বৃহত্তর নোয়াখালীতে জামায়াতের হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর নোয়াখালীতে আগামীকাল রোববারের হরতাল প্রত্যাহার করেছে জামায়াতে ইসলামী। শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের তিরোভাব (রামঠাকুর) উত্সব কমিটির আহ্বানে ওই হরতাল প্রত্যাহার করা হয়েছে। বৃহত্তর নোয়াখালীর তিন জেলা—ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর—ছাড়া আশপাশের জেলাগুলো থেকেও হাজারো ঠাকুরভক্ত উত্সবে যোগ দিয়ে থাকেন। প্রতিবছরের মতো এবারও চার দিনের উত্সবের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বিকেল থেকে উত্সব চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। ঠাকুর রামচন্দ্র দেব উত্সব কমিটির সম্পাদক তপন রায় চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, উত্সবে ভক্তদের যোগদানের সুবিধার জন্য কমিটির পক্ষ থেকে রোববারের হরতাল প্রত্যাহারে বৃহত্তর নোয়াখালীর তিন জেলা জামায়াতে ইসলামীর কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ কে এম সামছুদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, ঠাকুর রামচন্দ্র দেব উত্সব কমিটির চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় কমিটি ও তিন জেলার নেতাদের সঙ্গে পরামর্শ করে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ৬৩ বছর ধরে বৃহত্তর নোয়াখালীর (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) চৌমুহনীতে অবস্থিত শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সমাধিক্ষেত্রে তিরোভাব দিবসে ওই উত্সব পালিত হয়ে আসছে।