ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে গত শনিবারের বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া আট যাত্রীর মধ্যে একজন বাংলাদেশি। তাঁর নাম সাবরিনা হক (২২)। তিনি এখন ম্যাঙ্গালোরের এ জে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়ার।সাবরিনার মা-বাবা দুবাইতে বসবাস করেন। তাঁর বাবা মাহবুবুল হক সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।সাবরিনা ম্যাঙ্গালোরের একটি মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করার জন্য দুবাই থেকে ম্যাঙ্গালোর যাচ্ছিলেন।এয়ার ইন্ডিয়ার যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, তার সামনের সারিতে ছিলেন সাবরিনা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিনি একটি গাছের ওপর ছিটকে পড়েন। তখন তিনি গাছের একটি ডাল আঁকড়ে ধরেন।দুর্ঘটনায় পা ও হাতে আঘাত পেয়েছেন সাবরিনা। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি। তাঁর ধারণা, শুধু সিনেমাতেই এ ধরনের ঘটনা ঘটতে পারে। সাবরিনা বলেন, খোদার কৃপায় তিনি বেঁচে গেছেন।শনিবার ম্যাঙ্গালোরে এয়ার ইন্ডিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়ে ১৫৯ যাত্রী নিহত হন।