বেঁচে আছে হাজার লাদেন!
১ মে ২০১১। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণীয় দিন এটি। এদিন প্রায় এক যুগের অপেক্ষার অবসান হয়েছিল মার্কিনিদের। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ভয়াবহ বিমান হামলার জন্য যাঁকে দায়ী করে আসছিল যুক্তরাষ্ট্র, যাঁকে ধরতে বছরের পর বছর ধরে গোটা বিশ্ব চষে বেড়াতে হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিকে, সেই ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হন মার্কিন বাহিনীর হাতে। মোস্ট ওয়ান্টেড লাদেনের মৃত্যু উদযাপনে সেদিন কমতি রাখেনি মার্কিনিরা।আজ সেই ১ মে। বিন লাদেনের প্রথম মৃত্যুবার্ষিকী। কারও মতে ২ মে। কারণ ১ মে মধ্য রাতে বিন লাদেনকে হত্যা করে মার্কিন সেনারা। মার্কিনিদের চোখে ‘জঘন্যতম সন্ত্রাসী’র প্রাণ-প্রদীপ নিভে যাওয়ার দিনটাকে আজও নিশ্চয়ই উদযাপন করবে যুক্তরাষ্ট্র। কিন্তু সত্যিই কি মারা গেছেন ওসামা বিন লাদেন?চমকে যাওয়ার মতোই প্রশ্ন। লাদেনের মৃত্যুর পর তাঁর দেহ কাউকে না দেখানো, গোপনে সাগরে সমাহিত করা—এসব কারণে অনেকের মধ্যেই তখন সংশয় জেগেছিল, লাদেনকে সত্যি হত্যা করা হয়েছে কি না। কিন্তু পরে ডিএনএ পরীক্ষায় দেখা যায়, মৃতদেহের সঙ্গে লাদেনের পরিবারের সদস্যদের শতভাগ মিল রয়েছে। লাদেনের পরিবারও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। এক বছর পরও লাদেনের মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠার কারণ, লাদেনের দেহটা হয়তো নেই, কিন্তু বেঁচে আছে তাঁর আদর্শ। এই অর্থে লাদেন তো বেঁচেই আছেন!১৯৮০ ও ১৯৯০-এর দশকে জেহাদি কার্যক্রম চালাতে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার হাজার হাজার যুবককে প্রভাবিত করেছিলেন লাদেন। আজ তিনি আমাদের মধ্যে নেই। কিন্তু ক্রুসেডারদের বিরুদ্ধে অস্ত্র ধরার যে আদর্শ তাঁর ছিল, সেটা এখনো বিশ্বজুড়ে অনেকের মধ্যে প্রেরণা জোগায়।আল-কায়েদার সহযোগী গোষ্ঠীগুলো এখনো সক্রিয়। এর মধ্যে রয়েছে ইয়েমেনভিত্তিক ‘আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা’, সোমালিয়া ভিত্তিক ‘আল-শাহাব’, আলজেরিয়া ও মালিভিত্তিক ‘আল-কায়েদা ইন দ্য ইসলামিক মেঘরেব’, নাইজেরিয়াভিত্তিক ‘বুকো হেরাম’ এবং পাকিস্তানের ‘তালেবান’। লাদেনের মৃত্যুতে সন্ত্রাসের ক্ষেত্র কিছুটা ব্যাহত হলেও নিরাপত্তা বাহিনীর জন্য হুমকি এখনো রয়েই গেছে। এ বছরই যুক্তরাষ্ট্র সম্ভাব্য দুটি হামলা ভণ্ডুল করে দিয়েছে।যুক্তরাষ্ট্র মনে করে, লাদেনের মৃত্যুতে আল-কায়েদা নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছে। মার্কিনিরা এখন আগের চেয়ে যে অনেক বেশি নিরাপদ। এ কারণে সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যাপকতা অনেকটাই কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আল-কায়েদার সহযোগী গোষ্ঠীগুলোর হামলার আশঙ্কা থেকেই যায়। মার্কিন বাহিনীকে কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে।আল-কায়েদার নতুন নেতা আইমান আল-জাওয়াহিরি এখন পর্যন্ত তাঁর মহিমা দেখাতে পারেননি। বিভিন্ন গোষ্ঠীকে একত্র করে হামলাও তিনি চালাতে পারেননি। তাই বলে জাওয়াহিরিকে খাটো করে দেখলে চলবে না। অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, জাওয়াহিরির নেতৃত্বেই বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।বিশ্বকে মনে রাখতে হবে, লাদেন একটা আদর্শকে সামনে রেখেই আল-কায়েদাকে নেতৃত্ব দিয়েছেন, যেটি সন্ত্রাসী হামলা চালিয়ে বিশ্বব্যাপী হাজার হাজার লোককে হত্যা করেছে। যা-ই হোক, একজন লোক মারা যাওয়ার অর্থ এই নয় যে তাঁর আদর্শের মৃত্যু হয়েছে। আল-কায়েদা ও এর সহযোগী গোষ্ঠীর হামলা চালানোর আশঙ্কা এখনো রয়ে গেছে। চরমপন্থীরা মনে করে, হাজার হাজার লাদেন বেঁচে আছেন এখনো। ওয়েবসাইট অবলম্বনে।