বৃষ্টিপাতের ধরনে পরিবর্তনই অকাল বন্যার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষাকালীন স্বাভাবিক বন্যার তুলনায় কিছুটা বেশি এলাকা প্লাবিত হওয়ায় জনমনে অকালবন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাতের ধরনে ব্যাপক পরিবর্তনই দেশে বিলম্বিত বা অসময়ে বন্যার আশঙ্কা সৃষ্টি করেছে। তবে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের সূত্রগুলো এবং বেসরকারি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবার বড় কিংবা দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কা আপাতত নেই। কয়েক বছর ধরেই বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে। তার পরও এ বছর বর্ষা এসেছিল মোট পরিমাণের দিক থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের আশা নিয়ে। কিন্তু আবহাওয়াবিদদের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। দেশে এবার ভরা বর্ষার সময় জুলাই ও আগস্ট মাসে বৃষ্টিপাত যথাক্রমে স্বাভাবিকের চেয়ে ৩৬ ও ২৯ শতাংশ কম হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব প্রথম আলোকে বলেন, ‘শুধু যে মোট বৃষ্টি কম হয়েছে তা নয়, যখন যেখানে যেটুকু হওয়ার কথা, তা হয়নি। ভরা বর্ষায় হয়তো বেশ কয়েক দিন বৃষ্টি হলোই না। আবার কয়েক দিন টানা হলো। এটিই বড় সমস্যা সৃষ্টি করছে।’দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির অভাবে এ বছর আমন ধানের চাষ ব্যাহত হয়েছে। অনেক স্থানে মাঠ শুকিয়ে আবাদের ক্ষতি হয়েছে। কোথাও কোথাও সেচ দিয়ে কৃষক ফসল বাঁচিয়েছেন। আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাস থেকে শুরু করে এ বছরের মে মাস পর্যন্ত বর্ষা শুরুর আগে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। গত মার্চ মাসে দেশের অর্ধেকেরও বেশি এলাকায় (রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে) কার্যত খরা পরিস্থিতি ছিল। এপ্রিল-মে মাসে একমাত্র সিলেট বিভাগ ছাড়া দেশের কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি।জলবায়ু বিশেষজ্ঞ আতিক রহমান প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে আবহাওয়ায় অনিশ্চয়তা দেখা যাচ্ছে। তবে কয়েক বছর পরপর মৌসুমি বায়ুর আচরণে কিছু অনিয়ম হতে পারে এবং বাংলাদেশে এ বছর যে বৃষ্টি কম হয়েছে, তা খুব অস্বাভাবিক নয়। আতিক রহমান বলেন, এ বছর মৌসুমি বায়ু দেরিতে এসেছে এবং তা বেশি সক্রিয় ছিল আসাম ও হিমালয় অঞ্চলে। সেখানকার বৃষ্টি থেকেই অসময়ে বন্যা হচ্ছে। তবে এ বন্যা বড় আকার নেবে না। আর এ বন্যার একটি ভালো দিক হবে, এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির সঞ্চয় আবার কিছুটা পূর্ণ হবে। কম বৃষ্টির কারণে এ ভান্ডার সংকুচিত হয়ে যায়।সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন শুধু বাংলাদেশ নয়, সমগ্র এশিয়া মহাদেশেই শুরু হওয়া একটি প্রবণতা। গত ৩০-৩১ মে ঢাকায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক জোটের (জিসিসিএ) এশীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়া আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের প্রতিনিধিরা তাঁদের দেশে কয়েক বছর ধরে এই প্রবণতা চলছে বলে উল্লেখ করেন। তাঁরা জানান, এর ফলে অন্যান্য ক্ষয়ক্ষতির পাশাপাশি বন্যা বেড়েছে।দেশে এখন মৌসুমের প্রায় শেষ পর্যায়ে এসে বৃষ্টি বেড়েছে। এ বছর এই সময় দেশের বাইরে উজানেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভরা কটাল ও লঘুচাপের কারণে সমুদ্রে জোয়ারের উচ্চতা বেড়েছে। ফলে উজানের পানি স্বাভাবিকভাবে সমুদ্রে নেমে যাচ্ছে না।সর্বোপরি, দেশজুড়ে অনেক এলাকায় স্বাভাবিক প্রাকৃতিক বন্যাপ্রবাহ এলাকার (ফ্লাড প্লেইন) প্রকৃতি আমূল বদলে ফেলে অবকাঠামো নির্মাণ করায় বর্ষার পানি আটকে গিয়েও বন্যার সৃষ্টি করে। স্বাভাবিক অবস্থায় যে বন্যা হিতকর গণ্য হতে পারত, পরিবর্তিত অবস্থায় তা-ই অস্বাভাবিক বন্যা হয়ে উঠছে।আবহাওয়াপঞ্জি অনুযায়ী, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। চলে সেপ্টেম্বর মাস পর্যন্ত।পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছর দেশের প্রায় ৩০ শতাংশ এলাকা বন্যাকবলিত হয়েছিল। এ বছর এর পরিমাণ আরও কিছু বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত অস্বাভাবিক ও দীর্ঘমেয়াদি বন্যার কোনো আশঙ্কা নেই বলে ওই দুই প্রতিষ্ঠানের সূত্রগুলো জানিয়েছে।