বেকারত্ব নিয়ে বেকায়দায় ওবামা
৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসের কর্তৃত্ব লাভের ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে কর্মসংস্থান। বেকারত্ব সমস্যার গ্লানি থেকে প্রেসিডেন্ট বারাক ওবামা যাওবা একটু একটু করে উতরে যাচ্ছিলেন, কিন্তু হালের পরিস্থিতি বলছে অন্য কথা। রয়টার্সের চালানো এক জরিপের ফলাফল বলছে, সেপ্টেম্বরের অনুপাতে অক্টোবরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান আশানুরূপ বাড়েনি, বরং কমেছে। মাত্র চার দিন পর অনুষ্ঠেয় নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের ওপর চালানো ওই জরিপের ফলাফল অনুযায়ী, অক্টোবরে নিয়োগকর্তাদের বেতনের খাতায় এক লাখ ২৫ হাজার কর্মীর নাম তালিকাভুক্ত হওয়ার কথা। সেপ্টেম্বরে তালিকাভুক্ত হয়েছিলেন এক লাখ ১৪ হাজার কর্মী। বেকারত্বের হার কমানোর ক্ষেত্রে অক্টোবরের ওই সংখ্যক কর্মীর তালিকাভুক্তির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বাস্তবে সে লক্ষ্য পূরণ হয়নি। এতে প্রত্যাশা অনুযায়ী বেকারত্বের হার না কমে বরং বেড়েছে। সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার কমে ৭ দশমিক ৮ শতাংশে নেমে আসে। এটি ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে বেকারত্বের সর্বনিম্ন হার।ওই সময় বেকারত্বের হার কমায় ডেমোক্র্যাট প্রার্থী ওবামা বিষয়টিকে নির্বাচনী প্রচারাভিযানে ইতিবাচক বলে তুলে ধরছেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক সভায় তিনি বলেন, ‘আজ আমি দাবি করছি যে আমরা আবার সঠিক পথেই আগাচ্ছি।’ওবামা বলেন, ‘বেকারত্বের হার কমার মানে হলো আমাদের দেশটি ঘুরে দাঁড়াচ্ছে।’অন্যদিকে ওবামার প্রতিদ্বন্দ্বী মিট রমনি বলেন, ‘বেকারত্বের হার ৭ দশমিক ৮ শতাংশে নেমে আসাটা কিন্তু সত্যিকার অর্থে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এমন নয়।’শ্রম মন্ত্রণালয় গভীরভাবে এ জরিপ প্রতিবেদন পর্যবেক্ষণ করছে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এটি প্রকাশ করা হয়। এটি আগামী মঙ্গলবারের নির্বাচনের আগে বড় ধরনের শেষ ফলাফল প্রতিবেদন বলে মনে করা হচ্ছে। অর্থনীতিবিদদের তথ্যমতে, গত অক্টোবর মাস নিয়ে আট মাস কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে মন্দাভাব রয়েছে। এ অবস্থা সহজ মুদ্রানীতিকে বজায় রাখতে ফেডারেল রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করবে। নিউইয়র্কে টিডি সিকিউরিটিসের অর্থনীতিবিদ মিলান মুলরেইন বলেন, চলতি বছরের শেষ দিকে সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে মন্দার ভাব বেড়েছে।