বেঁচে থাকুক টুম্পারা
‘আমি কী করব? মরে যাব, বলো? মরলেও যদি তোমার দেখা মেলে। এখন যদি বিষ খাই, আমি জানি তুমি আমাকে দেখতেও যাবে না। তবে কার জন্য এত কিছু! ভালোবাসায় সবাই তো প্রতিদান চায়। আমি চাইলেই কি অপরাধ?’উদ্ধৃতাংশটি টুম্পার শেষ লেখা থেকে নেওয়া। ভালোবাসার লেনদেনে বঞ্চিত টুম্পা এভাবেই নিজেকে দোষী সাব্যস্ত করে গত ১৯ ফেব্রুয়ারি চলে গেছে অনেক দূরে, সবার স্পর্শের বাইরে। ইডেন মহিলা কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী টুম্পা আক্তারের মৃত্যুর প্রতিবাদে বান্ধবী ও সহপাঠীরা মানববন্ধন করেছেন। ৪ মার্চের প্রথম আলো ও অন্যান্য পত্রিকার সেই ছবি পাঠক নিশ্চয়ই দেখেছেন। মানববন্ধনের অন্যতম প্রধান দাবি ছিল, হলে হলে মনোরোগ চিকিৎসক নিয়োগ করা। কারণ, পরিবার থেকে দূরে থাকা হলের ছাত্রীদের আবেগের বশে ভুল করার আশঙ্কাও থাকে বেশি। আবেগের চাপ সইতে না পারাই হলের ছাত্রছাত্রীদের আত্মহত্যার মূল কারণ। এমনটাই মনে করেন টুম্পার জন্য আয়োজিত মানববন্ধনের মূল সমন্বয়ক সুমাইয়া এবং অন্য সহপাঠীরা।প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের রেশ ধরে ২০০৫ সালে ইডেন কলেজের খোদেজা খাতুন হলের ছাত্রী ফেন্সী আত্মহত্যা করেছিলেন। ঘুমের ওষুধ খেয়ে হলসংলগ্ন পুকুরে ঝাঁপ দিয়ে তলিয়ে গিয়েছিলেন অন্ধকারের অতল গহ্বরে। শুধু কি ইডেন কলেজ? দেশের প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতেও ঘটেছে ও ঘটছে আত্মহননের ঘটনা। ২০০৫ সালে বিষপানে আত্মহত্যা করেছিলেন রোকেয়া হলের ছাত্রী শিল্পী। ২০০৯ সালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন একই হলের অন্য ছাত্রী ছন্দা। ভালোবাসাজনিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলেও। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে। এমনটাই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রী ফারহানা।কেন এই আত্মহননইডেন মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মাহফুজা বেগম বলেন, নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ছোটবেলা থেকেই আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে তোলে। মেয়েকে সময় সময় মায়ের মতো হতে শেখানো হয়, কোমলতা ও সমঝোতার শিক্ষা দেওয়া হয়। নারীর মনোজগত্ তৈরি হয় সামাজিক রীতিনীতির প্রতি বিশ্বাস আর সামাজিক আদর্শ ঘিরে। একই শিক্ষা সমাজের অন্য প্রধান অংশ পুরুষকে কিন্তু তেমন গুরুত্ব দিয়ে শেখানো হয় না। ফলে এত বড় বিশ্বের কঠিন বাস্তবতায় যখনই নারীর সামাজিক নীতির প্রতি বিশ্বাসে ধাক্কা লাগে, তখনই নারীর একান্ত জগিট ধ্বংস হয়ে যায়। নিজের বিশ্বাস অবমূল্যায়িত হওয়ার পরিণতিতে তৈরি হয় গভীর হতাশা ও নিজের প্রতি তীব্র অসম্মান। এগিয়ে যায় আত্মহননের পথে।আর হলে থাকা মেয়েরা পরিবার থেকে দূরে থাকায় স্বাভাবিকভাবেই মানসিক অশান্তিতে থাকে। একাকিত্বের জগতে ভালো-লাগা বা ভালোবাসার একটু পরশেই অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। আর বয়সের ব্যাপারটি তো আছেই।ভালোবাসতে হবে নিজেকে...আত্মহত্যা কখনোই কোনো সমাধান নয়। আবেগের চাপ যত বেশিই হোক না কেন, তা নিয়ন্ত্রণ করতে হবে নিজের জন্যই। বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষার্থী উপদেষ্টা আকিব উল হক। তিনি আরও বলেন, আত্মহত্যা রোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে পরিবার। বন্ধন যত শক্ত হবে, আত্মহত্যার হারও তত কমবে। মনের চাপ থেকে সৃষ্ট আত্মহত্যার প্রবণতা এড়াতে আকিব উল হকের পরামর্শ হলো— অভিভাবকেরা সন্তানের জীবনের খাতিরে বন্ধুত্বপূর্ণ হোন। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, জানতে চান বন্ধুর মতো, হাসিমুখে। সন্তানের প্রতি মনোযোগ দিন, নিজ থেকে কথা বলুন, কুশল জিজ্ঞেস করুন, ভুলগুলো শুধরে দিন কোমলভাবে, যেন সে ভুল থেকে শিক্ষাটা গ্রহণ করে, হতাশা নয়। ছোট ছোট সাফল্যে নিজেই নিজেকে অভিনন্দিত করুন। নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবুন। নিজেকে সামলানো অসম্ভব হলে কথা বলুন মন খুলে। আলোচনা করুন। চাপটা হালকা হয়ে যাবে। পড়ুন, যত বেশি পড়তে পারেন। গল্প, উপন্যাস, কবিতা কিংবা পত্রপত্রিকা। নিজের জীবনের একটি লক্ষ্য ঠিক করে রাখুন। সেই লক্ষ্যটিকে ভালোবাসুন। আবেগের চাপেও লক্ষ্য অর্জনের পথ থেকে সরে আসবেন না—এ মনোভাব ধরে রাখুন। চার দেয়ালের বাইরে আসুন। অংশগ্রহণ করুন মেলায়, আড্ডায়, সেমিনারে কিংবা জাতীয় উৎসবগুলোতে। নিজেকে ভালোবাসুন, সবচেয়ে বেশি সম্মান দিন। অন্যের কথায় নয়, নিজের ভালো কাজগুলো দিয়ে নিজেই নিজেকে মূল্যায়ন করার অভ্যাস করুন। কোনো কিছুতেই সফল না হলে মনোরোগ চিকিৎসকের সাহায্য নিন। তবু নিজেকে বাঁচিয়ে রাখুন, পরিবারের জন্য হলেও।টুম্পার শেষ লেখা দিয়েই শেষ করি। টুম্পা লিখেছিলেন, ‘কেউ অপরাধ করে শাস্তি পায়। আর কেউ না করে। আমি কি অপরাধ করে শাস্তি পেলাম? না অপরাধ না করেই এত বড় শাস্তি পেলাম?’ভালোবাসা অবশ্যই কোনো অপরাধ নয়। একজনের ভালোবাসা হারিয়ে মা, বাবা কিংবা বন্ধুবান্ধবের ভালোবাসা ভুলে আত্মহত্যা সম্পূর্ণ অযৌক্তিক। তাই নিজেকে বাঁচিয়ে রাখুন। আপনি বাঁচলেই হাজার টুম্পাকে বাঁচাতে পারবেন। আপনাকে দিয়েই শুরু হোক টুম্পাদের নতুন জীবন।