বৃষ্টিভেজা প্রাণবন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো পৃথিবীর পাঠশালায়’ স্লোগান সামনে রেখে গতকাল বুধবার শুরু হলো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। পাইলট অনুষ্ঠান হিসেবে রাজধানীর অদূরে সাভারে আয়োজিত এই উৎসব ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই শ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও সাভার উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই আয়োজন পরিণত হয় শিক্ষার্থীদের মিলনমেলায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় শুভ সূচনা হয়। সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা খানম উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের উপস্থাপনায় এতে বক্তব্য দেন গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও গতবারের উৎসবের আই-জিনিয়াস ফরহাদ হোসেন খান।সৈয়দ তাহমিদ আজিজুল হক বলেন, ‘ইন্টারনেট আমাদের মধ্যে জ্ঞানের আলো ছড়াচ্ছে। তথ্যপ্রযুক্তির ভান্ডার এই ইন্টারনেট ব্যবহার করে তোমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে।’ সাজ্জাদ শরিফ বলেন, ইন্টারনেট ব্যবহার করে যেকোনো তথ্য ঘরে বসে হাতের মুঠোয় পাওয়া সম্ভব। তিনি বলেন, ‘তোমরাই একসময় বাংলাদেশ ও পৃথিবীকে এগিয়ে নেবে। তাই প্রথম আলো তোমাদের প্রতি দায়িত্ব অনুভব করে। এই দায়িত্ব থেকেই তরুণদের জন্য নানা অনুষ্ঠান করে আসছে পত্রিকাটি। শুধু তরুণদের জন্যই নয়, এসিড-সন্ত্রাস ও অদম্য মেধাবীদের নিয়েও কাজ করে প্রথম আলো ।’ তিনি বলেন, ‘আমরা বলি, বদলে যাও বদলে দাও। এই বদলে যাওয়ার শুরু তোমাদের নিজেদের মধ্য থেকেই করতে হবে। আর তোমরা যখন ইন্টারনেট ব্যবহার করতে শুরু করবে, তোমাদের বদলে যাওয়া ত্বরান্বিত হবে।’ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ, গ্রামীণফোনের কর্মকর্তা মুনতাসির হোসেন ও খায়রুল বাশার। উৎসবে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, রেডিও কলোনি স্কুল, অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুল, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়, সাভার ল্যাবরেটরি স্কুল, অ্যাসেড স্কুল, স্কুলেক্স, দি বেস্ট স্কুল ও শাহীন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ২৫০ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য বাছাই করা হয় ৫০ জনকে। আই-জিনিয়াস নির্বাচিত হয় বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এনাম হোসেন। আয়োজনে আরও ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর, ফটো জোনসহ চমৎকার সব ইভেন্ট। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এসব ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। উচ্ছ্বাস ধরে রাখতে পারছিল না সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তনুশ্রী সাহা। ‘এ রকম একটি শিক্ষামূলক অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি ধন্য।’ বলে তনুশ্রী। প্রায় দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর হ্যাপিনেস মেশিন ইভেন্টে অংশ নিয়ে বিজয়ী হয় অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রিয়াদ হোসেন। রিয়াদ বলে, ‘বিজয়ী হয়ে দাঁড়িয়ে থাকার কষ্ট ভুলে গেছি।’ উৎসব সফল করতে সাহায্য করেন সাভার বন্ধুসভার বন্ধুরা। এ বছর প্রথম আলো ও গ্রামীণফোন সারা দেশে ১২০টি স্থানে এই ইন্টারনেট উৎসবের আয়োজন করেছে। সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম ও শিক্ষা মন্ত্রণালয়। আরও সহযোগী রয়েছে নকিয়া, চ্যানেল আই, গুগল, রেডিও ফুর্তি, এবিসি রেডিও ও অপেরামিনি। গত বছর ১০১টি স্থানে এই উৎসব হয়।