বেঁচে থাকা ছাত্রদের মনোবৈকল্যের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল মামুন (১৪)। কিন্তু সেদিনের ভয়ংকর স্মৃতি তাড়া করে ফিরছে তাকে। কোনো কথাই বলছে না, শুধু নির্বাক তাকিয়ে থাকে। মাঝেমধ্যে ফুঁপিয়ে কাঁদে।মামুন এখন চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা সাইদুল হক জানান, চোখের সামনে নয়জন বন্ধুর লাশ দেখার পর থেকে মামুনের কথা বলা বন্ধ। তবে হাসপাতালের দেওয়া খাবার একটু-আধটু খাচ্ছে।মামুনের মতো একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মেহেদি হাসান (১২)। কেউ কিছু জানতে চাইলে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আর উত্তর দিলেও শুধু একটি কথাই বলে, ‘ভালো নেই’। একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদি পাঁচ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।মামুন ও মেহেদির শারীরিক কোনো অসুস্থতা নেই। তবু দুজনকে আরও অনেক দিন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকতে হবে। চিকিৎসকেরা বলছেন, তাদের মানসিক সুস্থতা ফিরে আসতে আরও সময় লাগবে। গত সোমবার দুপুরে মিরসরাইয়ের বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক উল্টে ডোবায় পড়ে ৩৮ জন ছাত্রসহ ৪০ জনের (সরকারি হিসাবে) মৃত্যু হয়। দুর্ঘটনার স্থল থেকে উদ্ধার করে মেহেদিকে প্রায় ৭০ কিলোমিটারে দূরে চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছিল। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন বেঁচেছিল। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিল ১৬ জন। গতকাল শুক্রবার আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪০ জনে দাঁড়াল।বেসরকারি সেন্টার পয়েন্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ উল্লাহ জানান, ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া ছাত্ররা ‘দুর্ঘটনা-উত্তর মনোবৈকল্য’ রোগে ভুগছে। এদের শারীরিক কোনো সমস্যা নেই। কিন্তু মানসিক অসুস্থতা কাটিয়ে উঠতে আরও সময় লাগবে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিজাম উদ্দিন হাসপাতালে চিকিৎসা শেষে মিরসরাইয়ের বাড়িতে ফিরেছে। কিন্তু এক মুহূর্তের জন্যও সে দুর্ঘটনার স্মৃতিটা ভুলতে পারেনি। নিজাম বলে, ‘যখন দুর্ঘটনার কথা মনে আসে, তখন আমার বুক ধড়ফড় করে।’নবম শ্রেণীর ছাত্র ওহিদুর রহমান দুর্ঘটনায় দুই ঘনিষ্ঠ বন্ধু সামশুদ্দিন ও সুফিয়ানকে হারিয়েছে। ট্রাক থেকে লাফ দিয়ে ভাগ্যগুণে সে বেঁচে যায়। তার মনের মধ্যে সব সময় দুই বন্ধু আর দুর্ঘটনার দৃশ্য ভেসে ওঠে।’চিকিৎসকেরা বলছেন, দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এসব শিশু-কিশোরকে দুর্ঘটনার দুঃসহ স্মৃতি অনেক দিন তাড়া করবে। এতে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ মো. শাহ আলম বলেন, ‘বড় ধরনের দুর্ঘটনা যেকোনো মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। শিশু-কিশোরদেরও সমস্যা হয়। এ জন্য ওদের চিকিৎসা দরকার। এখন কারও কারও এ ধরনের সমস্যা হলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া দরকার।’দুর্ঘটনায় আহতদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং নগরের দুটি ক্লিনিকে ১৬ জন চিকিৎসা নিচ্ছে। একটি বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অনিরুদ্ধ ঘোষ।এই চিকিৎসক বলেন, ‘কিছু কিছু ছেলে এখনই সেরে উঠেছে। তবে অনেকের মধ্যে মানসিক ভয়ভীতি কাজ করছে। এটা হতে পারে। এ জন্য শারীরিক অসুবিধা কেটে যাওয়ার পর যাদের মানসিক সমস্যা দেখা দেয়, তাদের মনোরোগ চিকিৎসকের কাছে নিতে হবে।’বৃহস্পতিবার আবুতোরাব উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুল কর্তৃপক্ষ বেঁচে যাওয়া কিছু ছাত্রকে চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এদের মধ্যে সৌরভ হাসান একজন। সে জানায়, দুর্ঘটনার কথা মনে পড়লে সে বুকে ব্যথা অনুভব করে।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, ‘এখন আমাদের মূল কাজ বাচ্চাদের মানসিক ভীতি কাটানো। এ জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ছাত্রদের বিশেষ কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়ার কথা ভাবছি।’দুর্ঘটনায় সরকারটোলা এলাকার নিহত হয় নবম শ্রেণীর ছাত্র সূর্য নাথ। তার বড় ভাই শুভ নাথ ওই সময় ট্রাকের পেছনে সাইকেলে ছিল। ছোট ভাইকে বহনকারী ট্রাকটি ডোবায় পড়তে দেখে সে হতভম্ব হয়ে পড়ে। বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে কথা হয় শুভ নাথের সঙ্গে। সে বলে, ‘ওই ঘটনা ভুলে থাকার চেষ্টা করেও পারছি না। হয় তো কোনো দিন ভুলতে পারব না ওই দৃশ্য।’আরেক ছাত্রের মৃত্যু: দুর্ঘটনার পাঁচ দিন পর মারা গেল মায়ানি গ্রামের আহত কিশোর রায়হান উদ্দিন (১৪)। গতকাল বেলা দেড়টার দিকে সেন্টার পয়েন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার বাবার নাম নুরুল আবছার। এ নিয়ে মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়াল। পারিবারিক সূত্র জানায়, রায়হান আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র। সে পঞ্চম শ্রেণী থেকেই পড়ালেখায় ইস্তফা দিয়েছিল। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই সেদিন খেলা দেখতে গিয়েছিল সে। হাসপাতালের ব্যবস্থাপক আলী নেওয়াজ বলেন, ‘প্রথম দিন থেকেই রায়হানের অবস্থা খারাপ ছিল। চিকিৎসকেরা চেষ্টা করেছেন। বাইরে থেকে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকও এসেছিলেন।’ জানা গেছে, মৃত্যুর সময় রায়হানের চাচাতো ভাই ইমাম হোসেন ছাড়া আর কেউ ছিলেন না। তার বাবা অটোরিকশার চালক। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। হাসপাতাল থেকে বেলা তিনটার দিকে লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন ইমাম হোসেন।