বেঁচে থাকার নতুন স্বপ্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আড়াই বছর বয়স। মা-বাবার সঙ্গে শিশুটি গিয়েছিল কেনাকাটা করতে। সেখানেই বাবার এক বন্ধুর সঙ্গে দেখা। তিনিই প্রথম বুঝতে পারেন ওর রক্তশূন্যতা। বলেন তাড়াতাড়ি চিকিৎসকের কাছে নিয়ে যেতে। ব্যতিব্যস্ত হয়ে পড়েন মা-বাবা। বাড়ি ফেরার পথে নিয়ে যান চিকিৎসকের কাছে। নানা রকম পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা যায়, শিশুটির শরীরে রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কম। ধরা পড়ে ক্যানসার নামের ভয়ানক ব্যাধি। কিন্তু এই ক্যানসারের কাছে পরাজিত হয়নি শিশুটি ও তার পরিবার। মৃত্যুকে জয় করেছে। এখন সে সুস্থ। ক্যানসারকে জয় করা সেই ছোট্ট রিফাত কবির এবার ১৯ বছরে পা দিয়েছেন। ক্যানসারের সঙ্গে তাঁর সেই সংগ্রাম ও বেঁচে থাকার গল্প নিয়েই এই প্রতিবেদন।‘আসলে ছোটবেলার কথা খুব বেশি মনে নেই। তবে প্রায়ই জ্বর হতো। স্কুলে যেতে পারতাম না। ক্লাসেও আমার বসার জন্য নির্দিষ্ট জায়গা ছিল। অন্য কারও অসুখ হলেও আমাকে স্কুলে যেতে দিত না। মাকে জিজ্ঞাসা করলে বলতেন যে আমার শারীরিক শক্তি কম। তাই সবার মতো চলাফেরা করা যাবে না। এত দিন এমনটিই জেনে এসেছি। এর বেশি কিছু আমাকে জানানো হয়নি। ফলে ক্যানসারের ভয়াবহতা ও যন্ত্রণা আমি বুঝতে পারিনি। গত বছরই আমি প্রথম জানতে পারি ক্যানসারের কথা। সানোফি এভেনটিস শিশু ক্যানসার নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমাকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। প্রথমে কিছুই বুঝতে পারিনি। পরে মা-বাবা জানালেন, সেই ছোটবেলায় আমার ক্যানসার হয়েছিল।’—বললেন রিফাত। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘ও’ লেভেল পাস করেছেন তিনি। হাস্যোজ্জ্বল এই মেয়েটিকে দেখে বোঝার উপায় নেই, তাঁর এই শরীরে একসময় ক্যানসার বাসা বেঁধেছিল। আর সব মানুষের মতো তিনিও এখন সুস্থ ও স্বাভাবিক। এমন পরিস্থিতিতে পরিবারকে ভেঙে পড়তে দেননি রিফাতের মা কামরুন্নেসা। তিনি বলেন, ‘ও তো তখন অনেক ছোট। রোগ হয়েছিল ওর শরীরে। কিন্তু পুরো ঝড়টা বয়ে গেছে আমার ওপর দিয়ে। আমার গর্ভে তখন দ্বিতীয় সন্তান। সেই অবস্থায় ছোটাছুটি করতে হয়েছে। প্রথমে রক্ত ও হিমোগ্লোবিনের পরিমাণ পরীক্ষা করা হয়। তখন চিকিৎসক বোনম্যারো পরীক্ষা করাতে বলেন। ধরা পড়ে ক্যানসার। সেদিনই ওকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তখনকার পিজি হাসপাতাল) ভর্তি করাই। প্রায় তিন মাস চিকিৎসা চলে। অনেক ইনজেকশন দেওয়া হয় ওর শরীরে। পেশি আঘাতপ্রাপ্ত হয়। সে কারণে হাঁটতে অসুবিধা হতো। পা বেঁকে গিয়েছিল। তখন চিকিৎসক নিয়মিত থেরাপি দিতেন। ধীরে ধীরে পা সোজা হতে থাকে। পরের এক মাস বাসায় থেকে চিকিৎসা চলে। দিশেহারা হয়ে গিয়েছিলাম। কী করব বুঝে উঠতে পারিনি। এখনকার মতো সবাই এ বিষয়ে এত জানত না। ফলে সঠিক দিক-নির্দেশনা কেউ দিতে পারত না। নিজের বুদ্ধি আর চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলে। ক্যানসারের চিকিৎসা ব্যয়বহুল, তখন আরও বেশি ছিল, মধ্যবিত্ত পরিবারের জন্য যা কষ্টদায়ক। কীভাবে চিকিৎসার টাকা জোগাড় করতাম, বুঝিয়ে বলতে পারব না। মনে হতো, আমার মেয়েটিকে বাঁচাতে হবে। আমি কিছু জানি না। হাসপাতালে থাকাকালে অনেক শিশুকে ফিরে যেতে দেখিনি। চোখের সামনে এই মৃত্যু সহ্য করা যেত না। মেয়েকে নিয়ে তখন বাইরে যেতাম। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠত। ফিরতে পারব তো মেয়েকে নিয়ে? এভাবে দীর্ঘ চার বছর চিকিৎসা চলে। প্রতি সপ্তাহে রক্ত পরীক্ষা করা হতো। ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠতে থাকে। নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যাই। তাঁদের পরামর্শমতো চলেছি। তবে ওই দুঃসহ সময়ে অনেক মানুষ সহযোগিতা করেছেন। তাঁদের আন্তরিকতার কারণে মেয়েটি সুস্থ হয়ে উঠেছে। বিশেষ করে ডা. মান্নান, ডা. রশীদ ও ডা. নারায়ণের কথা কোনো দিন ভুলব না। এমনকি সে সময়ে আমার বাসার কাজের লোকটিও নানাভাবে সাহায্য করেছে। এমনও হয়েছে, হাতে টাকা নেই, কিন্তু ওষুধ লাগবে। কাজের লোকটি পাশের ওষুধের দোকানে বুঝিয়ে ওষুধ এনে দিয়েছে। স্কুলের শিক্ষকদের কাছে তো কৃতজ্ঞ। তাঁরা সহযোগিতা না করলে ওর পড়াশোনাই হতো না।’ কথার ফাঁকে রিফাতের ছোট ভাই রাফি কবির এসে মায়ের পাশে বসে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে সপ্তম শ্রেণীতে পড়া রাফিই সে সময় মায়ের গর্ভে ছিল। রিফাতের বাবা জাহাঙ্গীর কবির বলেন, ‘এখনো সামান্য অসুস্থ হলেই রিফাতকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। রক্তের পরিমাণ ঠিক আছে কি না তা পরীক্ষা করাতে হয়। বিত্তবানেরা বিদেশে গিয়ে চিকিৎসা করিয়ে ফিরে আসেন। কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে তা সম্ভব হয় না। ফলে চিকিৎসা থেমে যায়। এ ক্ষেত্রে সুদ ছাড়া ব্যাংকঋণের ব্যবস্থা করা যেতে পারে, যাতে দীর্ঘমেয়াদি এই চিকিৎসা চালানো সম্ভব হয়।’নিজের ভবিষ্যতের কথা বলছিলেন রিফাত। একসময় লেখাপড়া শেষ হবে, কর্মজীবনে প্রবেশ করবেন। নতুন একটি জীবনের কথা ভাববেন। কে জানে, হয়তো তখনই পাবেন বড় আঘাতটা। ক্যানসারে আক্রান্ত হওয়ার সত্যিকার কষ্টটা হয়তো বুঝবেন তখনই। শিশুকালে যে মেয়েটি ক্যানসারে আক্রান্ত ছিলেন, তাঁকে কে পরিবারের বউ হিসেবে গ্রহণ করবে? কোনো ছেলে সত্যিকারভাবে তাঁর দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবে? এ প্রশ্ন রিফাতের মনে। সত্যকে গ্রহণ করার মতো আমূল পরিবর্তন ঘটেনি চারপাশে। তবে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য পৃথক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন রিফাত, যেখানে তারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখবে, বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পাবে।