বেইজিংয়ের বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ে বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর হিসাব বলছে, আজ শনিবারের দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত বিপত্সীমাকে ছাড়িয়ে গেছে।বিবিসি জানায়, চীনে কয়লার ধুলা এবং গাড়ির ধোঁয়া বায়ুদূষণের প্রধান দুটি কারণ। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে অনেক শহরে বাতাসের গুণগত মান নষ্ট হয়েছে।কয়েক দিন ধরে বেইজিং ধোঁয়া ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। আজ শনিবার বিকেলে শহরের প্রাণকেন্দ্রে কয়েক মিটার দূরে আর কোনো কিছু দেখা যাচ্ছিল না। এ দূরত্বের বাইরে সবকিছু যেন ধূসরতায় হারিয়ে যাচ্ছিল।বায়ুদূষণের জন্য দায়ী এতে কিছু অতিক্ষুদ্র কণার উপস্থিতি। এ উপাদানকে বলা হয় পার্টিকুলেট ম্যাটার ২.৫ (পিএম২.৫)। ডব্লিউএইচওর নির্দেশনা বলছে, প্রতি ঘনমিটার বাতাসে এর উপস্থিতি ২৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া অনুচিত। উপস্থিতি ১০০ মাইক্রোগ্রামের বেশি হলে বাতাস অস্বাস্থ্যকর হয়ে যায়। উপস্থিতি ৩০০ মাইক্রোগ্রাম হলে, শিশু ও বয়স্ক লোকজনদের ঘরের বাইরে যাওয়া ঠিক নয়। এক আনুষ্ঠানিক পর্যবেক্ষণকেন্দ্র জানিয়েছে, আজ বেইজিংয়ের এক ঘনমিটার বাতাসে পিএম২.৫ এর উপস্থিতি ছিল ৪০০ মাইক্রোগ্রামের বেশি। তবে মার্কিন দূতাবাসে অনানুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত আরেকটি পর্যবেক্ষণকেন্দ্র বলেছে, ওই মাত্রা ছিল ৮০০। এ উপাদান দেহে প্রবেশ করলে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা তৈরি হতে পারে। এ ছাড়া এতে ফুসফুসের ক্যানসার ও হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে।চীনা কর্তৃপক্ষ গত বছর দেশটির বায়ুদূষণের তথ্য প্রকাশ না করতে মার্কিন দূতাবাসকে হুঁশিয়ার করে দিয়েছিল। তবে দূতাবাস জানিয়েছিল, ওই তথ্য প্রচারের উদ্দেশ্য ছিল নিজেদের কর্মীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। পুরো দেশে ছড়িয়ে দেওয়া নয়।