বৃহস্পতিবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার কাঠামোর মূল ভিত্তি তিন স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা। সেই পঞ্চায়েত-ব্যবস্থার তিন স্তরের নির্বাচন শুরু ১১ জুলাই বৃহস্পতিবার থেকে।নির্বাচন হবে পাঁচ দফায় যথাক্রমে ১১, ১৫, ১৯,২২ ও ২৫ জুলাই। তিন স্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের ৪১ হাজার ৫০৫, পঞ্চায়েত সমিতির আট হাজার ৮০০ ও জেলা পরিষদের ৭৪৮টি আসনে ভোট নেওয়া হবে। নির্বাচন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাতের জেরে নির্বাচন কমিশনের মামলা দায়েরের পর ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ওই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশে সন্তুষ্ট হতে পারেননি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দলের নেতা-কর্মীরাও দারুণ ক্ষুব্ধ হয়েছেন রাজ্য নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার মীরা পান্ডের ওপর। এদিকে নির্বাচন কমিশনার মীরা পান্ডের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক পঞ্চায়েত নির্বাচনী জনসভায় তৃণমূলের সাংসদ শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ করে কথা বলেন। তিনি বলেন, ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। এদের পাখা গজিয়েছে। কোন অসুখে কোন ওষুধ প্রয়োগ করতে হয়, জানি। নন্দীগ্রামে সেই ওষুধ প্রয়োগ করেছি। প্রয়োগ করেছি জঙ্গলমহলেও। ১১ তারিখ পার হতে দিন।’শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সিপিএম, কংগ্রেস ও বিজেপি রাজ্য নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারকে নিয়ে এই বিরূপ মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি করেছে। এদিকে রাজ্য নির্বাচন কমিশন গোটা রাজ্যে প্রাক-নির্বাচনী প্রচার ও নির্বাচনের দিন বাইক বাহিনীর দৌরাত্ম্য বন্ধের নির্দেশ দিয়েছে।