বেইলি রোডে শত পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরিয়ে গেল পবিত্র মাহে রমজানের তিন দিন। আহার, নিদ্রাসহ জীবনযাত্রার পরিবর্তিত নিয়মের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন রোজাদারেরা। দিনে পানাহারে বিরত থাকার সঙ্গে কথাবার্তা এবং আচার-আচরণে সংযমের মধ্য দিয়ে তাঁরা রয়েছেন আত্মশুদ্ধির সাধনায় নিমগ্ন।সারা দিন রোজা রাখার পর সবাই চেষ্টা করে থাকেন সাধ্যমতো উপাদেয় খাদ্য ও পানীয় দিয়ে ইফতার করতে। অনেকে ঘরেই তৈরি করে থাকেন নানা পদ। আবার অনেকে পছন্দ করেন দোকানের খাবার। তাতে স্বাদে ভিন্নতার সংযোগ ঘটে। ঢাকায় এখন হরেক রকমের ইফতারির আয়োজন থাকে খাবার দোকানগুলোতে। শুক্রবারের মতো একেবারে নিরিবিলি না হলেও গতকাল শনিবার ছুটির দিনে পথে যানবাহনের ভিড়ভাট্টা কিছুটা কম ছিল। ফলে যাঁরা বাইরের কেনা খাবারে ইফতারির পরিকল্পনা করেছিলেন, তাঁরা বেশ স্বস্তিতেই পছন্দের দোকানে গিয়ে কেনাকাটা করতে পেরেছেন।পুরান ঢাকার ইফতারির ঐতিহ্য দীর্ঘকালের। তবে ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করেই ঢাকার বিভিন্ন এলাকায় এখন পুরান ঢাকার অনেক খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের বিক্রয়কেন্দ্র খুলেছে। এসব বিক্রয়কেন্দ্র থেকে ক্রেতারা তাদের পছন্দের খাবারগুলো কেনাকাটা করেন। এ ক্ষেত্রে বেইলি রোডের ইফতারির দোকানগুলো বেশ কয়েক বছর থেকেই ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। রমজানের শুরু থেকেই এসব দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।গতকাল বিকেলে বেইলি রোডের ক্যাপিটাল কনফেকশনারির ইফতারি বাজারে গিয়ে দেখা গেল ক্রেতাদের প্রচুর ভিড়। এখানে এবার ঝাল-মিষ্টি মিলিয়ে প্রায় ১০০ উপকরণের সম্ভার রয়েছে। বিখ্যাত সুতি কাবাব ৬০০ টাকা কেজি। রেশমি কাবাব প্রতিটি ১০০ টাকা, বঁটি কাবাব ৮০ টাকা। খাসির আস্ত পা রোস্ট ৩৫০ টাকা, মুরগি গ্রিল ৩০০ ও রোস্ট ২৫০ টাকা। গরুর চাপ ৫০০ ও মুরগির ঝাল ফ্রাই ৬০০ টাকা কেজি। এদের পরোটার খ্যাতি রয়েছে। কিমা পরোটা ৬০ টাকা এবং টানা পরোটার দাম প্রতিটি ২০ টাকা। মিষ্টির মধ্যে জিলাপির কেজি মোটা ২৫০ টাকা ও সরু ২০০ টাকা। এ ছাড়া সাসলিক, শর্মা, স্প্রিং রোল, সবজিবড়া তো আছেই। মিষ্টির মধ্যে মিলছে ডিমের হালুয়া, পুডিং, মালপোয়াসহ হরেক উপকরণ। প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শরফুদ্দিন জানান, এবার তাঁরা কোনো উপকরণের দাম বাড়াননি। তবে ইফতারির উপকরণের ওপর ভ্যাট আরোপ করায় ক্রেতাদের বাড়তি খরচ হচ্ছে। বেইলি রোডের স্কাইলার্কের ইফতারির সম্ভারে রয়েছে চিকেন উইং, প্রণবল, জয়পুরি জিলাপি, ফালুদা, ফিরনিসহ বিভিন্ন উপকরণ। কেক-পেস্ট্রি এসব চাইলে পাওয়া যাবে সুইসের বিক্রয়কেন্দ্রে।এ ছাড়া এ এলাকার ফখরুদ্দীনের ইফতারির রয়েছে বিশেষ খ্যাতি। গতকাল গুলশান থেকে সপরিবারে ফখরুদ্দীনের ইফতারি কিনতে এসেছিলেন ব্যবসায়ী মামুনুর রহমান। তিনি কিনেছেন হালিম ও জর্দা। বললেন, এদের খাবারের একটা বিশেষ স্বাদ আছে, সে কারণেই এখানে আসা। এখানে খাসির হালিম বাটি ৫০০ ও ৩০০ টাকা, মুরগির হালিম ৬০০ ও ৩০০ টাকা। এ ছাড়া আছে মুঠিয়া কাবাব, জালি কাবাব ও শিক কাবাব। খাসির কাচ্চি বিরিয়ানির বাক্স ২৩০ টাকা এবং গরুর তেহারি ১৭০ টাকা। প্রতিষ্ঠানের পক্ষে আলহাজ মোহাম্মাদ রফিক জানালেন, এবার তাঁরা নতুন তৈরি করেছেন শাহি টুকরা নামের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একধরনের মিষ্টি। চারটি টুকরার একটি প্যাকেটের দাম ২০০ টাকা। গতকাল মহানগরের কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টিও হয়েছিল দুপরে। বিকেলের আবহাওয়াও ছিল বেশ কোমল। দিনের শেষটা স্বস্তিতেই কাটে রোজাদারদের।