বৃষ্টির জন্য কমলাচাষিদের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাঘ মাস শেষ অইয়া ফালগুন হামাইজার, আবো মেঘর খবর নাই। গত বছরও কমলার ফলন ভালা অইছে না। মেঘ না অইলে ইবারও ফলন অইত নায়। মেঘ অইত কোন দিন আর ফুল ফুটত কোন দিন? মনে অয়, বাপ-দাদার আমলর কমলার বাগান আর টিকাইতাম পারতাম নায়।’ বিয়ানীবাজারের জলঢুপী পাহাড়িয়াবহরের প্রবীণ কমলাচাষি হাজি আবদুল ওয়াহিদ দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলেন। সময় হলেও অনাবৃষ্টির কারণে ফুল না ফোটায় শঙ্কিত তিনি। জলঢুপী কমলাবাড়ির তরুণ কমলাচাষি জাবেদ আহমদ বলেন, ‘লেখাপড়া শেষ করে বন্ধুদের মতো বিদেশে না গিয়ে বড় আশা করে কমলার বাগান করেছিলাম। আট বছর পরিচর্যার পর কমলার আকার দেখে হতাশ হয়েছি। আর গত দুই বছর তো ফলনই নেই। এখন চোখে অন্ধকার দেখছি।’উপজেলার জলঢুপী এলাকার কমলার সুখ্যাতি আবারও ফিরে আসবে। বাম্পার ফলন হবে জলঢুপী পাহাড়িয়াবহরের প্রতিটি কমলার বাগানে, এমন আশাই জেগে ছিল এখানকার কমলাচাষিদের মনে। ২০০১ সালে সরকার গৃহীত আট বছর মেয়াদি একটি প্রকল্প তাঁদের মনে এ আশার বীজ বুনেছিল। কিন্তু আট বছর পর তাঁদের আশা ফিকে হতে হতে প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থ হিসেবে প্রতীয়মান হয়েছে তাঁদের কাছে। প্রকল্পের চারা নিয়ে বাগান করা কৃষকদের দীর্ঘশ্বাস আর আহাজারি ক্রমেই বাড়ছে। কমলার চারা বলে যে চারাগুলো দেওয়া হয়েছে, তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে চাষিদের মধ্যে। এ চাষিরা জানান, গাছগুলোর কমলা আকারে এত ছোট যে বড় মার্বেলের মতো লাগে দেখতে। আর ফলনও কম। এক গাছে ১৫-২০টির বেশি ধরে না। সে তুলনায় পুরোনো গাছগুলোতে এখনো বেশি ফলন হয়।চন্দগ্রামের শৌখিন কমলাচাষি দেওয়ান মাকসুদুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, ‘কমলা উন্নয়ন প্রকল্পের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি শৌখিন চাষি। তাই তেমন ক্ষতি নেই। কিন্তু পেশাদার কমলাচাষিরা এ প্রকল্পের চারা লাগিয়ে সর্বস্বান্ত হয়ে এখন কমলা চাষেই আগ্রহ হারিয়ে ফেলেছেন।’ সরকারের মহত্ এ প্রকল্পটি যাঁরা ব্যর্থ করেছেন, সেসব অসাধু কর্মকর্তার শাস্তি দাবি করেন চাষিরা। একসময় বাণিজ্যিকভাবে কমলার চাষ হতো এ অঞ্চলে, কিন্তু সঠিক পরিচর্যা, পরিকল্পনা, পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের অভাবে ধীরে ধীরে কমে যায় কমলার উত্পাদন। দীর্ঘদিন পর সরকার গৃহীত এ প্রকল্পের ফলে আবারও নতুন করে শুরু হয়েছিল কমলার চাষ। উপজেলার পাড়িয়ারবহর, আষ্টসাঙ্গন, কালাউরা, উছপাড়া ও বড়গ্রামের প্রায় ১৫০ বাগানে কৃষকেরা রোপণ করেছিলেন কমলার চারা। কিন্তু আট বছর পরিচর্যার পর ফল হলো ‘মার্বেল’। এখন কমলা বাগান বলতে পুরোনো বাগানগুলোই সার। গত বছর তিন-চারটি পুরোনো বাগান ছাড়া ১৫০টি বাগানের অন্যগুলোতে ফোটেনি ফুল, ধরেনি কমলা নামের সুস্বাদু ফল। অনাবৃষ্টির কারণে গত বছর কমলার ফলন ভালো হয়নি। তাই এ বছর এখনো বৃষ্টি না হওয়ায় শঙ্কিত কৃষকেরা। কারণ, সময়মতো বৃষ্টি না হলে এ বছরও ফলন ভালো হবে না কমলার। সেচের জন্য নেই ফুডপাম্পের ব্যবস্থা। এর সঙ্গে রয়েছে পোকার আক্রমণ। সেচপাম্পের জন্য বারবার আবেদন করেও সাড়া পাওয়া যায়নি বলে জানান পদকপ্রাপ্ত কমলাচাষি বিষ্ণুপদ ভট্টাচার্য। পোকা নিধনের ওষুধ ও স্প্রে পাওয়া যায় না পর্যাপ্ত পরিমাণে। তাই গান্ধী পোকার আক্রমণে ঝরে পড়ে কাঁচা ও আধাপাকা কমলা। বাধ্য হয়ে কাঁচা অবস্থায়ই কমলা পাড়তে হয় কৃষকদের। চাষিরা আরও জানান, পাম্প স্প্রে বা ওষুধ দূরে থাক, এমনকি পরামর্শ দেওয়ার জন্যও কাউকে পাওয়া যায় না। কৃষকদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। উপজেলা কৃষি অফিসে গিয়েও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন চাষিরা। পাড়িয়ারবহরের প্রবীণ কমলাচাষি হাজি আবদুল ওয়াহিদ বলেন, ‘বাপ-দাদার আমল তাকি কমলার চাষ করিয়ার, কিন্তু এখন সরকারি পৃষ্ঠপোষকতা না পাইলে মনে হয় বাদ দেওয়া লাগব।’ বিয়ানীবাজারে কমলার সুদিন আবারও ফিরিয়ে আনার জন্য চাষিদের উচ্চতর প্রশিক্ষণ, সেচের জন্য ফুডপাম্প, বাজারজাতকরণ ও কমলা সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি করেছেন তাঁরা। তাঁদের বিশ্বাস, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও ফিরে আসবে বিয়ানীবাজারের জলঢুপী কমলার ঐতিহ্য। চাষিরা এ ব্যাপারে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের শুভদৃষ্টি কামনা করেছেন।কমলাচাষিদের অভিযোগ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সেন বলেন, প্রকল্পের কমলার চারা সম্পর্কে চাষিদের অভিযোগ আমি শুনে কয়েকটি বাগান পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। ফলন কম হওয়া সম্পর্কে তিনি বিয়ানীবাজারের কমলা বাগানগুলোতে আন্তপরিচর্যার অভাব রয়েছে বলে মন্তব্য করেন। সহযোগিতা পান না বলে চাষিরা যে অভিযোগ করেছেন, তা সত্য বলে স্বীকার করে তিনি বলেন, কমলা উন্নয়ন প্রকল্পটি এখন নেই, তাই চাষিরা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। তবে আমরা সাধ্যমতো সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। বিয়ানীবাজারে মোট ১৫০টি কমলা বাগানে ৫৭ দশমিক ৫২ হেক্টর জমিতে কমলা চাষ হয় বলে জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন, নতুন প্রকল্প নেওয়ার চিন্তাও আমাদের রয়েছে। কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং কমলা ব্যবসায় প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করা হবে। শুধু কমলা নয়, আনারসসহ অন্যান্য ফল ও সবজি সংরক্ষণের জন্য হিমাগারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে হিমাগার স্থাপনে প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।