দিনভর বৃষ্টি। কখনো মুষলধারে, কখনো বা ঝিরঝিরে। তবে বর্ষার এই বারিধারায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দোৎসব আটকায়নি। শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলেমিশে গতকাল শুক্রবার উদ্যাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই থেকে দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদ্যাপিত হচ্ছে। দিনটি উদ্যাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সেজেছিল নতুন রূপে। দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন তারুণ্যের জয়গান গেয়ে। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সবাই নেমে এসেছিলেন এক কাতারে।এবারের বিশ্ববিদ্যালয় দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা’। এ উপলক্ষে ক্যাম্পাসে তিন দিনের কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকে তা শুরু হয়েছে। রংবেরঙের বেলুন, ফেস্টুন ও ব্যানার নিয়ে সকাল পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রাধ্যক্ষের নেতৃত্বে শিক্ষার্থীরা জড়ো হন প্রশাসনিক ভবনের সামনের মল চত্বরে। এরপর উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের উপস্থিতিতে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওড়ানো হয় নয়টি কবুতর।এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বর্ণাঢ্য একটি আনন্দ-শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মল চত্বর থেকে টিএসসি মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, উচ্চশিক্ষা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দরকার টেকসই ও যুগোপযোগী শিক্ষা। তাই শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় করে দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য একটি পরিষদকে দীর্ঘদিন কাজ করে যেতে হবে। আলোচনা সভার উদ্বোধন করে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সম্প্রতি নির্যাতনের শিকার হয়ে দৃষ্টিশক্তি হারানো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মনজুরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘দেশে-বিদেশে অনেকেই বিশ্ববিদ্যালয়ের এ উদ্যাপন দেখতে পারবে, কিন্তু তিনি (রুমানা) আমাদের কাছাকাছি থেকেও তা দেখতে পারবেন না। পরিবারের সবচেয়ে কাছের লোকের নির্যাতনে তাঁর এমনটা হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে, শিক্ষার মূল লক্ষ্য থেকে আমরা অনেক পিছিয়ে আছি।’ উপাচার্য আরও বলেন, মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করাই শিক্ষার মূল লক্ষ্য। মনুষ্যত্বহীন শিক্ষা সমাজ ও জাতির কোনো কল্যাণে আসে না। তিনি শুধু তাত্ত্বিক শিক্ষা গ্রহণ নয়, ব্যবহারিক জীবনে এর প্রয়োগ ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, কেবল সনদ প্রদান নয়, জাতির প্রয়োজনে অনেক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ মীজানুর রহমান বক্তব্য দেন।বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বেলা দেড়টায় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কারবিষয়ক প্রদর্শনী, বেলা আড়াইটায় টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সংগঠনের আয়োজনে বিতর্ক অনুষ্ঠান এবং বেলা তিনটায় বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান হয়। এ ছাড়া বিকেল পৌনে চারটায় টিএসসি মিলনায়তনে গ্র্যান্ডমাস্টার্স র্যাপিড দাবা প্রতিযোগিতা, বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ছাত্র ও সাংবাদিকেরা অংশ নেন। এ ছাড়া সংগীত বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিকেল পাঁচটায় টিএসসি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাতটায় নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক পরিবেশিত হয়। সন্ধ্যায় মল চত্বরে ফরাসি দূতাবাসের সহযোগিতায় ব্যান্ডসংগীতের আয়োজন করা হয়।