বৃহত্তর নোয়াখালীতে আজ আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতিসহ চার নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার বৃহত্তর নোয়াখালীর তিন জেলায় আধা বেলা হরতাল ডাকা হয়েছে। এদিকে পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনী আইন বাতিলের দাবিতে খাগড়াছড়ি জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।শিবিরের নোয়াখালী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নেয়ামতউল্লাহ প্রথম আলোকে জানান, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফখরুদ্দিন, দপ্তর সম্পাদক আতিকুল ইসলামসহ চার নেতাকে সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফখরুদ্দিনের বাড়ি ফেনী ও আতিকুলের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। চার নেতা গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় আজ ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা হরতাল ডেকেছেন।নেয়ামতউল্লাহ বলেন, তাঁরা স্থানীয়ভাবে হরতালের সিদ্ধান্ত নেন। পরে কেন্দ্রীয় নেতারা অনুমোদন দেন। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান বলেন, শান্তিপূর্ণ হরতালে পুলিশ কোনো হস্তক্ষেপ করবে না। তবে কেউ হরতালকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা শাখার আহ্বায়ক আবদুল মজিদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের মোট জনগোষ্ঠীর অর্ধেক বাঙালি। বাঙালিদের বঞ্চিত করে শুধু আদিবাসীদের জন্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন, ২০১৩ একতরফাভাবে অনুমোদিত হলে পার্বত্যাঞ্চলে আবার অশান্তি সৃষ্টি হবে। মন্ত্রিসভায় অনুমোদিত এই আইন বাতিলের দাবিতে তাই আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। রংপুরে কাল হরতাল: ইউএনবির এক খবরে বলা হয়, রংপুর জেলা বিএনপি কাল সোমবার আট ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করবে। গতকাল শনিবার জেলা বিএনপির আহ্বায়ক মোজ্জাফ্ফর হোসেন রংপুর শহরে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দলের ছয় নেতা-কর্মীর মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। বিএনপির অঙ্গসংঠন যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকে গত ২০ মে বোমাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।