বৃষ্টিতে সংস্কারকাজের লেজে-গোবরে অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির মধ্যেই কোনোমতে ইট, ইটের খোয়া ও বালু মিশিয়ে সংস্কার ও মেরামতের কাজ চলছে। এতে তৈরি হয়েছে লেজে-গোবরে অবস্থা। কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা।এদিকে বাসমালিক ও শ্রমিক নেতারা গতকাল মঙ্গলবার রাত থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চালানোর সিদ্ধান্ত নিলেও বাস না পেয়ে গতকাল দিনভর অতিরিক্ত ভাড়ায় যাতায়াত করতে হয়েছে যাত্রীদের। গতকাল ঢাকা-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহের চুরখাই, চরপাড়া মোড়, ত্রিশালের কানহর, বইলর, নওধার, ভালুকার কলেজ এলাকা থেকে থানার মোড়, হাজীরবাজার, সিডস্টোর, মাস্টারবাড়ী ও গাজীপুরের শ্রীপুরের নয়নপুর, জৈনাবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, বৃষ্টির মধ্যে ট্রাকের ওপর পাথর, ইট, ইটের খোয়া ও বালু মিশিয়ে সড়কের বিভিন্ন গর্ত ও উঁচু-নিচু স্থানগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান বিপিএল ও সেলটমা জেবির লোকজন কোনো রকমে ভরাট করছেন। আর বৃষ্টিতে কিছুক্ষণের মধ্যে বালু ধুয়ে পাথর ও ইটের খোয়া বেরিয়ে পড়ছে। অল্পসংখ্যক যানবাহন চলাচলের পর এসব সরে গিয়ে গর্ত বেরিয়ে পড়ছে আবার। মহাসড়কের মাওনা-ভালুকা অংশের যেসব স্থানে সংস্কারকাজ হচ্ছে, বৃষ্টির কারণে সেখানে কাদায় একাকার। একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, ‘আগে কষ্ট হলেও গর্ত দেখে মোটরসাইকেল চালাতাম। এখন কাদার কারণে গর্তের অবস্থান বোঝা যাচ্ছে না। বেশি সমস্যা হচ্ছে, পাশ দিয়ে কোনো গাড়ি গেলে কাদা ছিটিয়ে যাচ্ছে।’ত্রিশালের নওধার এলাকায় রাস্তার পাশের দোকানি সোহাগ হাসান বলেন, ‘দুই দিন আগে ভাঙা রাস্তায় ট্রাকের চাকা ফেটে একটি পাথর হঠাৎ দোকানে এসে মাথার ওপরে থাকা কাচের বোতলে লাগে। সব সময় ভয়ে থাকি, কখন পাথর এসে লাগে।’ সোহাগ বলেন, ‘গত সোমবার বৃষ্টিতে এসব স্থানে সংস্কারকাজ হয়েছে। আজ দেখেন কী অবস্থা। ঠিকমতো গাড়ি চললে আর উপায় নেই।’ভালুকা সেতুতে কথা হয় ট্রাকচালক সোহেল মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘যেভাবে বালুর সঙ্গে পাথর দেওয়া হচ্ছে, তাতে মানুষ মারার ব্যবস্থা করা হচ্ছে। পানিতে বালু সরে গেলে ভারী ট্রাকের চাকার আঘাতে এসব পাথর ছিটকে মানুষ আহত হবে। অন্য গাড়ির গ্লাসও ভাঙবে।’ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘সংস্কারকাজের মান খুবই খারাপ হচ্ছে। এ অবস্থায় গাড়ি বের করা হলেও তা কয় দিন চালানো যাবে, সেটি দেখার বিষয়।’কাজ সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠান সেলটমা জেবির সুপারভাইজার আবদুল হালিম বলেন, ‘বিশেষ কোনো অনুপাতে ইটের খোয়ার সঙ্গে বালু মেশানো হচ্ছে না। যেখানে যেমন মনে করছি, তেমন মেশাচ্ছি।’যাত্রীদের দুর্ভোগ: বাস চলাচল বন্ধ থাকার সুযোগে ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ ও মাসকান্দা বাসস্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, মাইক্রোবাস ও ছোট পিকআপগুলো গতকালও যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ ভাড়া আদায় করে। বাস চলাচল না করায় যাত্রীরাও ছিলেন জিম্মি। গত সোমবার সকাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) কয়েকটি বাস শম্ভুগঞ্জ থেকে সরাসরি ঢাকায় চললেও তা ছিল খুবই কম। ময়মনসিংহ রেলস্টেশনেও ছিল যাত্রীদের বাড়তি চাপ।গতকাল সকাল সাড়ে আটটার দিকে মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, জনপ্রতি ৩০০ টাকায় ঢাকায় যাওয়ার চুক্তিতে মাইক্রোবাসে যাত্রী তোলা হচ্ছে। বৃষ্টির মধ্যে অনেকটা নিঃশব্দে যাত্রীরা তা মেনে নিয়ে মাইক্রোতে উঠছেন। বেসরকারি কোম্পানির কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ‘ভাড়ার বিষয়টি নিয়ে কথা বলে কী লাভ। ঠেকেছি তো আমরা। বাধ্য হয়ে তিন গুণ ভাড়ায় যাচ্ছি।’অন্য সময় টাঙ্গাইল থেকে ঢাকায় যেতে একটি ট্যাক্সিক্যাব আড়াই হাজার টাকা ভাড়া নিলেও বাস চলাচল বন্ধের সুযোগে গতকাল তারা ভাড়া নেয় চার হাজার টাকা। মাইক্রোবাস আগে সাড়ে তিন হাজার টাকায় ঢাকায় গেলেও গতকাল নেয় ছয় হাজার টাকা। টাঙ্গাইল বাস টার্মিনালে গতকাল কথা হয় সদর উপজেলার ঘারিন্দা গ্রামের বৃদ্ধ আবদুল কুদ্দুসের সঙ্গে। গাড়ি না পেয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘এটা কি মগের মুল্লুক। এত দিন ধইরা গাড়ি বন্ধ, কারও কোনো মাথাব্যথা নাই।’