ময়মনসিংহের একটি সরকারি কলেজের অধ্যাপক ও লেখক অনুপ সাদি কিছুদিন আগে জানিয়েছিলেন, ঠাকুরগাঁওয়ের একটি প্রত্যন্ত গ্রামে মদনটাক বাসা করেছে। আমাদের—মানে আমার আর সায়েমের বিশ্বাস হচ্ছিল না। কারণ অনেক বছর ধরে সুন্দরবন ছাড়া দেশের অন্য কোথাও এদের তেমন দেখা মেলেনি। এ পাখি সাধারণত বড় কোনো বিলের কাছে, নদীর মোহনার কাছাকাছি নিরাপদ স্থানে বাস করে। সারা বিশ্বে বিপন্ন ও বিরল পাখি হিসেবে পরিচিত মদনটাককে স্থানীয়ভাবে হারগিলাও বলা হয়।অনুপ সাদির কথা সত্যি হলো, ৬ জানুয়ারি যখন সেই গ্রামে গিয়ে প্রথমেই একটি অশ্বত্থ গাছে একটি প্রাপ্তবয়স্ক মদনটাকের দেখা পেলাম। পাখিদের নিরাপত্তা তথা শিকারি আর উৎসুক মানুষের উপদ্রবের কথা ভেবে গ্রামটির নাম প্রকাশ করা হলো না। আরও কিছুটা পথ এগিয়ে দেখা গেল, একটি বাঁশঝাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা শিমুলগাছে অন্তত ছয়টি বাসা। বাসা ও বাসার আশপাশের ডালে বসে ছিল ছানাসহ কয়েকটি মদনটাক। শিমুলগাছ ও জায়গার মালিক আইনুল হক ও তাঁর বড় ভাই শামসুল হক জানান, সর্বমোট ২৪টি পাখি এখানে আছে, এর মধ্যে ১২টি ছানা, ১২টি বড় পাখি।বার্ডলাইফ ইন্টারন্যাশনাল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১৯২৯ সালে বেকার সিলেটে মদনটাকের একটি কলোনি দেখেছিলেন। ১৯৯৯ সালে পাখি গবেষক পল থমসন ২৫টির মতো পাখি দেখেছেন সুন্দরবনে। এর বাইরে একসঙ্গে এতগুলো মদনটাক ও বাসা করার কোনো বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়নি। তবে বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান জানিয়েছেন, তিনি ২০০৪ সালে পঞ্চগড়ের একটি গ্রামের শিমুলগাছে এক জোড়া মদনটাককে বাসা করতে দেখেছেন। মাঝেমধ্যে দু-একটি পাখি দেখা গেছে চলনবিল, পাবনা, টেকনাফ, হাকালুকি হাওর, সোনাদিয়া দ্বীপ ও সুন্দরবনের কচিখালিতে।সুন্দরবন এ পাখির প্রধান আবাস হলেও সুন্দরবনের কোথাও মদনটাকের বাসা খুব একটা দেখা যায়নি। তবে পল থমসন, রোনাল্ড হালদার ও রেজা খানের লেখায় সুন্দরবনের কোথাও না কোথাও এদের বাসা থাকার কথা বলা হয়েছে। এনসাইক্লোপিডিয়ার অব ফ্লোরা অ্যান্ড ফনা অব বাংলাদেশে এ পাখির বিস্তার শুধু খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও বলে বলা হয়েছে। বাংলাদেশ ছাড়া ভারত, শ্রীলঙ্কা, নেপাল, চীন, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এ পাখি দেখা যায়। যাই হোক, মদনটাক যে গাছটিতে বাসা করেছে তার মালিক শামসুল হক জানান, ‘এ পাখিরা ২০০৭ সালে এখানে আসে। তখন ছিল মাত্র দুটি, এখন ২৪টি হয়েছে। গত বছর কালবৈশাখী ঝড়ে চারটি ছানা হারিয়ে গিয়েছিল।’ তিনি বলেন, ‘পাখির জন্যই এই গাছ, আমরা এ গাছ কাটব না। গ্রামের মানুষকে আমরা বলেছি, এ পাখিদের যেন কোনো ক্ষতি না করে।’এ পাখির বৈজ্ঞানিক নাম Leptoptilos javanicus। ইংরেজি নাম Lesser Adjutant Stork। তবে গ্রামটির মানুষ এ পাখিকে গোগরোল বলে ডাকে। লম্বা গোগ, গগ মানে গলা, তাই এমন নামকরণ। মদনটাকের উচ্চতা মাটি থেকে চার-সাড়ে চার ফুট। ডানা বড়। গায়ের ওপরের অংশের রং হালকা ধাতব কালো। পিঠ থেকে লেজের পালকের ধার ময়লাটে সাদা, বুকের পালক সাদা, পালকহীন লম্বা গলা ও টাকমাথা লালচে হলুদ। পা মলিন ধূসর ও লম্বা। প্রধানত একাকী খাবার খেতে বের হয় নির্জন নদীর চর, উপকূলীয় নদী ও বিলে। শামুক, মাছ, ব্যাঙ, পানিতে বসবাসকারী সাপ খায়। বড় গাছে ডালপালা দিয়ে পাটাতনের মতো বিরাট বাসা বানায়। বর্ষার সময় সাধারণত বাসা বাঁধে। ডিম পাড়ে তিন থেকে চারটি। ছানা উড়ার উপযুক্ত হলেও বাসা মেরামত চলে।বড় গাছ সংরক্ষণ এবং শিকার বন্ধ করতে পারলে এ পাখি রক্ষা করা যাবে। তবে এর জন্য মানুষকে সচেতন করা এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে তহবিল সংগ্রহ করে কনজারভেশন প্রোগ্রাম নেওয়া জরুরি।