আরও সাড়ে ২২ কোটি লিটার পানি উত্পাদন
বৃহস্পতিবার সায়েদাবাদে দ্বিতীয় পানি শোধনাগারের নির্মাণকাজ উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ এপ্রিল বৃহস্পতিবার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ উদ্বোধন করবেন। ডেনমার্কের অর্থায়নে এ পানি শোধনাগার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির অধীনে সায়েদাবাদের গোলাপবাগে নির্মিত প্রথম শোধনাগারটির মাধ্যমে ঢাকা ওয়াসা প্রতিদিন সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধন করে থাকে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে সায়েদাবাদে আরেকটি পানি শোধনাগারের নির্মাণকাজ শেষ হলে ঢাকা ওয়াসা আরও সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধনের মাধ্যমে ব্যবহারোপযোগী করতে পারবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার সচিব, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে ২০১২ সালের জুন মাসে। দ্বিতীয় এ পানি শোধনাগারটির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই এতে একটি প্রাক পানি শোধনযন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান। সায়েদাবাদের প্রথম পানি শোধনাগারের সাড়ে ২২ কোটি লিটার পানিও এই প্রাক পরিশোধন যন্ত্রের মাধ্যমে পরিশোধিত হবে। ফলে পরিশোধনের পরও শীতলক্ষ্যা নদীর পানিতে যে দুর্গন্ধ থেকে যায়, তা দূর হবে। নদীর দূষিত পানির সঙ্গে গভীর নলকূপের মাধ্যমে উত্তোলিত ভূগর্ভস্থ পানি মিশে যাওয়ায় ঢাকায় সরবরাহ করা পানিতে যে দুর্গন্ধ তৈরি হয়, তা দূর করতে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলার সময়ই আলাদা সরবরাহ লাইন বসানো হবে, যাতে এ দুই উত্স থেকে আহরিত পানি মিশে যেতে না পারে।ঢাকা ওয়াসা বর্তমানে ঢাকা মহানগরের ২৩০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ১৮৫ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। এর মধ্যে সায়েদাবাদের প্রথম শোধনাগার থেকে উত্পাদিত হয় সাড়ে ২২ কোটি লিটার। বাকি পানি সরবরাহ করা হয় ঢাকার ৫৪৬টি গভীর নলকূপ, নারায়ণগঞ্জের দুটি ছোট পানি শোধনাগার ও লালবাগের চাঁদনীঘাট পানি শোধনাগার থেকে। সায়েদাবাদে নির্মিতব্য দ্বিতীয় পানি শোধনাগারের মাধ্যমে আরও সাড়ে ২২ কোটি লিটার পানি সরবরাহ করা গেলে চাহিদা ও সরবরাহের মধ্যে ফারাক অনেকটাই কমে আসবে।