বৃহস্পতিবার থেকে ঢাকায় তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা
ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম বেগবান করতে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। সরকারি সেবা দ্রুত, সহজভাবে ও স্বল্পমূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ যে উদ্যোগ নিয়েছে, তা জনগণের সামনে তুলে ধরাই এই মেলার অন্যতম উদ্দেশ্য।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন। ইউএনডিপির (জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি) অর্থায়নপুষ্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে।ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখ্য সচিব ও মেলার আয়োজক কমিটির আহ্বায়ক মো. আবদুল করিম জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮২টি স্টল এবং বেসরকারি পাঁচটি সংস্থার ২০টি স্টল থাকবে মেলায়। টেলিভিশন, রেডিও ও দৈনিক পত্রিকার জন্যও স্টল রাখা হয়েছে। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধ, ঘরে বসে রেলের টিকিট কেনা, গ্রামে বসে উপজেলার চিকিত্সকের কাছ থেকে চিকিত্সা নেওয়া, মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার মান উন্নয়ন, ইন্টারনেট থেকে ইউনিয়ন পরিষদে জীবন ও জীবিকাভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য, সেবাসহ নানা উদ্ভাবন স্থান পাচ্ছে মেলায়। সরকার মনে করে, ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে, জনগণের দুর্ভোগ কমানো। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।আবদুল করিম জানান, মেলার পাশাপাশি প্রতিদিন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। তা ছাড়া ডিজিটাল উদ্যোগুলোকে প্রণোদনা দিতে চারটি উদ্যোগকে পুরস্কৃত করা হবে।