বৃষ্টিতে হাঁটুপানি, রোদে ভাঙা রাস্তা
‘বৃষ্টি নামলে হাঁটুপানি, রোদ উঠলে ভাঙা রাস্তা। নিজেদের আর পৌর এলাকার বাসিন্দা বলে মনে হয় না। মনে হয়, কোনো অজপাড়াগাঁয়ে বাস করছি’, কথাগুলো বলেন পাবনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান সিরাজ। দীর্ঘদিন ধরে পাবনা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতা নিয়ে চরম সমস্যায় থাকায় তিনি আক্ষেপ করে এ কথাগুলো বলেন। তবে এই আক্ষেপ শুধু তাঁর একার নয়, ওই এলাকার প্রায় এক হাজার পরিবারের একই আক্ষেপ।সরেজমিনে জানা গেছে, পাবনা পৌর এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছোট শালগাড়িয়া ও তালবাগান এলাকায় বসতি গড়ে ওঠে ২৫ বছর আগে। সে সময় ওই এলাকার বাসিন্দাদের জন্য একটি পাকা সড়ক নির্মাণ করা হলেও তা আর মেরামত করা হয়নি। এ ছাড়া ওই এলাকার পানি নিষ্কাশনের জন্যও কোনো পয়োনালা বা কার্লভার্ট নেই। ফলে রাস্তায় দীর্ঘদিন পানি জমে থেকে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অন্যদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়। ফলে শালগাড়িয়া পুরাতন এতিমখানা মহল্লা থেকে শুরু করে ছোট শালগাড়িয়া দিয়ে পাবনা জেনারেল হাসপাতাল এবং অপর দিকে তালবাগান মহল্লা হয়ে শহর বাইপাস পর্যন্ত এলাকাটির প্রায় দেড় হাজার পরিবার চরম অসুবিধায় রয়েছে। এসব এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।এলাকাবাসী জানান, একটু বৃষ্টি নামলেই বাড়িতে পানি উঠে যায়। পাঁচ থেকে সাত দিনের আগে সে পানি নামে না। পানি নেমে গেলে পরে দেখা যায়, সড়কগুলো পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঘর থেকে বাইরে বের হতে গেলেই পড়তে হয় গর্তে। ফলে বৃষ্টি হলেই ভয়ে থাকে এলাকার প্রতিটি মানুষ। বিষয়টি বহুবার পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তারা ০এখনো এলাকাবাসীর এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।তালবাগান মহল্লার বাসিন্দা শহিদুর রহমান জানান, পানি নিষ্কাশনের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে শহর বাইপাস সড়কে একটি কার্লভার্ট করা হয়। এই কার্লভার্ট দিয়ে এত দিন বৃষ্টির পানি বাইরে চলে যেত। কিন্তু সম্প্রতি ওই কার্লভার্টের পানিপ্রবাহের মুখে কিছু স্থাপনা তৈরি হওয়ায় এখন আর পানি নিষ্কাশন হচ্ছে না। এ ছাড়া পানি নিষ্কাশনের জন্য এলাকাটিতে কোনো পয়োনালা তৈরি করা হয়নি। ২৫ বছর আগে যে পয়োনালাগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোই আছে। কিন্তু ওই পয়োনালাগুলো ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।ছোট শালগাড়িয়া মহল্লার বাসিন্দা জি কে সাদি বলেন, ‘এই এলাকার বাসিন্দারা নিয়মিত পৌর কর পরিশোধ করেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ এলাবাসীর সুখ-সুবিধার দিকে নজর দেয় না। আমরা বেশ কয়েকবার বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার মেয়রকে জানিয়েছি। তাঁরা সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেননি। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে এলাকাটিতে নতুন নতুন বাড়িঘর তৈরি হয়ে সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করছে।’এ বিষয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল রহমান এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন জানান, এলাকাবাসীর সমস্যা সমাধানে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। বরাদ্দ না পাওয়ায় এখনো কিছু করা সম্ভব হয়নি। নতুন সড়ক, পয়োনালা ও কার্লভার্টের বরাদ্দ পাওয়া মাত্রই কাজ শুরু হবে।পৌর মেয়র কামরুল হাসান বলেন, পৌর এলাকার অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য ছিল। ইতিমধ্যেই বহু সড়ক নতুন করে কার্পেটিং ও মেরামত করা হয়েছে। শালগাড়িয়া মহল্লার অধিকাংশ সড়কই পাকা এবং সড়কের পাশ দিয়ে পয়োনালা করা হয়েছে। খুব শিগগিরই ওই এলাকার সড়কগুলোও মেরামত করা হবে। সেই সঙ্গে করা হবে পানি নিষ্কাশনের ব্যবস্থা।