বৃষ্টিভেজা দিনে মাদককে না বলার প্রত্যয়
বিকেলের কাঠ-ফাটা রোদ্দুরে দর্শকেরা ঘেমে-নেয়ে একাকার, তার পরও তুমুল উত্তেজনা। তা দেখেই কি না কে জানে, রোদ সরে গিয়ে আষাঢ়ের মেঘ আকাশে! রাজশাহী জেলা স্টেডিয়াম মাঠে আজ শুক্রবার ‘প্রথম আলো-বাংলালিংক মাদকবিরোধী কনসার্ট-২০১২’-তে ছিল হাজার হাজার দর্শকের সরব উপস্থিতি। এ দিনে বৃষ্টিকেও উপেক্ষা করে তারা দৃপ্ত কণ্ঠে মাদককে না বলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।প্রথমবারের মতো প্রথম আলো ট্রাস্টের আয়োজনে প্রথম আলো বন্ধুসভা সহযোগিতায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়। প্রথম আলোর মাদকবিরোধী এই আয়োজনে সংগীতশিল্পীদের সঙ্গে মাদকের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন তরুণেরা। প্রথমবারের মতো রাজশাহীতে মাদকবিরোধী এই কনসার্টে হাজারো দর্শকের বেশির ভাগই ছিল তরুণ প্রজন্মের। অনুষ্ঠান শুরুর খানিকটা আগেই স্টেডিয়ামের মাঠ-ভরা দর্শকের পরে গ্যালারিতেও যেন ‘তিল ঠাঁই আর নাহি রে’। অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক ইকবাল কবীর শিল্পী মাহামুদুজ্জামান বাবু ও তাঁর ব্যান্ড দল মৃত্তিকাকে মঞ্চে আসার আহ্বান জানান। মাহামুদুজ্জামান বাবু মঞ্চে এসেই বললেন, মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে অনেক বিদেশি আমাদের জন্য অনেক কবিতা ও গান লিখে স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তেমনই একজন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি দিয়ে তিনি পরিবেশনা শুরু করেন। একে একে গেয়ে শোনান ‘চে গুয়েভারা’, ‘ভয় নেই’, ‘আমি বাংলায় গান গাই’—গানগুলো।এর পরে মঞ্চ আসেন রাজশাহীর মেয়ে নদী। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’—গানের সঙ্গে দর্শকেরাও কণ্ঠ মেলালেন। তবে শ্রাবণের মেঘ জড়ো না হলেও আকাশে তখন ঘন কাল আষাঢ়ের মেঘ ভর করেছে! সেই মেঘের সঙ্গে কি বৃষ্টির কনা চাই? সঞ্চালকের ঘোষণায় দর্শকদের আর বুঝতে বাকি থাকে না যে, মঞ্চে শিল্পী কনাই আসছে। কনা এসে বললেন, কী বলেন—বৃষ্টি তাহলে নামিয়েই ফেলি! এরপরে এমন গান গাইলেন আকাশও যেন সেই গান শুনতে পেল! ‘ঝুমঝুম বৃষ্টি, কী অনা সৃষ্টি’ এই গানের সঙ্গে সঙ্গে অঝোরে শুরু হয় বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেই যে ছুট দেওয়া নয়, তা বোঝা গেল দর্শকদের মনভাবে। বৃষ্টির মধ্যেই ভিজে নেচে-গেয়ে মাদকের বিরুদ্ধে না বলে তাঁরা জানান দিলেন ‘আমরা শিল্পীদের সঙ্গেই আছি’। বৃষ্টিতেই কনা গাইলেন আরও দুটি গান।এলআরবি, মৃত্তিকা, শিরোনামহীন, আসিফ আকবর, কনা, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বিশেষ প্রতিনিধি কামরুল হাসান, মনোরোগ চিকিত্সক আহমেদ হেলাল দর্শকদের উদ্দেশে মাদককে ‘না’ বলার আহ্বান জানান। দুই হাত উঁচু করে দর্শকেরা মাদকের বিরুদ্ধে তাঁদের অবস্থান তুলে ধরেন ও চিত্কার করে মাদককে না বলেন।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মাদকের ভয়াবহতা তুলে ধরে দর্শকদের মাদক থেকে বিরত থাকার আহ্বান জানান।মনোরোগ চিকিত্সক আহমেদ হেলাল বলেন, প্রতিবছর আমাদের দেশে মাদকের জন্য প্রায় নয় হাজার কোটি টাকা নষ্ট হয়। মাদক থেকে বিরত থেকে আমরা এই টাকা দিয়েই পদ্মা সেতু তৈরি করতে পারি।বৃষ্টি চলছেই। গানের অনুষ্ঠানের ইতি টেনে মঞ্চে এসে দর্শকদের ডাকে সাড়া দেন শিল্পী আসিফ আকবর ও আইয়ুব বাচ্চু। তুমুল বৃষ্টিতেও তাঁদের হাত নেড়ে জবাব দিলেন দর্শকেরা। ভালোবাসার কথাটা জানাতেও ভুললেন না। আবার রাজশাহীতে আসার আমন্ত্রণ জানালেন। ব্যান্ড দল শিরোনামহীনের তুহিন দর্শকদের শোনালেন এমন একজনের কথা যিনি মাদক নিতে প্রতিদিন ২০০ টাকা খরচ করতেন। একদিন সে নিজের ভুল বুঝতে পেরে সেই টাকা মাদকের পেছনে খরচ না করে মাদক গ্রহণের সময় গল্প-কবিতা লেখে। তাঁর জীবনটা বদলে যায়।অনুষ্ঠান শেষ হলেও দর্শকেরা অনেকেই বৃষ্টিতে ভিজে মজা করছিলেন, তাদের দেখে কে বলবে অনুষ্ঠান শেষ!