বেইলি সেতু ভেঙে কিশোরগঞ্জের সঙ্গে অন্য অঞ্চলের যান চলাচল বন্ধ
অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের ভারে আজ সোমবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরবের মিরারচর এলাকার বেইলি সেতুটি ভেঙে গেছে। বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ময়মনসিংহ-চট্টগ্রাম, ময়মনসিংহ-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়ক পথে কিশোরগঞ্জের সঙ্গে অন্য অঞ্চলের যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের উভয় পাশে দেখা দিয়েছে চার কিলোমিটারেরও বেশি যানযট। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।ভৈরবে সড়ক ও জনপদের প্রকৌশলী অহিদুজ্জামান জানান, এই সেতুর ওপর দিয়ে পাঁচ টনের বেশি পণ্য পরিবহনের অনুমতি নেই। সেতুর সামনে এ সংক্রান্ত একটি নোটিশও টানানো আছে। তিনি দাবি করেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি ৩০ টনেরও বেশি পণ্য পরিবহন করছিল। এর ফলে অতিরিক্ত ভারে সেতুর একপাশ ভেঙে গেছে। ট্রাকটি সেতুর ওপর ঝুলে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উদ্ধার তত্পরতা ধীরগতিতে চলছে। আজ গভীর রাত বা কাল ভোরের আগে যান চলাচল স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলে তিনি জানান।ভৈরব থানার পুলিশ ট্রাকটির চালককে আটক করেছে।