বেঁচে গেলেন তাসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, কুসংস্কার, প্রথাগত বিশ্বাস এবং গোঁড়ামির কারণে আমাদের সমাজে প্রতিদিন নারীরা নির্যাতিত হচ্ছেন। পত্রিকার পাতা খুললে প্রতিদিন চোখে পড়ে অসংখ্য নির্যাতনের ঘটনা। কিন্তু এর চেয়ে অনেক বেশি নির্যাতনের ঘটনা ঘটে যায় আমাদের অন্তরালে। তেমনি নির্যাতনের শিকার এক নারী তাসলিমা। কক্সবাজারের উখিয়া উপজেলার ছোট ইনানি গ্রামের এই নারী নির্যাতিত হওয়ার পর আশ্রয় নিয়েছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে পরিচালিত একটি নারী সহায়তা কেন্দ্র্রে। তাসলিমার মুখেই শোনা যাক তাঁর ওপর নির্যাতন এবং তা থেকে বেঁচে যাওয়ার কাহিনি।‘আমার বয়স তখন ১৭ বছর। আমি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। খেতে পারতাম না। আমার দরিদ্র বাবার পক্ষে আমার চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তখন বাবা আমার নানার সাহায্য চাইলেন। আমার নানা হচ্ছেন আমার সৎমায়ের বাবা। তিনি একটি মামলার আসামি ছিলেন। তাই তিনি নিজের বাড়িতে নিয়মিত থাকতে পারতেন না। তিনি কখনো আমাদের বাসায়, কখনো অন্য কারও বাসায়, এভাবে পালিয়ে থাকতেন। নানা আমার বাবাকে বললেন যে তিনি আমার চিকিৎসা করাবেন এবং তাঁর বাড়িতে আমাকে রাখবেন। এরপর আমি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং গ্রামে নানার বাড়ি যাই। তিনি আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান। তাঁর চিকিৎসায় আমি একটু সুস্থ হয়ে উঠি। তারপর নানা বলেন যে আমি আর আমার বাড়ি যেতে পারব না। এর কিছুদিন পর নানা আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমি বললাম, না। এটা অসম্ভব কথা। আমি আপনাকে কেমন করে বিয়ে করব। আপনি আমার নানা। আমার বাবা আপনার মেয়েকে বিয়ে করেছেন। তারপর নানা নোটারি পাবলিকের কাছ থেকে বিয়ের কাগজপত্র সই করিয়ে নিয়ে সেখানে জোর করে আমার বাবা এবং আমার সই নেন। নানার বয়স ছিল ৫০ বছরের বেশি। দুটি স্ত্রী থাকার পরও তিনি আমাকে বিয়ে করেন। বিয়ের পর আমি তাঁর বাড়িতে বসবাস করতে থাকি। সারা দিন আমাকে তাঁর কাছে রাখতেন আর রাতে চলে যাওয়ার সময় বাইরে তালা দিয়ে যেতেন। এ রকম করে প্রথম সন্তানের জন্ম হয়। তারপর তিনি আমাকে নির্যাতন শুরু করেন। বলেন, “তোমার জন্য আমি টাকা খরচ করেছিলাম, সেই টাকা নিয়ে আসো তোমার বাবার কাছ থেকে।” এর পরে আবার দুই দিন পরে আমাকে কী যে মারধর করেছেন! একটা লোহার লম্বা শিকল ছিল, সেটা দিয়ে মেরেছেন। ছোট শিকল দিয়ে বেঁধে রাখেন দুই পা। এরপর আবার বাজার থেকে আর একটা বড় শিকল কিনে নিয়ে আসেন। ওই শিকল দিয়ে আমার গলা ও দুই হাতসহ গোটা শরীর বেঁধে রাখেন। কী যে যন্ত্রণা হয়েছে! আমি বলতাম যে আমাকে একটু খুলে দাও না। এ রকম যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি মরে যাব। তিনি বলতেন, “তুমি যত দিন না মরো তত দিন পর্যন্ত এখানে বেঁধে রাখব তোমাকে।” আমি তখন অন্তঃসত্ত্বা। তিনি বলতেন, “বাচ্চা হলে ওখানেই হবে আর বাচ্চাটা হওয়ার আগে তুমি যদি মরে যাও ওখানে মরে যাবে, তোমাকে এখান থেকে আর খুলে দেওয়া হবে না।” আমি গোসল করতে চাইলে তিন-চার দিন পর একবার গোসল করতে দিতেন। পানি চাইলে বলতেন, “পানি পাবি না, এখানে শুয়ে থাক।” বাথরুমে যেতে চাইলে তাঁর আগের পক্ষের মেয়েকে সঙ্গে দিয়ে আমাকে বাথরুমে পাঠানো হতো। এভাবে কাটছিল আমার দিন। প্রতিদিন ভাবতাম, কীভাবে মুক্তি পাব। তারপর এক দিন পালানোর সুযোগ এল। ওই দিনটি ছিল ২০০৯ সালের জুলাই মাসের ২৮ তারিখ। আমার স্বামী তাঁর একটি মামলায় হাজিরা দিতে যান কোর্টে। আমার শরীরে একটা শিকলের সঙ্গে আরেকটা শিকল লাগিয়ে একটা বড় তালা মারতেন। সেদিন তাড়াহুড়োয় ওই তালাটা দিতে তিনি ভুলে যান। ওই সময় বাসায় কেউ ছিল না। সুযোগ পেয়ে আমি বাসা থেকে বের হয়ে পাশের বাসায় যাই। সেখানে গিয়ে একজন মহিলাকে পেলাম। তাঁকে আমি আমার অবস্থার কথা জানাই। তিনি আমাকে আইনি সহায়তা নেওয়ার কথা বলেন এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে ও ইউএনএফপিএর অর্থায়নে পরিচালিত নারী সহায়তা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন। এরপর তিনি আমাকে একটি গাড়িতে উঠিয়ে দেন। এরপর আমি আশ্রয় নিই নারী সহায়তা কেন্দ্রে। যেদিন স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসি, সেদিনই নারী সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে আমার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয় এবং ওই রাতেই স্বামীর বাড়ি থেকে আমার বড় সন্তানকে উদ্ধার করা হয়। নারী সহায়তা কেন্দ্রে যাওয়ার পাঁচ মাস পর আমার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। সেখানে আমি আট মাস ছিলাম। এদিকে আমার স্বামী পলাতক থাকা অবস্থায় মারা যান। এরপর নারী সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে আমাকে সেলাইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে চলে আসার সময় কক্সবাজার জেলা প্রশাসক আমাকে একটি সেলাই মেশিন দেন। এখন আমি দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকি। আশ্রয়কেন্দ্র থেকে আসার পর গ্রাম্য সালিসের মাধ্যমে আমার শ্বশুর আমার নামে ২৯ ডেসিমেল জমি লিখে দেন। এখন আমি মুক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিওতে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছি। অবসরে সেলাই মেশিনে জামাকাপড় সেলাই করি।’  সূত্র: ইউএনএফপিএ