বেইলি রোডের ক্যাপিটাল ইফতারি বাজারে পা ফেলার জো নেই। ইফতারের তখনো চার ঘণ্টা বাকি। তবুও বৃষ্টিতে ভিজতে ভিজতে বেইলি রোডে এসেছেন ভোজনরসিকেরা। রসনা বিলাসের জন্য খ্যাতি যে বাঙালি জাতির, তারা সংযমের পরীক্ষায়ও যেন উত্তীর্ণ। এই দোকানকে ঘিয়ে ভাজা পরোটা আর মাংসের নানা পদের ম-ম গন্ধ কল্পনাপ্রবণ মানুষকে চোখের পলকে পৌঁছে দেবে কোনো বাদশাহি ভোজন উৎসবে। দোকানি শামসুল হকের দাবি, এই এলাকায় সবচেয়ে পুরোনো ও বৈচিত্র্যপূর্ণ খাবার কেবল তাঁরাই বিক্রি করে থাকেন। সে জন্যই এই দোকানে এত ভিড়। কথার সত্যতা পাওয়া গেল। হালিম, তিন রকম পরোটা, কলিজা ভুনা, গরু বা খাসির চাপ, গরুর কিমা, মুরগির রোস্ট, খাসির পায়ের রোস্ট, বোম্বে চানা মসল্লা, নানা পদের কাবাব, লাড্ডু, পুডিং, ফালুদা, জিলাপি—কী নেই এই দোকানে। খাবারের দাম বেশ চড়া, তবু দেদার বিক্রি চলছে। এম আর হায়দার নামের এক ব্যবসায়ী সেই চকবাজার থেকে বেইলি রোডে এসেছেন ইফতারি কিনতে। চকে ইফতারসামগ্রীর এমন রাজকীয় আয়োজন থাকতে বেইলি রোডে কেন, এমন প্রশ্নে তিনি জানালেন, পত্রপত্রিকা ও টিভি মারফত এই বাজারের নাম শুনেছেন, একটু চেখে দেখতে চান খাবারটা কেমন। বাসাবো থেকে এসেছেন মুকুল আহমেদ। তাঁর এলাকায় এত বাহারি খাবারের আয়োজন নেই বলেই এত দূর আসা। কিন্তু ক্রেতাদের অনেকের মনেই বেশ অসন্তোষ। গত বছরের তুলনায় ইফতারসামগ্রীর দাম এবার বেশ চড়া। ফকিরাপুলের ব্যবসায়ী মো. ওয়াজেদ কিছুটা রাগত স্বরেই বললেন, ছোট্ট এক প্যাকেট ফালুদার দাম কী করে ২০০ টাকা হয়, তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না।প্রায় সব খাবারের দামই আকাশচুম্বী। হালিম ২০০ থেকে ৪০০ টাকা, একটি পরোটা প্রকারভেদে ১৫ থেকে ৪০ টাকা, এক কেজি কলিজা ভুনা ৫০০ টাকা, গরুর চাপ ৪০০ টাকা, মুরগির ঝাল ফ্রাই ৫০০ টাকা।বিক্রেতারাও দাম বাড়ানোর কথা স্বীকার করে নিয়েছেন। মো. ইমরান খান নামের এক বিক্রেতা জানান, কোনো কোনো খাবারের দাম গত বছরের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। জিনিসপত্রের দাম বাড়ায় তাঁরা বাধ্য হয়ে খাবারের দাম বাড়িয়েছেন বলে ইমরান জানান। কথা বলে জানা গেল, ২৫ বছর ধরে এই এলাকায় তাঁরা ইফতারি বিক্রি করে আসছেন। ক্যাপিটাল ইফতারির বাজারের উল্টো দিকে স্কাইলার্কও ইফতারির পসরা সাজিয়ে বসেছিল। বিক্রেতা মো. ইয়াসীন অবশ্য বললেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রেতাদের রুচি ও চাহিদার পরিবর্তন হচ্ছে। প্রায় এক যুগ ধরে তিনি এ এলাকায় ব্যবসা করছেন, কিন্তু দইবড়া বা দইবুন্দিয়ার মতো খাবারগুলো খুব সাম্প্রতিক সংযোজন। এই খাবারগুলো তাঁর ভাষায় ‘ডিসপ্লে’তে দিতে না-দিতেই শেষ হয়ে যায়। কথা বলে জানা গেল, বেইলি রোডে একেকটি দোকান একেক ধরনের খাবারের জন্য বিখ্যাত। যেমন পাল্কি কনফেকশনারি। এই দোকানে ক্রেতাদের ভিড় ক্যালকাটা বাদশাহি রোল কেনার জন্য। এই রোলের বিশেষত্ব কী জানতে চাইলে দোকানি মো. মঞ্জুরুল ইসলাম জানান, পরোটার ভেতর গরুর মাংস, সবজি, ক্যাপসিকাম ইত্যাদি ভরে দিয়ে শরমার মতো একটা খাবার তৈরি হয়। তাঁদের কারিগর কলকাতায় গিয়ে খাবারটা বানানোর প্রশিক্ষণ নিয়ে এসেছেন। যাঁরা তেল, ঝাল খেতে চান না, তাঁদের জন্যও বেইলি রোডে আছে বিকল্প খাবার। বেইলি পিঠাঘরে প্রচুর পিঠা বিক্রি হচ্ছে। ক্ষীরকুলি, পাটিসাপটা, চাঁদ পাকন, সরভাজা ও আরও নানা পদের পিঠা সাজানো আছে এখানে। ক্রেতারা কিনে ও বিক্রেতারা বিক্রি করে বেশ খুশি।