বৃষ্টির পানিতে ধসে যাচ্ছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির পানিতে ধসে যাচ্ছে বগুড়ার শেরপুর থেকে সিরাজগঞ্জের কাজীপুরগামী গুরুত্বপূর্ণ সড়কের শেরপুর উপজেলা এলাকার বিভিন্ন স্থান। ধসে যাওয়ার কারণে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহনচালকেরা অভিযোগ করেছেন, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বাড়বে সড়ক দুর্ঘটনা।সরেজমিন দেখা যায়, শেরপুরের ধুনট রোড থেকে উপজেলার বথুয়াবাড়ী সেতু এলাকা পর্যন্ত সড়কটির প্রায় ১২ কিলোমিটার অংশের ৫০টি স্থানে পাশ থেকে সরে যাচ্ছে কার্পেটিং। ধসে যাওয়ার কারণে সড়কটির অবকাঠামো পর্যন্ত ভেঙে পড়ছে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিতে এমনটি হয়েছে বলে দাবি করেন ওই সড়কের পাশে বসবাসকারী লোকজন।সড়কটির পাশে শুবলী গ্রামের আবদুল জলিল বলেন, রাস্তাটি বর্ষা মৌসুমে প্রতি বছরই ধসে যায়। বর্ষার পরে সড়ক ও জনপথ বিভাগ এসে নামমাত্র সংস্কার করে। কিন্তু কোনো সংস্কার দুই বছর স্থায়ী হয় না। সড়ক দিয়ে চলাচলকারী বাসচালক লোকমান হোসেন বলেন, এ পথ দিয়ে শেরপুরের সঙ্গে পার্শ্ববর্তী বগুড়ার ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুর এলাকার যোগাযোগ। ওই দুই উপজেলার ১০টি রুটে প্রতিদিন দুই শতাধিক যানবাহন চলাচল করে। এখন ভাঙা এ সড়ক দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার না করা হলে ওই দুই উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে লোকমান হোসেন আশঙ্কা প্রকাশ করেন। এতে দুর্ভোগে পড়বে পাঁচ লাখ মানুষ।শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের মো. লুলু বলেন, সড়কটির সংস্কারের জন্য তাঁরা উপজেলা সড়ক ও জনপথ কার্যালয়ে একাধিকবার জানিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট বিভাগ কোনো গুরুত্ব দেয়নি। ফলে দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়কটি। গত ছয় মাসে ওই সড়কের ধসে যাওয়া গর্তে পড়ে শতাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দুর্ঘটনা বাড়ছে। চালকেরা মাঝেমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন নিয়ে ধসে যাওয়া খাদে পড়ে যান। এতে হতাহতের ঘটনা ঘটছে।উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু বলেন, সড়কটি সংস্কারের প্রয়োজন। তিনি এ ব্যাপরে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেবেন।বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, সড়কটি অনেক আগেই সংস্কার করা প্রয়োজন ছিল। তাঁরা এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানিয়েছেন। কিন্তু টাকার অভাবে দ্রুত সংস্কার করা সম্ভব হয়ে উঠছে না।