সরণিতে নৌকায় চড়ে মানুষকে রাস্তা পারাপার, জলমগ্ন গলির মধ্যে নৌকায় চড়ে চলাচল করতে দেখা গেছে। কারণ, গত দুই-তিন দিনের বৃষ্টির পানিই জমে ছিল রাস্তার দুই ধারে। শেওড়াপাড়ার বাসিন্দা আবদুল খালেক জানান, সকালে মতিঝিলে তাঁর কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে হাঁটুজল মাড়িয়ে তাঁকে পৌঁছাতে হয় প্রধান সড়কে। বাসস্ট্যান্ডেও ছিল পানি। ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শহীদউদ্দিন প্রথম আলোকে বলেন, যেসব এলাকায় ঘনবসতি, সেসব এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে। এসব এলাকার গৃহস্থালির বর্জ্য এবং নির্মাণাধীন বাড়ির বালু ড্রেনেজ লাইনগুলো সহজেই বন্ধ করে দেয়। তিনি বলেন, আগে শেওড়াপাড়ার পেছনে ডোবা ছিল। সেটি ভরাট করে ফেলায় শেওড়াপাড়া, কাজীপাড়া ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। শুধু রোকেয়া সরণি নয়, নগরের মতিঝিল, নয়াপল্টন, ফকিরাপুল, শান্তিনগরসহ অসংখ্য স্থানে গতকালও হাঁটুপানি ছিল। এতে অফিসযাত্রী, রিকশাওয়ালা, বাসচালক, দিনমজুর, দোকানদারসহ সব শ্রেণীর পেশাজীবী দুর্ভোগে পড়েন। ব্যক্তিগত গাড়ি চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।আর রোকেয়া সরণিসহ যেসব রাস্তায় জলাবদ্ধতা রয়েছে, তার দুই পাশের সব ধরনের দোকানপাটে তিন-চার দিন ধরে বেচাবিক্রি বন্ধ। ওইসব দোকানে কোনো মানুষই এই কদিন যাচ্ছেন না বা যেতে পারছেন না। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সকালে রাজধানীর অভয় দাস লেন থেকে মতিঝিল আইডিয়াল কলেজে যাওয়ার জন্য রিকশা পাচ্ছিল না সদ্য কলেজে ভর্তি হওয়া অঙ্কিতা। বাবা অনিরুদ্ধ পাল জানান, বাসার সামনে রাস্তায় পানি। বৃষ্টিও হচ্ছিল। একটি রিকশার দেখা মিললেও সুযোগ পেয়ে ২০ টাকার ভাড়া ৬০ টাকা হাঁকে রিকশাওয়ালা। দর-কষাকষি করতে গেলে আরেকজন তাতে উঠে পড়েন। পরে আর কোনো রিকশা বা অন্য বাহন না পেয়ে ঘরে ফিরে যান তাঁরা। জলাবদ্ধতার কারণে নগরের অনেক স্থানেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এম জাকারিয়া জানান, জলাবদ্ধতার কারণে তাঁর গাড়ি মৌচাক থেকে সচিবালয় পৌঁছাতে সময় নেয় এক ঘণ্টা ১০ মিনিট। উপকূলের পরিস্থিতি খারাপ: একদিকে বৃষ্টির পানি, অপরদিকে আসন্ন পূর্ণিমার প্রভাবে সমুদ্রের প্রবল জোয়ারের চাপ—এই দুয়ে মিলে উপকূলীয় এলাকায় পানির উচ্চতা অনেক বেড়েছে। ফলে সেখানকার লোকালয় ও জনপদ জলমগ্ন হয়েছে। বৃষ্টি একটু কমে এলেই এই পরিস্থিতির উন্নতি হবে। এর মধ্যে পূর্ণিমা চলে গেলে জোয়ারের প্রাবল্যও কমবে বলে আবহাওয়া অফিস জানায়। ঈদের বাজার জমছে না: নগরের কয়েকটি বড় শপিং মলের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর সাত-আট রমজানেই ঈদের কেনাকাটা অনেক জমে গিয়েছিল। এ বছর এখন পর্যন্ত তার অর্ধেকও জমেনি। কারণ হিসেবে তারা বলেছেন খারাপ আবহাওয়ার কথা। মানুষ আসতে পারছেন না কেনাকাটা করতে। ব্যবসায়ীদের আশা, বৃষ্টি কমলেই বাজার জমে উঠবে।