আইনি লড়াইয়ে হেরে গিয়ে ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগত সম্পর্কের সূত্রে বৃহৎ শক্তি ও দাতাগোষ্ঠীকে দিয়ে বাংলাদেশের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৫১ জন বিশিষ্ট নাগরিক। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এই উদ্বেগের কথা বলেছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ স্বাক্ষরিত ওই বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘অতি সম্প্রতি সরকার গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে তৃতীয়বারের মতো যে সংশোধনী এনেছে, তা নিয়ে যে কেউ ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে তাদের এই অবাঞ্ছিত চাপ প্রয়োগ দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, যা স্বাধীন দেশের কোনো নাগরিকের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘আমরা আরও লক্ষ করছি যে ড. ইউনূস এক বিবৃতিতে নতুন সরকার এসে এই অধ্যাদেশ পরিবর্তন করে গ্রামীণ ব্যাংককে পূর্বাবস্থায় প্রতিষ্ঠিত করবে বলে দেশবাসী, বিশেষ করে তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’ বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ-প্রক্রিয়া নিয়ে বর্তমান সরকার ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটা মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ ব্যাংক সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী বয়সসীমা অতিক্রম করায় ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ায় তিনি মামলা করেন এবং দেশের সর্বোচ্চ আদালত সরকারের সিদ্ধান্তকে আইনানুগ বলে রায় দেন। এতে বিষয়টির একটি আইনি মীমাংসা সম্পন্ন হয়। বিবৃতিতে বলা হয়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থার সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করে ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নের ষড়যন্ত্র করা হয়েছিল, সে সময় ড. ইউনূস একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন। বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার বহাল থাকা অবস্থায় তিনি নতুন সরকার বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তাই অতীতের মতো অসাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানান বিশিষ্ট নাগরিকেরা। বিবৃতিদাতারা হচ্ছেন: অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, হাশেম খান, শামসুজ্জামান খান, কামাল লোহানী, বিচারপতি (অব.) মেজবাহ উদ্দিন আহমেদ, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপাচার্য আনোয়ার হোসেন, উপাচার্য নজরুল ইসলাম, উপাচার্য প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক আবদুল খালেক, অধ্যাপক নজরুল ইসলাম, বেলাল চৌধুরী, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, সেলিনা হোসেন, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, হারুন-উর-রশিদ, অধ্যাপক খন্দকার বজলুল হক, স্থপতি রবিউল হুসাইন, সুজেয় শ্যাম, ইকবাল সোবহান চৌধুরী, নাসির উদ্দীন ইউসুফ, আবুল বারকাত, শাহরিয়ার কবির, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ড. মুহাম্মদ সামাদ, শ্যামলী নাসরীন চৌধুরী, জামাল আহমেদ, অধ্যাপক শফিক উজ জামান, ডা. মাহমুদুল হাসান, ডা. কামরুল হাসান খান, ডা. ইকবাল আর্সলান, শরফুদ্দিন আহমেদ, সহিদ আকতার হুসাইন, কাজী আবু জাফর সিদ্দিকী, শ ম রেজাউল করিম, নাসরিন আহমাদ, কাজল বন্দ্যোপাধ্যায়, নিসার হোসেন, ড. নাজমা শাহীন, ড. মো. আখতারুজ্জামান, কে এম সাইফুল ইসলাম খান, ফিরোজা ইয়াসমীন, এ কে এম গোলাম রব্বানী, মো. কামাল উদ্দিন, জীনাত হুদা, আবদুস সবুর ও গোলাম কুদ্দুস।