বৃষ্টিভেজা সন্ধ্যায় ‘হয়ত তোমারই জন্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন প্রচণ্ড গরমের শেষে সন্ধ্যায় ছিল স্বস্তির বাতাস। একটু পরেই নামল বৃষ্টি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সমাগত শ্রোতারা বৃষ্টিভেজা সন্ধ্যায় উপভোগ করলেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের গান ।গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পীর একক গানের সিডি হয়ত তোমারই জন্য প্রকাশনা অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। সিডির মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। মতিউর রহমান বলেন, ‘আমাদের দেশের বড় আন্দোলনগুলো হয়েছে ষাটের দশকে। এই সময় থেকেই শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান গান করেন। তাঁর গানের মুগ্ধ শ্রোতা ছিলাম আমরা। দেশে-বিদেশেও তাঁর গাওয়া গান প্রশংসিত হয়েছে।’ অনুষ্ঠানে শুরুতে শিল্পী গেয়ে শোনান ‘এই সুন্দর পৃথিবী ছেড়ে’, ‘এত সুর আর এত গান’, ‘যদি কিছু আমারে শুধাও’, ‘এখনো আকাশে চাঁদ’সহ বেশ কিছু গান। মোড়ক উন্মোচনের পর শিল্পী সদ্য প্রকাশিত হয়ত তোমারই জন্য অ্যালবাম থেকে গেয়ে শোনান ‘হয়ত তোমারই জন্য’, ‘দীপ ছিল শিখা ছিল’, ‘যদি কিছু আমারে শুধাও’, ‘তোমার সঙ্গে হঠাৎ দেখা’, ‘এত সুর আর এত গান’, ‘যে মালা শুকায়’, ‘তোমার আকাশ ভরে’সহ বেশ কিছু গান। অ্যালবামের গানগুলোতে সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।‘বৃত্তের ভেতর বৃত্তায়ন’ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে গতকাল বুধবার শুরু হয়েছে শিল্পী মোস্তাফিজ কারিগরের একক চিত্রকর্ম প্রদর্শনী। বিকেলে ‘বৃত্তের ভেতর বৃত্তায়ন’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পসমালোচক মঈনুদ্দীন খালেদ, আলিয়ঁস ফ্রঁসেজের সহপরিচালক জেহম্ শাখ্বনো।প্রদর্শনীতে শিল্পীর ৩৫টি চিত্রকর্ম রয়েছে। তেল রং, অ্যাক্রিলিক, কালি-কলমে ক্যানভাস ও কাগজে ছবি এঁকেছেন মোস্তাফিজ। তাঁর চিত্রকর্মে উজ্জ্বল রঙের ব্যবহার সীমিত। অল্প রঙে আকার-আকৃতি, পরিসর ও কম্পোজিশনের নিরীক্ষামূলক প্রয়োগের মধ্য দিয়ে ব্যঞ্জনাময় হয়ে উঠছে তাঁর কাজ। গুহাযুগ থেকে শুরু করে এই বর্তমান সময়ে মানুষের জীবনযাপনের নানা ঘাত-প্রতিঘাতকে বিষয়বস্তু করে কাজ করেছেন তিনি। শিল্পী মোস্তাফিজ কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। আগামী ২ মে পর্যন্ত চলবে এ প্রদর্শনী। গুলশানে নতুন শিল্প ও সংস্কৃতি কেন্দ্রের যাত্রা শুরুনতুন একটি শিল্প ও সংস্কৃতিকেন্দ্রের যাত্রা শুরু হলো রাজধানীতে। গত মঙ্গলবার একটি যৌথ শিল্পকর্মের প্রদর্শনী দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে গুলশান-১ সার্কেলের ১/এ সড়কের ২ নম্বর বাড়ির ‘ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচার’ নামের এই প্রতিষ্ঠানের।‘দি ভয়েস অব টাইম’ নামের এই প্রদর্শনীতে সমকালীন নবীন-প্রবীণ ৪৫ জন শিল্পীর ৮৮টি শিল্পকর্ম রয়েছে। কোনো আনুষ্ঠানিক উদ্বোধনের পর্ব ছিল না। প্রদর্শনীর শুরুর দিনে সন্ধ্যায় এসেছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমদ, কালিদাস কর্মকার, শহীদ কবির, হামিদুজ্জামান খান, মোহাম্মদ ইউনুস, আইভি জামান, কনকচাঁপা চাকমা, গুলশান হুসেন প্রমুখ। প্রদর্শনী চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা।প্রতিষ্ঠানটির পরিচালক ইশরাত আখন্দ জানান, এখানে নিয়মিত শিল্পকর্ম প্রদর্শনীর পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের নিয়ে অনুষ্ঠান, শিল্পীদের আবাসিক কর্মশালা এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন শেখানোর নিয়মিত কোর্স চালু করা হবে। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও শিল্প-সংস্কৃতি বিষয়ে বিশেষ কোর্স চালু করা হবে।ইতিমধ্যেই এখানে এক মাসের জন্য যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি শিল্পী আবু জাফর চিত্রাঙ্কন রচনা করছেন। আগামী মাসে তাঁর শিল্পকর্মের প্রদর্শনী হবে।শাহ আবদুল করিমের গানআজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে শাহ আবদুল করিমের গানের আসর। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে দর্শনীর বিনিময়ে এই আসরে গান শোনাবেন মন্দিরা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এ ছাড়া আগামীকাল শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মঞ্চে সংগঠনের সারা দেশের সংগীতকর্মীদের নিয়ে প্রতিনিধি সভা, আড্ডা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনের উদ্বোধন করবেন লোকগানের শিল্পী অমর চন্দ্র শীল। প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত নজরুলসংগীতজ্ঞ সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রতিনিধিদের বক্তব্যের পাশাপাশি সংগীত দলগুলোর দলীয় পরিবেশনা থাকবে।হাসান আরিফের একক আবৃত্তি অনুষ্ঠানআজ বৃহস্পতিবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আবৃত্তিশিল্পী হাসান আরিফের একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘আমার রবীন্দ্রনাথ’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।