বেআইনি আবেদনে বিচারকাজ বিঘ্নিত হচ্ছে: রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের জন্য আসামিপক্ষের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলেছে, একের পর এক এ ধরনের বেআইনি আবেদনের শুনানি ও নিষ্পত্তিতে সময় লাগছে। এর ফলে মূল বিচারকাজ বিঘ্নিত হচ্ছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম গতকাল বুধবার এ কথা বলেন। আসামির কাঠগড়ায় গোলাম আযমের উপস্থিতিতে মামলাটি স্থানান্তরের আবেদনের শুনানিতে গতকাল রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়।শুনানিতে জেয়াদ-আল-মালুম বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১-এ ধারা অনুসারে মামলা স্থানান্তরের আবেদন শুধু রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি করতে পারেন। এ ছাড়া ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়েও মামলা স্থানান্তর করতে পারেন। কিন্তু আসামিপক্ষের এ আবেদন করার কোনো বিধান নেই। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এর আগে আসামিপক্ষের করা আবেদনের ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আবারও একই ধরনের বেআইনি আবেদন করে শুনানির মাধ্যমে কেন কালক্ষেপণ করা হচ্ছে, তা ভাবার সময় এসেছে। বিচারপ্রক্রিয়া বিলম্বিত ও বিঘ্নিত করতে এ ধরনের আবেদন করার জন্য আসামিপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার আরজি জানান।আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক এর জবাব দিতে গেলে ট্রাইব্যুনাল বিষয়টি আমলে না নিতে বলেন। ট্রাইব্যুনাল বলেন, ‘জবাবের দরকার নেই।’একপর্যায়ে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, ‘আবেদনের কথা বাদ দিন। ট্রাইব্যুনাল-১ যদি চাপ কমানোর জন্য স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করতে চান, সে ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের বক্তব্য কী?’ জবাবে জেয়াদ-আল-মালুম বলেন, জুনের শেষ সপ্তাহের মধ্যে ওই ট্রাইব্যুনালেও কয়েকটি মামলার বিচারকাজ পুরোদমে শুরু হতে পারে। তাই তিনি মামলাটি স্থানান্তর না করার আরজি জানান।রাষ্ট্রপক্ষের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলির এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। ট্রাইব্যুনালও তাঁর এ বক্তব্যের সঙ্গে একমত হননি। মক্কেলের স্বার্থ রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এ আবেদন করা হয়েছে।মামলা স্থানান্তরের আবেদনের শুনানির পর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি হয়। আবদুর রাজ্জাক এ শুনানিতে বলেন, গোলাম আযমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, কিন্তু ষড়যন্ত্রের ফলে মানবতাবিরোধী কোন অপরাধ সংঘটিত হয়েছে, তা উল্লেখ করা হয়নি। টিক্কা খান, মাওলানা মওদূদীর সঙ্গে তিনি দেখা করায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দেখা করা কি অপরাধ হতে পারে? দেখা করে তিনি কী বলেছেন বা এর ফলে কী হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে হবে। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ গঠন করা হয়েছে তা অস্পষ্ট।এরপর জেয়াদ-আল-মালুম বলেন, আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদনে যে যুক্তি দিয়েছিলেন, হুবহু একই যুক্তি পুনর্বিবেচনার আবেদনেও দিয়েছেন। এ সময় আবদুর রাজ্জাক বলেন, ‘আমার বন্ধু হয়তো রিভিউ শব্দটির মানে বুঝতে ব্যর্থ হয়েছেন।’পরে এ আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের জবাব ও আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।