বেকহ্যামের জাদুকরী কর্নার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রি-কিক থেকে দুর্দান্ত সব গোল করার জন্য বরাবরই সুখ্যাতি কুড়িয়েছিলেন ডেভিড বেকহ্যাম। সম্প্রতি আমেরিকান লিগে এলএ গ্যালাক্সির জার্সি গায়ে কর্নার কিক থেকেও জাদুকরী এক গোল করে আলোচনায় এসেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ইসিদ্রো মেটাপানের বিপক্ষে প্রথমার্ধের শেষ মুহূর্তে বেকহ্যামের নেওয়া কর্নার কিকটি সরাসরিই ঢুকে যায় প্রতিপক্ষের জালে।কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইসিদ্রো মেটাপানের বিপক্ষে বেকহ্যামের দল এলএ গ্যালাক্সি এগিয়ে ছিল ২-১ গোলে। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে দর্শকেরা উপভোগ করেন বেকহ্যামের এই জাদুকরী কর্নার কিকটি। ইংল্যান্ডের তারকা এই মিডফিল্ডারের নেওয়া বাঁকানো শটটি যেন হতবিহ্বল করে দিয়েছিল প্রতিপক্ষের গোলরক্ষক ফিদেল মন্ড্রাগনকে। বলটি আটকানোর সর্বাত্মক চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁর হাতে লেগে বল জড়িয়ে যায় জালে। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে এলএ গ্যালাক্সি। পরে ম্যাচটা বেকহ্যামরা জিতে নিয়েছিলেন ৫-২ গোলের বড় ব্যবধানে।কর্নার থেকে সরাসরি গোল করার কীর্তি অবশ্য বেকহ্যাম এর আগেও করেছিলেন। এলএ গ্যালাক্সির জার্সি গায়েই গত বছর এমনটা করেছিলেন ডেভিড বেকহ্যাম।— ইয়াহু নিউজ