বৃষ্টিভেজা কাঁঠালিচাঁপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার টুপটাপ বৃষ্টিতে আপনি ঘর থেকে বেরিয়েছেন। হাঁটছেন আনমনে, কোনো পার্কের পথ ধরে কিংবা নগরের বিক্ষিপ্ত সবুজের কোনো সরু পথ মাড়িয়ে। হঠাৎ ভেজা বাতাসে ভেসে এল কাঁঠালের মধুগন্ধ। আপনি ভাবছেন, ধারেকাছে হয়তো কাঁঠাল পেকেছে। কিন্তু ভালোভাবে তাকিয়ে দেখলেন আশপাশে কোনো কাঁঠালগাছের চিহ্নও নেই।তাহলে এমন মধুময় গন্ধের উৎস কী? আরেকটু ভালোভাবে অনুসন্ধান করলেই রহস্যের জট খুলে যাবে। এই কাজটি কাঁঠালিচাঁপার। সবুজ পাতার আড়ালে লুকিয়ে আপন মনে গন্ধ বিলাচ্ছে সে।কাঁঠালিচাঁপার ফুল আসলে এমনই। বড় বড় পাতার আড়ালে লুকিয়ে থেকে সুবাস ছড়িয়ে দিয়ে সবাইকে নিজের উপস্থিতি জানান দেয়। কাজেই ফুলটি খুঁজে পাওয়া অনেকটা আবিষ্কারের মতোই। গাছটির সঙ্গে পরিচয় সেই ছেলেবেলা থেকেই। নানাবাড়িতে কাচারিঘরের পাশে দুটি ঝোপ ছিল। তখন মনে হতো, ফুলহীন গাছ দুটির এত কদর কেন! পরে অবশ্য নিজের বাগানেও রেখেছিলাম গাছটি।নগরজীবনে কাঁঠালিচাঁপার আরেকটি ব্যবহার লক্ষণীয়। টবজাত গাছগুলো ঘরের ভেতরে সবুজ আবহ তৈরিতে জুতসই। কষ্টসহিষ্ণু বলেই এরা রোদ-বৃষ্টি ছাড়া স্বল্প আলোতেও ভালোভাবেই বেঁচে থাকতে পারে। তবে গৃহবন্দী গাছগুলোয় ফুল ফোটার কোনো সম্ভাবনাই নেই। কারণ, ফুল ফোটানোর জন্য ওদের বৃষ্টি প্রয়োজন।আমাদের চারপাশে এমন কিছু বৃক্ষ রয়েছে, যেসব বৃক্ষের ফুল সরাসরি চোখে পড়ে না। খুঁজে বের করতে হয়। কাঁঠালিচাঁপা তেমনি একটি গাছ। এ গাছ যতটা সহজলভ্য, ফুল ততটা নয়। কারণ একাধিক। অন্যান্য কারণের পাশাপাশি সংক্ষিপ্ত প্রস্ফুটনকালই এ ক্ষেত্রে মুখ্য। বছরের বাকি সময় পাতার সৌন্দর্য কিংবা কোনো উদ্যানকর্মীর শৈল্পিক আদলে গড়া ভিন্ন কোনো অবয়ব দেখেই আমাদের কাটাতে হয়। কিন্তু ব্যাংককের রাজপথে এ ফুলকে দৃশ্যমান রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মোটা লোহার আর্চের ওপর মাত্র দু-একটি লতা তুলে বেঁধে দেওয়া হয়েছে, তাতে প্রস্ফুটিত ফুলগুলো খুব সহজেই চোখে পড়ে। বিশেষত গ্রীষ্ম-বর্ষায় প্রতিদিন দু-এক পশলা বৃষ্টি হওয়ায় সংখ্যায়ও বেশি থাকে।আমাদের দেশে কাঁঠালিচাঁপার (Artabotrys odoratissimus) ততটা যত্ন-আত্তি হয় না, তবে প্রায় সব বাগানেই চোখে পড়ে। কাষ্ঠল-লতার গাছ, কখনো কখনো বড় ঝাড়, ছেঁটে দিলে দাঁড়িয়ে থাকতে পারে, বড় হলে নুয়ে পড়ে। ছোট ডালগুলো কাঁটায় রূপান্তরিত হতে পারে। পাতা উজ্জ্বল সবুজ, আয়ত-ভল্লাকার। ফুল ফোটে গ্রীষ্ম ও বর্ষায়, অন্যান্য সময়েও হঠাৎ দু-একটির দেখা মেলে। অপরিণত ফুলের রং কাঁচা সবুজ, পরিণত হলে পাকা কাঁঠালের গন্ধ ছড়ায়। সেই সূত্র ধরে অনেকেই ফুল শনাক্ত করেন। রং হলদেটে বা সোনালি হলুদ, কাক্ষিক, পাপড়ির সংখ্যা ৬ এবং খোলা। ফুলের বোঁটা বাঁকা, আঁকশির গড়ন। গুচ্ছবদ্ধ ফল গোলাকার, দেখতে অনেকটা আঙুরের থোকার মতো, পাখিদের প্রিয়। আদি আবাস ইন্দো-মালয়।