অসময়ে হঠাৎ টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিতরণব্যবস্থা বিঘ্নিত হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ অবস্থা চলে।এদিকে অগ্রহায়ণের শেষে এসে আজ শুক্রবার দিবাগত রাতে বেশ শীত অনুভূত হতে পারে। স্থানভেদে রাতের তাপমাত্রা কমতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে আজও কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।ডিপিডিসির আওতাধীন বাসাবো এলাকার একাধিক গ্রাহক জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ তাঁদের এলাকায় বিদ্যুৎ চলে যায়, এসেছে গতকাল বিকেল তিনটার পর। খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির কারণে আর্থিংয়ে সমস্যা দেখা দেওয়ায় এই অবস্থা হয়।পূর্ব দোলাইরপাড় থেকে কয়েকজন গ্রাহক জানান, বুধবার রাত একটায় বিদ্যুৎ চলে যায়। আসে গতকাল দুপুরে। সন্ধ্যায় আবার বিদ্যুৎ সরবরাহ আড়াই ঘণ্টা বন্ধ থাকায় তাঁরা প্রথম আলোর কার্যালয়ে ফোন করেন রাত সাড়ে আটটায়। একজন গ্রাহক বলেন, ‘আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়লেই এ এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এ রকম আর কত দিন চলবে।’একই সমস্যা হয়েছিল ডেসকোর আওতাধীন পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায়। সেখানে থেকে থেকে বেশ কয়েকবার বিদ্যুতের আসা-যাওয়া চলেছে। সংশ্লিষ্ট বিদ্যুৎকর্মী ও কর্মকর্তারা জানান, অনেক দিন পর বৃষ্টি হওয়ায় পানি জমে বিতরণ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ এবং পশ্চিমা লঘুচাপের কারণে গত দুদিন যে বৃষ্টি হয়েছে তা আবহাওয়ায় শীতের প্রকোপ নিয়ে আসতে পারে। আজ রাতে সারা দেশেই তাপমাত্রা কমবে। গতকালের মতো একটানা না হলেও আজও ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ৬১ মিলিমিটার, ফরিদপুরে ৩৬, সিলেটে ৩২, ফেনী ও বরিশালে ২২, কক্সবাজার ও টাঙ্গাইলে ২০, ময়মনসিংহে ১৯, কুমিল্লা ও যশোরে ১৬ এবং চট্টগ্রামে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।বৃষ্টিতে ঢাকায় রোকেয়া সরণি, ইস্কাটন, নয়াপল্টনসহ কয়েকটি এলাকায় পানি জমে যায়। বৃষ্টির কারণে সকালে অফিস-আদালতগামী মানুষ বেশ সমস্যায় পড়েন। রাস্তায় রিকশাসহ যানবাহনও ছিল কম। বৃষ্টি কমার পর বিকেল তিনটার দিকে এক ঝলক সূর্যালোক দেখা যায়।চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, অন্ধ্রপ্রদেশে সৃষ্ট নিম্নচাপের বর্ধিতাংশের প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বিকেলে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।পতেঙ্গার আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, সকালে একটি নিম্নচাপ অন্ধ্র উপকূল অতিক্রম করে একই এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করায় এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।