বেইজিংয়ে হাসিনা-জিয়াবাও শীর্ষ বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে বসছেন। বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় ছাড়াও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় প্রাধান্য পাবে। পাঁচ দিনের সফরে শেখ হাসিনা গতকাল বুধবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শীর্ষ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেশের সড়ক ও রেল যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা চাওয়া হবে। এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রকল্প উল্লেখ করে অর্থায়নের অনুরোধ জানানো হবে। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাজীরটেক সেতু, দ্বিতীয় মেঘনা সেতু, দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু, লেবুখালী সেতু, যমুনা নদীতে রেল সেতু, দোহাজারী থেকে গুনদুম পর্যন্ত রেললাইন স্থাপন। এ ছাড়াও রয়েছে চীনের সহায়তায় একটি ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠার প্রস্তাব। চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সড়ক এবং রেল যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় জোরালোভাবে উপস্থাপন করা হবে বলে কর্মকর্তারা জানান। এ ছাড়া অতীতে চীন যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছিল, সেগুলোতে আর্থিক সহায়তা চাওয়া হবে। চীন বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের স্থায়ী প্রদর্শনী কেন্দ্র, জেলা শহর ও উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছিল। যোগাযোগ স্যাটেলাইট স্থাপনেও চীনের সহযোগিতা চাওয়া হতে পারে। এদিকে বাণিজ্য--বৈষম্য দূর করার অংশ হিসেবে আরও বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও বিনিয়োগের অনুরোধ জানানো হবে।দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক শেষে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শাহজালাল সার কারখানা স্থাপন ও সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের লক্ষ্যে তিনটি চুক্তি সই হবে।